কাঁঠাল-কলার জমজমাট বাজার
সারি সারি কলার ছড়া। তার পাশে কাঁঠালের স্তূপ। চারদিকে পাকা কাঁঠালের ম-ম গন্ধ। বিকিকিনিও চলছে সমানে। খাগড়াছড়ির বাজারগুলোতে এখন কাঁঠাল আর কলায় ভরপুর। প্রতিদিন এখান থেকে এসব ফল ঢাকা-চট্টগ্রামে যাচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা চষে বেড়াচ্ছেন প্রত্যন্ত এলাকার বাজারও।চাষিরা জানান, কাঁঠাল সবে পাকা শুরু হয়েছে। দুই-তিন সপ্তাহের মধ্যে কাঁঠালে সয়লাব হয়ে যাবে বাজার। তবে আগাম আনতে পারলে লাভ একটু বেশি। তাই অনেকে পাকার আগেই কাঁঠাল নিয়ে এসেছেন। কারণ ভরা মৌসুমে দাম কমে যায়। গত বৃহস্পতিবার খাগড়াছড়ি বাজার ঘুরে দেখা যায়, চাষিরা কাঁঠালের স্তূপ নিয়ে বসে আছেন বিক্রির অপেক্ষায়। এসব স্তূপে ১০ থেকে ৪০টি পর্যন্ত কাঁঠাল রয়েছে। পাইকারেরা দরদাম করে কিনছেন।খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের নয় মাইল এলাকার কৃষক প্রমোদ ত্রিপুরা মাঝারি আকারের ১৩টি কাঁঠাল নিয়ে এসেছেন। তিনি এই কাঁঠালের দাম চান ৮০০ টাকা। পরে ৭০০ টাকায় বিক্রি করে দেন। সদরের গিরিফুল এলাকার তপন চাকমা তিনি ৩৯টি ছোট ও বড় আকারের কাঁঠাল নিয়ে এসেছেন। তিনি এর দাম চাচ্ছিলেন তিন হাজার টাকা।পাইকারি ব্যবসায়ীরা জানান, চাষিরা এখনো দাম ধরে রাখছেন। আর কয়েক দিন পর দাম অর্ধেক যাবে। তার পরও শহরের বিভিন্ন স্থানে চাহিদা থাকায় কিনে নিয়ে যাচ্ছেন তাঁরা।এদিকে, কলাও আসছে প্রচুর। শীতকালের চেয়ে গ্রীষ্মের কলা আকারে বড় হয় বলে কলার চাহিদা অন্যান্য সময়ের চেয়ে বেশি, জানান চাষিরা। খাগড়াছড়ি সদরের চম্পাঘাট এলাকার চাষি কৃষ্ণ চাকমা বলেন, ‘৩৭টি কলার ছড়া নিয়ে এসেছি। দাম দিয়েছি সাড়ে সাত হাজার টাকা। পরে একটু কমিয়ে বিক্রি করে দিয়েছি। এ জন্য অপেক্ষা করতে হয়েছে দুই ঘণ্টা।’নোয়াখালীর পাইকারি ব্যবসায়ী হানিফ মিয়া বলেন, ‘বাজারে কাঁঠাল আসা শুরু হয়েছে। আরও কয়েক দিন পর কাঁঠালে ভরে যাবে। তখন খাগড়াছড়ি বাজার থেকে প্রতি সপ্তাহে কমপক্ষে ১৪ থেকে ১৫ ট্রাক কাঁঠাল সমতলে যায়।’