কাঁটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাত্ ঘুম ভেঙে গেল মজিদের। এখনো ভোর হয়নি। বহু কষ্টে মাঝরাতের দিকে ঘুম এসেছিল বেচারার। পাশেই ঘুমিয়ে আছে মজিদের স্ত্রী জরিনা। টিনের চালের ফাঁক দিয়ে আসা এক টুকরো নরম আলোয় কী অপূর্ব মায়াবি লাগছে জরিনার মুখ! মজিদ মন্ত্রমুগ্ধের মতো পলকহীন চোখে তাকিয়ে আছে পবিত্র মুখটার দিকে। কিন্তু আবার তার মনে পড়ে গেল সেই দুঃসহ কথাগুলো, মুহূর্তের মধ্যে প্রচণ্ড কষ্টে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তার।দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিল মজিদ, না! এভাবে সবকিছু শেষ হয়ে যেতে পারে না। তাকে একটা কিছু করতেই হবে। সে একটা ঘোরের মধ্যে মুখে গামছা পেঁচিয়ে বাইরে বেরিয়ে এল। আধখানা চাঁদের জোছনায় বাইরে তখন এক মায়াময় পরিবেশ। দ্রুতপায়ে গ্রামের পথ ধরল মজিদ। জরিনার জন্য মজিদের অনেক মায়া; কিন্তু তার জন্য সে কিছুই করতে পারে না। জরিনার গয়নার প্রতি খুব শখ ছিল, কিন্তু বিয়ের পর মজিদ তাকে কিছুই দিতে পারেনি। একদিন রাতে মজিদ একজোড়া স্বর্ণের ঝুমুরওয়ালা কানের দুল এনে বলেছিল, ‘বউ, চউক্ষু দুইডা একটু বন্ধ করো তো দেখি!’ জরিনা কিছুটা বিস্মিত হয়েই চোখ বন্ধ করেছিল। মজিদ তখন দুল দুটি জরিনার দুই কানে পরিয়ে দিয়ে বিয়ের সময় পাওয়া একমাত্র আয়নাটা তার মুখের সামনে ধরে বলেছিল, ‘এইবার চউক্ষু খুল।’ জরিনার সেদিনের মুখচ্ছবি আজও মজিদের মনে আছে, সারা জীবন থাকবে। মজিদ তার এই জীবনে কাউকে এতটা খুশি হতে দেখেনি। বেচারি জরিনা সেদিন সারাটা রাত মজিদের বুকে মাথা রেখে আনন্দে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছিল। পরদিন সারা গ্রামে খবর ছড়িয়ে পড়ল, মেম্বারের স্ত্রীর দামি কানের দুল চুরি গেছে। বহু রাতে বাড়ি ফিরে মজিদ দেখে, তার স্ত্রী কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। মজিদের হাত দুটি মাথায় রেখে জরিনা বলেছিল, ‘আপনে আমার মাথা ছুঁইয়া কিরা করেন, আপনে আর কোনো দিন চুরি করবেন না। যদি আপনে আর কোনো দিন চুরি করেন, তাইলে আমি আপনারে ছাইড়া চিরদিনের লাগি চইল্যা যামু।’ কথাগুলো শেষ করেই জরিনা প্রচণ্ড কান্নায় ভেঙে পড়েছিল। স্ত্রীর কান্না দেখে সেদিন মজিদের চোখেও পানি চলে এসেছিল। হ্যাঁ, মজিদ সত্যিই সেদিন শপথ করেছিল। তারপর এক বছর হয়ে গেছে সে আর কোনো চুরি করেনি। তাহলে কেন জরিনা তাকে ছেড়ে চলে যাচ্ছে? মজিদের চিত্কার করে বলতে ইচ্ছে করছে, ‘হে আল্লাহ! তুমি ক্যান এত নিষ্ঠুর!’জন্মের পর মজিদ কখনো সুখ দেখেনি। দেখেছে শুধু অভাব, কান্না আর হাহাকার। বাবা চোর ছিল বলে কেউ তাকে কাজ দিত না। গালি দিয়ে বলত, ‘চোরের বাচ্চা, চোর।’ দিনের পর দিন না-খেয়ে থাকা, ক্ষুধার জ্বালায় রাতের পর রাত জেগে থাকা, খুব অল্প বয়সেই মজিদ জগতের কঠিন রূপটি দেখেছিল। ক্ষুধার যন্ত্রণায় মজিদ শেষ পর্যন্ত তস্করই হয়ে উঠেছিল এবং এ বিদ্যায় সে তার বাবাকেও ছাড়িয়ে গিয়েছিল। নারকেলগাছ বেয়ে জানালা টপকে মির্জাবাড়িতে ঢোকে মজিদ। তার রক্তে ফিরে এসেছে চিরচেনা পুরোনো উত্তেজনা। শতবর্ষী পুরোনো শালকাঠের তৈরি আলমারির দরজা খোলার সময় তার হাত কেঁপে ওঠে উত্তেজনায়। জামা-কাপড়ের নিচে কাগজে মোড়ানো টাকার দুটি বান্ডিল পেয়ে তার চোখ দুটি আনন্দে চকচক করে ওঠে। জরিনার কথা মনে পড়ে তারা। ঘুরে দাঁড়ায় মজিদ। ঠিক তখনই ছোট মির্জার বজ্রকঠিন হাত দুটি তার কাঁধে এসে পড়ে। এক ঘণ্টা পর জ্ঞান ফিরে আসে মজিদের। সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে। প্রকৃতির অমোঘ নিয়মে শুরু হচ্ছে আরও একটি দিন। মির্জাবাড়ির পেছনে বাঁশবাগানে পড়ে আছে মজিদ। সারা শরীর রক্তমাখা অবশ, কোনো বোধ পাচ্ছে না মজিদ। শুধু মনে হচ্ছে, তার মাথায় কারা যেন আগুন জ্বালিয়ে দিয়েছে, লাল আগুন। ক্ষুব্ধ গ্রামবাসী খেজুরের কাঁটা দিয়ে তার ডান চোখটা উপড়ে ফেলেছে। তীব্র যন্ত্রণার মাঝে মজিদের মনে পড়ল গতকাল বলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সকের কথাগুলো। জরিনার ব্লাড ক্যানসার হয়েছে। অতিদ্রুত তাকে ঢাকায় নিয়ে চিকিত্সা না করালে বাঁচানো যাবে না কিছুতেই। টাকা প্রয়োজন, অনেক টাকা। মজিদ চিত্কার করে বলার চেষ্টা করল, ‘জরিনা, তুমি আমারে ছেড়ে যেয়ো না।’কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। কেবল ঘড়ঘড় শব্দের সঙ্গে রক্ত বের হয়। মজিদ আবারও জ্ঞান হারায়।মৃন্ময় আহসান, ঢাকা।