
সোনালি ঝোলে আধ-ডুবন্ত ইলিশের পেটি। কাঁকন মনে মনে শতবার ধন্যবাদ দেয় মামিকে! মামা এসেছিলেন তাকে দেখতে, সঙ্গের টিফিন ক্যারিয়ারে ছিল মামির রান্না সরষে ইলিশ। আয়েশ করে রসিয়ে রসিয়ে খাচ্ছিল কাঁকন। পার্সের ভেতরে থাকা মুঠোফোনটার ভাইব্রেশন টের পেয়ে ধড়মড় করে একদলা ভাত মুখে পুরে ফোনটা বের করল! কল এসেছে ৭৮৮ থেকে! দূর! ঢোঁক গিলতে গিয়ে টের পায় তাড়াহুড়ো করে শেষ গ্রাসটা গিলতে গিয়ে গলায় কাঁটা বিঁধেছে। ‘ভাত, ভাত’, বলে চেঁচাতে থাকে কাঁকন। খাওয়া বাদ দিয়ে ডাইনিং রুমের প্রায় সবাই ওর দিকে তাকিয়ে থাকে কী হয়েছে বোঝার জন্য। খাবারঘরে কাজ করে যে ছেলেগুলো, তাদেরই একজন এক থালা ভাত এনে রাখে সামনে। মুঠি মুঠি শুকনো ভাত গিলে যায়, কিন্তু কাঁটা সরার কোনো লক্ষণ নেই। কী যন্ত্রণারে বাবা! কাল থেকে তার পরীক্ষা শুরু। একটু মন দিয়ে পড়ার উপায় নেই! মূর্তিমান অস্বস্তিরূপে কাঁটা তাকে জ্বালিয়েই যায়। প্রেমিক রাতুলকে কল দেয়। রাতুল বলল, ‘ও আর এমন কী, গলায় আঙুল দিয়ে বমি করার চেষ্টা করো, সুরুৎ করে বেরিয়ে যাবে কাঁটা।’ মা বললেন, ‘হোমিওপ্যাথি খেয়ে নিস, কাঁটা গলে পানি হয়ে যাবে।’ রুমমেটরা বলল, ‘অধৈর্য হয়ো না। কাল সকালে ঘুম থেকে উঠে দেখবে কাঁটা চলে গেছে। আর না গেলে হাসপাতালে গিয়ে তুলে এনো।’ খচখচে মন নিয়ে ঘুমাতে যায় কাঁকন। ঘুম থেকে উঠেই একবার ঢোঁক গেলে কাঁটার অবস্থান পরখ করতে। এবং হ্যাঁ, তিনি একেবারে শেকড় গেড়ে বসেছেন। পরীক্ষা দিতে দিতেও কাঁকন বার কয়েক ঢোঁক গেলে কাঁটার অবস্থান বোঝার জন্য। পরীক্ষা শেষে এক বান্ধবীকে পাকড়াও করে। মুখটাকে যথাসম্ভব করুণ করে বলে, ‘আহ্! কাঁটার যন্ত্রণায় বড় কষ্ট পাচ্ছি। যাবি একটু আমার সঙ্গে ডাক্তারের কাছে?’ এমন করুণ মুখের সামনে না বলা অসম্ভব। দুই বন্ধুতে মিলে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেল। ডাক্তার এক শিশি সাদা দানা ধরিয়ে দিয়ে প্রেসক্রিপশনে লিখলেন, ‘যত দিন না কাঁটা চলিয়া যায়, তিন বেলা সেবন করিবেন।’ কাঁটাটার একটা গতি করতে পেরে কাঁকন যারপরনাই খুশি হয়। দুই দিন চলে যায়। এদিকে এখনো কাঁটাকে স্থানচ্যুত করতে না পেরে কাঁকন চিন্তিত। রাতুল হেসে উড়িয়ে দেয়, ‘হা হা হা, সামান্য কাঁটা নিয়ে তুমি দুশ্চিন্তা করো, হা হা হা!’ কাঁটা নিয়ে শেষমেশ ফেসবুকে একটা স্ট্যাটাসও দেয় কাঁকন। ‘কাঁটাকে অবহেলা করিস না। আমার এক আত্মীয়ের গলায় কই মাছের কাঁটা আটকেছিল। সেখান থেকে ক্যানসারে গড়িয়েছে। তাড়াতাড়ি ডাক্তার দেখা।’ স্ট্যাটাসে এক বন্ধুর এই কমেন্ট পড়ে কাঁকনের হূৎ স্পন্দন বেড়ে যায়। ক্যানসার! বিয়েশাদি-বাচ্চাকাচ্চা কিছু না হতেই মৃত্যু! মনে পড়ে, এক বন্ধু একবার হাত দেখে বলেছিল, ‘হাতে বিবাহরেখা নেই। বিয়ে হবে না!’ কেমন মিলে গেল! অল্প বয়সে ক্যানসারে মৃত্যু হলে তো আর বিয়ের প্রশ্ন ওঠে না! রাতুলকে কল দিয়ে কাঁকন অনেকক্ষণ কিছু বলতে পারে না। ফুঁপিয়ে কেঁদে যায়। অনেক কষ্টে কান্না থামিয়ে বলে, ‘তোমরা কেউ আমাকে ভালোবাসো না। কেয়ার করো না! কাঁটাটাকে কেউ পাত্তা দেওনি। চেতনা বলল, কাঁটা থেকে নাকি ক্যানসার হয়।’ কাঁকন আবার কান্নায় ভেঙে পড়ে। রাতুল এবার চুপ মেরে যায়। কাঁকনের কান্নার বেগ থামলে বলে, ‘ক্যানসার হতে তো অন্তত কয়েক বছর লাগে। এই তিন-চার দিনে কিচ্ছু হবে না। আচ্ছা, কাল আমরা মেডিকেলে যাব।’
ডাক্তার তাঁর যন্ত্রপাতি দিয়ে যতবারই কাঁকনের গলার ভেতরটা দেখতে যান, ততবারই সে গলাকাটা মুরগির মতো তড়পাতে থাকে। বিরক্ত ডাক্তার এবার বলেন, ‘বারবার ঢোঁক গিলে কাঁটাটাকে নাড়িয়ে-চাড়িয়ে একেবারে ঘা বানিয়ে ফেলেছেন। যান, এই ওষুধগুলো খান।’ চার রকম ওষুধ দিয়েছেন ডাক্তার। ‘ঠিকমতো না দেখে ঘচাঘচ লিখে দিল একগাদা ওষুধ! আমি এসব খাই আর কিডনি ফুটো হয়ে মরি!’ বলে কাঁকন। অগত্যা পরদিন আবার ওকে নিয়ে পিজিতে গেল রাতুল। এই ডাক্তার শুধুই গার্গল করার ওষুধ দিলেন, আর কিছুই না! কেটে গেল পাঁচটা দিন। নাহ্! বজ্জাত কাঁটা তবু সরে না! মা এবার দিলেন আরেক দুঃসংবাদ, ‘কাঁটাটা বোধ হয় তোর টনসিলেই ঢুকেছে। তাই বেরোচ্ছে না। আমার এক ডাক্তার বান্ধবী বলল, কাঁটাটা পচে গিয়ে টনসিলে ইনফেকশন হতে পারে।’ ‘অ্যাঁ! তার মানে টনসিল অপারেশন!’ আঁতকে ওঠে কাঁকন। মায়ের সঙ্গে কথা শেষ করে বারবার ঢোঁক গেলে। কিন্তু কী আশ্চর্য, কাঁটার অস্তিত্ব আর টের পায় না! স্বস্তির নিঃশ্বাস ফেলে। বুক থেকে পাষাণভার নেমে গেল! উৎ ফুল্ল মনে খাবারঘরে যায় সে। ডাল ভুনায় বড়সড় একটা কাঁচা মরিচ। নখ দিয়ে সেটাকে ভর্তা করতে গিয়ে হঠাৎ মরিচের বিচি ছিটকে আসে ওর চোখে। আর সঙ্গে সঙ্গে চিৎ কার, ‘অন্ধ হয়ে গেলাম গো! পানি, পানি, ঠান্ডা পানি!’
রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়