কাঁসার খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন বদলের সঙ্গে সঙ্গে বদলে গেছে তৈজসপত্রের ধরনধারণও। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে বাড়ির বাসনকোসনে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। তবে বাসনকোসনের সাবেকি ধারা এখনো দেখা যায় কিছু কিছু পরিবারে। আগে কাঁসার বাসনকোসনের ব্যবহার ছিল অনেক বেশি। এখন সে ধারা কমে গেছে অনেকটাই। তারপরও কাঁসার তৈজসপত্রের চলএকেবারে উঠে যায়নি। রাজধানীর বাংলাবাজারে শ্রী শ্রী ঢাকেশ্বরী বাসনালয়ের পরিচালক এস সি দেব বলেন, ‘সারা বছরই কিছু কিছু কাঁসার জিনিস বিক্রি করে থাকি। তবে দুর্গাপূজা এলে কাঁসার সামগ্রীর বিক্রি বেশি হয়।’ তিনি আরও বলেন, এখনো অনেক পরিবারে কাঁসার থালাবাসন ব্যবহার করা হয়। কাঁসার জিনিস স্বাস্থ্যসম্মত।দুর্গাপূজা উপলক্ষে বাংলাবাজারে কাঁসার বাসনকোসন কিনতে এসেছেন শাঁখারীবাজারের লক্ষ্মীরানী কর্মকার। তিনি বলেন, ‘পূজার সময় কাঁসার বাসন ব্যবহার না করলে পূজার পূর্ণতা পাই না। প্রতিবছর পূজার সময় নতুন কাঁসার জিনিস ব্যবহার করি। অন্য বাসনকোসনের চেয়ে দামে কিছু বেশি হলেও কাঁসার জিনিস ব্যবহার করতে অনেক সুবিধা।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে বাজারে অনেক সুন্দর দেখতে বাসনকোসন পাওয়া যায়। কিন্তু কাঁসার বাসনকোসন ব্যবহারে শরীর অনেক ভালো থাকে এবং দেখতেও অনেক অভিজাত মনে হয়। তাই শুধু পূজার সময় নয়, সারা বছরই আমি কাঁসার বাসনকোসন ব্যবহার করি।’কাঁসার বাসনকোসনের দোকানগুলো পূজা সামনে রেখে নতুনভাবে সাজানো হয়েছে। ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দোকানগুলোতে বিক্রি আগের চেয়ে অনেক ভালো।দরদামএকটি পরিবারের জন্য বাসনকোসন হিসেবে যে জিনিসগুলো দরকার, তার সবকিছুই কাঁসা দিয়ে তৈরি করা হয়। কাঁসার বাসন পিস হিসেবে বিক্রি হয় না। কাঁসা কেজি হিসেবে বিক্রি করা হয়। প্রতি কেজি আসল কাঁসা এক হাজার ২০০ টাকা, সাধারণ কাঁসা ৯৫০ থেকে এক হাজার টাকা। কাঁসার বাটি, গ্লাস, ঝিনুক, চামচ, কারি ডিস, রাইস ডিস, জগ, মগ, পেয়ালা ইত্যাদি বাসনকোসনও এক হাজার ২০০ টাকা হিসেবে প্রতি কেজি বিক্রি করা হয়। এ ছাড়া সাধারণ কাঁসার বাসনকোসন ৯০০ থেকে এক হাজার টাকা হিসেবে বিক্রি করা হয়। নিউ রাস মোহন বাসনালয়ের স্বত্বাধিকারী জগন্নাথ সাহা বলেন, ক্রেতাদের চাহিদা অনুযায়ী আগে থেকে অর্ডার দেওয়া হলে একটি সেট হিসেবে কাঁসা ব্যবহার করে থাকি। কাঁসার এক সেট বাসনকোসনের মধ্যে আছে গ্লাস ছয়টি, থালা ছয়টি, পেয়ালা ছয়টি, চামচ ছয়টি, কাঁটাচামচ ছয়টি, রাইস-ডিশ একটি। তিনি বলেন, কাঁসার এই সেট নিতে হলে কমপক্ষে দুই মাস আগে থেকে অর্ডার দিতে হবে। এক সেট কাঁসার বাসনকোসন ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়।কোথায় পাবেনকাঁসার বাসনকোসন রাজধানীর অল্প কিছু দোকানে পাওয়া যায়। ঢাকার বাংলাবাজার, মিটফোর্ড, শাঁখারীবাজার ও এলিফ্যান্ট রোডে কাঁসার দোকান আছে।কাঁসার বাসনকোসনের যত্নশুধু ব্যবহার করলেই হবে না। কাঁসার জিনিসের যত্ন না নিলে সেসব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। শ্রীশ্রী ঢাকেশ্বরী বাসনালয়ের পরিচালক এস সি দেব কাঁসার জিনিসের যত্ন নেওয়ার বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন। কাঁসার বাসনকোসন ব্যবহার করার পর ভালোভাবে ধুয়ে রাখতে হবে। লেবু, লেবুর খোসা, আমড়া, আমড়ার খোসা, লেবুর রস, ছাই বা মাটি দিয়ে কাঁসার বাসনকোসন পরিষ্কার করতে হয়। সবচেয়ে ভালো হয় অনেক দিনের জন্য তুলে রাখলে, সে ক্ষেত্রে তেঁতুল দিয়ে পরিষ্কার করে তুলে রাখলে। এর ফলে অনেক দিন পর্যন্ত সেগুলো ভালো থাকে। ব্যবহার করার সময় সাবধানতার সঙ্গে করতে হবে। হাত থেকে পড়ে গেলে তাড়াতাড়ি কাঁসার বাসনকোসন নষ্ট হয়ে যায়। বিশেষ করে হাত থেকে পড়ে গেলে ভেঙে যেতে পারে বা কোথাও দাগ পড়ে যেতে পারে। কাঁসার বাসনকোসনে কখনো যেন পানি না থাকে। কাঁসার ওপরে পানি জমে থাকলে পানির দাগ পড়ে যেতে পারে। খাওয়ার পরে ভালোভাবে ধুয়ে উল্টো করে রেখে দিলে ভালো থাকে।