কাঁঠাল-ব্যঞ্জন
পাকা কাঁঠাল খাওয়ার দিন এখনো আসেনি। তবে কাঁচা কাঁঠাল বা ইঁঁচড়ের নানা পদের স্বাদ নেওয়া যায় এখনই। দেখে নিন নাজমা হুদার দেওয়া রান্নাগুলো।কাঁঠালের কাঠি কাবাবউপকরণ: কাঁঠাল সেদ্ধ করে বাটা ১ কাপ, পাউরুটি ২ টুকরা, জিরা ভাজা গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, লেবুর খোসার কুচি ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, ডিম ১টি, বিস্কুটের গুঁড়া সিকি কাপ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য।প্রণালি: সব একসঙ্গে মেখে কাঠির মধ্যে গেঁথে ডুবোতেলে লাল করে ভাজতে হবে। এবার চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন।কাঁঠালের কোপ্তাকারিউপকরণ: কাঁঠাল ২৫০ গ্রাম, বেসন ২ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, মরিচ আধা চা চামচ, চিনি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, নারকেলের দুধ আধা কাপ (ঘন), তেল ভাজার জন্য, ঘি ১ টেবিল চামচ, লবণ আন্দাজমতো, এলাচ ও দারুচিনি গুঁড়া ১ চা চামচ, গোটা জিরা সিকি চা চামচ, মেথিপাতা কুচি ১ চা চামচ, টমেটো টুকরা।প্রণালি: কাঁঠাল সেদ্ধ করে ছেনে এর সঙ্গে বেসন মেশাতে হবে। অর্ধেক পরিমাণ গরম মসলা গুঁড়া ও লবণ একসঙ্গে মেখে কোপ্তা বানিয়ে ডুবোতেলে ভাজতে হবে। এবার কড়াইতে আধা কাপ তেল দিয়ে জিরা ফোড়ন দিতে হবে। এরপর চিনি দিতে হবে। ফেনা উঠে এলে পেঁয়াজ দিয়ে একটু লাল রং ধরলে আদা বাটা দিয়ে নেড়েচেড়ে দিন। টমেটো দিয়ে নরম হয়ে এলে বাকি মসলা ও নারকেল দুধ দিয়ে জ্বাল দিতে হবে। এটি কষিয়ে তেল ওপরে উঠে এলে কোপ্তা ছেড়ে মেথিপাতা ও ১ কাপ পানি দিয়ে ভালো করে জ্বাল দিন। মাখা মাখা হয়ে ওপরে তেল উঠলে নামিয়ে পরিবেশন।কাঁঠালের বিচিতে দেশি মুরগিউপকরণ: কাঁঠালের বিচি ১০০ গ্রাম, দেশি মুরগি ১টি (ছোট), পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, ধনে বাটা আধা চা চামচ, মরিচ বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, এলাচ ২টি, দারুচিনি ২ টুকরা, লবণ স্বাদমতো, সরিষার তেল আধা কাপ।প্রণালি: কাঁঠালের বিচি একটু সেদ্ধ করে রাখতে হবে। এবার মুরগির সঙ্গে সব মসলা মাখিয়ে চুলায় দিয়ে কষাতে হবে। অল্প পানিতে দুবার কষাতে হবে। আবার বিচি দিয়ে কষিয়ে পানি দিতে হবে। মুরগি সেদ্ধ হলে ও তেল ওপরে উঠে এলে নামিয়ে নিতে হবে।ইঁচড় আলুর দমউপকরণ: ইঁচড় টুকরা ১ কাপ, আলু ২০ গ্রাম, টক দই আধা কাপ, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, আদা বাটা ২ চা চামচ, তেল ১ কাপ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, টমেটো ২টি, লবণ স্বাদমতো, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, এলাচ ২টি, দারুচিনি ২ টুকরা, চিনি ১ চা চামচ, ঘি ১ টেবিল চামচ, কাজুবাদাম ও কিশমিশ ১ চা চামচ।প্রণালি: ইঁচড় টুকরা করে কেটে সেদ্ধ করে নিতে হবে। তেলে প্রথমে আলু হালকা বাদামি করে ভেজে কাঁঠাল ভাজতে হবে। এবার তেল একটু কমিয়ে নিয়ে তার মধ্যে এলাচ, দারুচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ দিতে হবে। লালচে রং ধরলে সব মসলা, টমেটো, দই, লবণ দিয়ে কষাতে হবে। এবার ১ কাপ পানি দিয়ে আলু ও ইঁচড় ফোটাতে হবে। কাজু বাদাম, কিশমিশ, চিনি ও ঘি দিয়ে আস্তে আঁচে কিছুক্ষণ রেখে ওপরে তেল এলে নামিয়ে নিতে হবে।