কক্সবাজারের উখিয়া উপজেলায় এবার কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পাওয়ায় চাষিরাও খুশি। প্রতিদিন উখিয়ার হাটবাজার থেকে কাঁঠাল কিনে ব্যবসায়ীরা সরবরাহ দিচ্ছেন কক্সবাজার, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে। দেখা গেছে, উপজেলার রাজাপালং, রত্নাপালং, জালিয়াপালং, পালংখালী, ও হলদিয়াপালং ইউনিয়নের বাগানগুলোতে এখন কাঁঠালে ম ম গন্ধ। প্রতিদিন হাটবাজারে বিক্রির জন্য নিয়ে আসা হচ্ছে প্রচুর কাঁঠাল। উপজেলার ভালুকিয়া গ্রামের কৃষক আবদুল মজিদ (৪৫) জানান, ৩০ শতক জমির বাগান থেকে এ পর্যন্ত তিনি ৪৭ হাজার টাকার কাঁঠাল বিক্রি করেছেন।আরও ২৫ হাজার টাকার বেশি কাঁঠাল গাছে রয়ে গেছে। শিগগির এসব বাজারে নিয়ে আসবেন বিক্রির জন্য।কোটবাজারের কৃষক নবাব মিয়া (৫৫), সোনারপাড়ার দলিলুর রহমান (৪৪) ও পালংখালীর জহিরুল ইসলাম (৩৪) জানান, প্রতিটি কাঁঠাল ৩০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। কম দামে কাঁঠাল পাওয়ায় বিভিন্ন স্থানের ফল ব্যবসায়ীরা এখান থেকে কাঁঠাল কিনে নিয়ে যাচ্ছেন।উখিয়ার দারোগা বাজারে কাঁঠাল কিনতে আসা পটিয়া উপজেলার বাহুলী গ্রামের ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, গত সপ্তাহে চার ট্রাক কাঁঠাল কিনেছি। এখন দুই ট্রাক কিনে চট্টগ্রাম নিয়ে যাচ্ছি। এখানকার কাঁঠাল যেমন মিষ্টি, বিচিও বড়। ফলে সবদিকে লাভ। শহরের লোকজনের মধ্যে এ কাঁঠালের চাহিদা বেশি। উখিয়া উপজেলার কৃষি কর্মকর্তা ইউসুফ ভূঁইয়া জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নে ২৫০ হেক্টর জমিতে কাঁঠাল বাগান রয়েছে। এ বছর কাঁঠালের বাম্পার ফলন হওয়ায় চাষিরা লাভবান হচ্ছেন।