সম্ভবত ১৯৯৫ সালের ঘটনা। আমাদের বাড়ির পাশের পুকুরের অপর পাড়ে একদিন দুপুরে ঘুরতে ঘুরতে হঠাৎ নাকে চেনা-চেনা মোহনীয় ঘ্রাণ ধরা পড়ল। বুঝতে দেরি হলো না যে তা আসছিল পুকুরপাড়ের একমাত্র কাঁঠালগাছটি থেকে। হিমেলদের এই গাছটিতে অসংখ্য কাঁঠাল ধরে। দেশের দক্ষিণাঞ্চলে কাঁঠালগাছ কম। বিধাতার আশীর্বাদে(!) প্রতি ১০ বছর অন্তর আসা বন্যায় কাঁঠালগাছের বংশ শেষ হয়ে যায়। তবে এ গাছটি ’৮৮ সালের বন্যার পরও অলৌকিকভাবে বেঁচে গেছে। তো কাঁঠালের ঘ্রাণ পেয়ে গাছে উঠে শনাক্ত করলাম একেবারে মগডালের কাঁঠালটি, যেটি কিনা গন্ধ বিলোচ্ছে। কিন্তু এই দিনের বেলা তো নেওয়া যাবে না। অতঃপর গভীর রাতে একপসলা বৃষ্টির পর পড়াশোনা শেষ করে আমি, পল্টন ও ছোট ভাই আশিককে ঘুম থেকে তুলে রওনা দিলাম অভিযানে। সঙ্গে নিলাম একখানা ঘাস কাটার কাঁচি, লম্বা গোছড় (এক প্রকার লম্বা দড়ি, যার এক প্রান্ত গরুর পায়ে বেঁধে অন্য প্রান্ত মাঠের মাটিতে শক্ত শলাকার সঙ্গে বেঁধে দেওয়া হয়) এবং এক বোতল খাঁটি সরিষার তেল। কাঁঠাল ভেঙে খাওয়ার সময় তার আঠা যাতে মুখে-হাতে লেগে সমস্যা করতে না পারে, তার জন্য তেলের ব্যবস্থা। অন্ধকারে অতি সন্তর্পণে এগিয়ে গেলাম। সাহস দেখানোর পুরস্কার হিসেবে আমাকেই গাছে উঠতে হলো। লুঙ্গি ভালো করে কোঁচা দিয়ে কোমরে দড়ি ও মুখে কাঁচি নিয়ে উঠে গেলাম কাঁঠালের কাছে। কাঁঠালের বোঁটা বেশ লম্বা ছিল। নিজের পা দুটিকে গাছের সঙ্গে শক্ত করে আটকে রেখে কাঁঠালের যে অংশ থেকে বোঁটা শুরু হয়েছে, তার ইঞ্চিখানেক ওপরে দড়ি দিয়ে শক্ত করে বাঁধলাম। আর দড়িটি অন্য ডালের ওপর দিয়ে নিচে ছেড়ে দিলাম, যাতে কাঁঠালের বোঁটা কাটার পর নিচ থেকে ওরা দুজন আস্তে আস্তে কাঁঠাল নামাতে পারে। এবার অভিযানের মূল অংশ। না, আমি বোকা কালীদাস নই যে বোঁটার যেখানে দড়ি বেঁধেছি তার নিচে কাটা শুরু করব। আমি বেশ বুদ্ধিসহকারে একেবারে বোঁটার অন্য প্রান্তে, যেখানে বোঁটা গাছের সঙ্গে যুক্ত, সেখানে কাটা শুরু করলাম। সব কাজই গভীর অন্ধকারে হচ্ছে, যেখানে নিজেকেই দেখা যায় না। অন্ধকারে ঠিকমতো চলাফেরা করতে না পারলেও এসব কাজে কিন্তু ভুল হচ্ছে না। মাঝেমধ্যে পুকুরের ওপাড়ে কারও গলার কাশির মতো আওয়াজ শুনে ভয়ে চুপসে, লেপ্টে থাকি গাছের সঙ্গে। ওদের সাবধান করে দিলাম, যেন দড়ি শক্ত করে ধরে রাখে। প্রচণ্ড জোরে কাঁচি চালাতে লাগলাম বোঁটার নির্দিষ্ট স্থানে। কিছুক্ষণ পর মনে হলো বোঁটা একটুও কাটেনি। মনে হলো ভুল করে গাছের কাণ্ড কাটছি না তো! এত সময় লাগার কথা তো নয়। হাত দিয়ে দেখলাম, না, ঠিকই আছে। বুঝলাম, বোঁটা একটু বেশি কাণ্ডসংলগ্ন হওয়ায় বেশি শক্ত। আরও অধিক জোরে সর্বশক্তি দিয়ে কাঁচি চালাতে লাগলাম। ঘাম ছুটে যাচ্ছিল। চূড়ান্ত উত্তেজনা। অন্য চোর দুজন নিচ থেকে খ্যাঁক খ্যাঁক করে উঠল বেশি সময় লাগাচ্ছি বলে। বোঝা গেল, কাঁচিতে মোটেও ধার নেই। তাই আরও জোরে কাঁচি চালাতে লাগলাম। এদিকে শরীরের শক্তিতে কাঁঠাল তখন দুলছে। সরল দোলকের মতো সামনে-পেছনে পাকা কাঁঠাল দুলছে। আমি আরও শক্তিতে কাঁচি চালাচ্ছি, যেন এই মাত্র বোঁটা কেটে ফেলব। কিন্তু হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে কাঁঠালটি তার বোঁটা থেকে খসে নিচে ধপাস করে পড়ে গেল। হাত দিয়ে দেখলাম কাঁচি আছে, দড়ি ঠিকই বোঁটায় বাঁধা আছে, কিন্তু কাঁঠাল নেই। প্রচণ্ড শব্দ হওয়ায় ভয়ে তাড়াতাড়ি কোনোমতে দড়ি খুলে অন্ধকারে কাঁপা কাঁপা পায়ে নিচে নেমে এলাম। কারণ, দড়ি গাছে থাকলে ধরা খাব। নেমে দেব দৌড়। কিন্তু অবাক বিস্ময়ে দেখলাম, পল্টন ও আশিক মাটির ঢালে পড়া চূর্ণ-বিচূর্ণ হয়ে যাওয়া মাটি-বালু মাখানো কাঁঠালের কোষ খাওয়া শুরু করেছে। অন্ধকারে কাঁঠাল না কেঁচো খেয়েছিল, ওরাই জানে। পরদিন সকালে গোপনে সেখানে গিয়ে দেখেছিলাম, অসংখ্য বিচি চারদিকে ছড়ানো।মানস বিশ্বাস শহীদ নাজমুল আহসান হল বাকৃবি, ময়মনসিংহ।