কাঁদে বাংলা কাঁদেমাটি
শ্রীলেখা পলাশপুর গ্রামের দরিদ্র হিন্দু পরিবারের পঞ্চদশী কন্যা। কুষ্টি বিচারে কন্যার বিবাহ অনিশ্চিত জেনে শ্রীলেখার বাবা রঘুময়রা ও মা ননীবালার চিন্তার অন্ত নেই অথচ শ্রীলেখা চিরকাল বাবা-মায়ের সঙ্গে থাকতে পারবে জেনে খুশিতে আত্মহারা। কিন্তু হঠাৎ এক অজানা বাঁশির সুর ব্যাকুল করে তোলে শ্রীলেখার মন। কালাতিক্রমে শ্রীলেখা ও বাঁশিওয়ালা জামাল প্রেমে মজে। এভাবেই এগিয়ে যেতে থাকে নরেন আবৃত্তি একাডেমির কাঁদে বাংলা কাঁদে মাটি কাব্যপালার কাহিনি। ২৩ মে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঞ্চায়িত হয় এই কাব্যপালাটি। বিশ্বে ক্রমবর্ধমান হিংসা-বিদ্বেষ আর ভেদাভেদের ফলে মানুষের সবচেয়ে বড় ধর্ম মানবতা আজ পর্যুদস্ত। এই পরম সত্য একটি সরল কাহিনির মাধ্যমে ফুটে উঠেছে পালাটিতে।
কাহিনিচক্রে দেখা যায়, রঘুময়রা ও ননীবালা সানন্দে বাঁশিওয়ালার সঙ্গে মেয়ের বিয়ের আয়োজন করতে গেলে বাধা হয়ে দাঁড়ায় পঞ্চায়েত প্রধান বড় মিয়া। শ্রীলেখার দিকে কু-নজর পড়ে তাঁর। ধর্মের দোহাই দিয়ে শ্রীলেখাকে করে একঘরে আর অন্যদিকে বাঁশিওয়ালাকে করে গ্রামছাড়া। একরাতে ভালোবাসার টানে শ্রীলেখা ও জামাল পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে বড় মিয়ার লোকজনের হাতে।
এরপর স্পষ্ট হয়ে ওঠে বড় মিয়ার চরিত্র। তিনি শ্রীলেখাকে জোর করে ধর্মান্তরিত করে তাঁর ছোট বিবির মর্যাদার আসনে বসাতে চায়। শ্রীলেখা বাঁশিওয়ালা জামালের জীবন বাঁচাতে সম্মত হয় বড় মিয়ার প্রস্তাবে। কিন্তু শেষ পর্যন্ত সমাজের এই ঘৃণ্য রীতি, ধর্মে ধর্মে ভেদাভেদ, বর্ণে ও জাতিতে বৈষম্য এসব দ্বন্দ্বের করাল আঘাতে বিষ পান করে নিজের জীবন ত্যাগ করে শ্রীলেখা। এভাবেই ধর্মকে পুঁজি করে পঞ্চায়েতের বর্বর হিংস্রনীতির ফলে একটি প্রেমের নির্মম পরিণতি হয়।
কাব্যপালাটি রচনা করেন মোকাদ্দেম মোরশেদ এবং নির্দেশনায় ছিলেন মিশফাক রাসেল। পোশাক পরিকল্পনায় মিতাশা মাহরিন, আলোক পরিকল্পনায় দিদারুল আলম, মঞ্চসজ্জায় আসাদুজ্জামান উজ্জ্বল এবং আবহসংগীত পরিচালনায় ছিলেন শামসুল হায়দার। বিভিন্ন চরিত্রে ছিলেন শুভাশিষ ঘোষ, মেহজাবিন মিতু, সজীব দত্ত, সৈয়দ হোসেন, সালমান ওয়ালী প্রমুখ। অভিনয়পর্ব শেষে ছিল কথামালা। এতে নাট্যজন প্রদীপ দেওয়ানজী এবং শাহিনুর সারোয়ার অংশ নেন। সবশেষে ছিল সুরের ভেলায় ভেসে যাওয়ার পালা। স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গন পরিবেশন করে তাদের সাংস্কৃতিক পরিবেশনা।