কাঁদলেন আর কাঁদালেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলে আনন্দ দাশের মৃত্যু দিপালীর মুখের হাসি কেড়ে নিয়েছে। পাঁচ দিন ধরে কখনো চাপা কখনো বা অঝোরে কেঁদে চলেছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছে পেয়ে পুত্রশোক যেন আরও বেড়ে গেল। অনুদান নিতে মঞ্চে উঠে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদলেন। পঞ্চম শ্রেণীর ছাত্র সাখাওয়াত হোসেনের মা নাজমা আক্তারের কান্না তো থামেই না আর। নাজমা আক্তার প্রধানমন্ত্রীকে জড়িয়ে দীর্ঘক্ষণ কাঁদতে থাকেন। এক পর্যায়ে এসএসএফের মহিলা সদস্যরা এসে নাজমা আক্তারকে আস্তে আস্তে মঞ্চ থেকে নামতে সাহায্য করেন। এই মায়েদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কেঁদেছেন। সন্তানহারা এসব মায়ের কান্নায় ভারী হয়ে ওঠে শোকসভাটি। স্বজনহারাদের বুকফাটা আর্তনাদে চোখ ছলছল করে উপস্থিত সবার। মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৯ জন ও আহত ১৮ জনের পরিবারের সদস্যরা এসেছিলেন প্রধানমন্ত্রীর হাত থেকে অনুদান নিতে। এর আগে প্রধানমন্ত্রী মিরসরাইয়ের আবুতোরাব উচ্চবিদ্যালয়ে পৌঁছে মঞ্চে না উঠে নিহতদের স্বজনদের কাছে যান কথা বলতে। তাঁদের সঙ্গে কথা বলে তিনি মঞ্চে ওঠেন। তাঁর বক্তৃতাজুড়েও ছিল স্বজন হারানোর ব্যথাবেদনার কথা। প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে মঞ্চ থেকে নেমে গাড়িতে ওঠার পরও এঁদের কারও কারও কান্না তখনো থামেনি। প্রধানমন্ত্রীর বিদায়ের পর আস্তে আস্তে সভাস্থল খালি হতে থাকে। সবাই পা বাড়ায় যার যার গন্তব্যে। কোলাহলশূন্য বাড়ির পথে ছুটে চলেন মায়েরাও। হয়তো কয়েক দিন পর সবাই ভুলে যাবে এই সড়ক দুর্ঘটনার কথা। সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু সন্তানহারা এই মা-বাবারা? তাঁদের কান্না কিংবা হূদয়ের ক্ষরণ কি থামবে কোনো দিন?