কাইমুলের বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের বানানো ফেসবুক ফ্রেমে কাইমুল ইসলাম। ছবি: সংগৃহীত
নিজের বানানো ফেসবুক ফ্রেমে কাইমুল ইসলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশের মানচিত্রজুড়েই ফেসবুকের প্রোফাইল ছবি। যেন—আমিই বাংলাদেশ। ফেসবুকে এমন একটি ছবির ফ্রেম আপনার নজরে আসতে পারে। সাদামাটা নকশায় বাংলাদেশের মানচিত্র নিয়ে বানানো ফ্রেমটি ফেসবুকে ছাড়া হয়েছিল ১৬ ডিসেম্বর বিজয় দিবসে। ২১ ডিসেম্বর পর্যন্ত ব্যবহার করেছেন প্রায় ১ লাখ ২১ হাজার ফেসবুক ব্যবহারকারী। শুনে হয়তো আশ্চর্য হবেন, ফ্রেমের নির্মাতা এটি বানিয়েছিলেন একান্তই নিজের জন্য। ফ্রেমটির ‘ট্রাই ইট’ বোতামের পাশে লেখা এর নির্মাতার নাম কাইমুল ইসলাম। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) যন্ত্রকৌশল বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া (ভাইরাল) ফ্রেমের গল্প জানতেই এই তরুণের সঙ্গে পরিচয়। মেসেঞ্জারে আলাপে জানা হলো তাঁর সে গল্প। বিশেষ দিনে বা আয়োজনে এখন ফেসবুকে প্রোফাইল ফ্রেম ব্যবহারের একটি চল শুরু হয়েছে। বিজয় দিবস উপলক্ষে অনেক প্রতিষ্ঠান এমন ফ্রেম বানিয়েছিল। সেগুলো পছন্দ হয়নি কাইমুলের। তিনি চাইলেন নিজের মতো কিছু করতে। যেটা শুধু বিশেষ দিনে নয়, ব্যবহার করা যাবে বছরজুড়েই। সে চিন্তা থেকেই ফটোশপ ব্যবহার করে বানিয়ে ফেললেন বাংলাদেশের মানচিত্র। সেখানে বসালেন নিজের একটি ছবি। দিয়ে দিলেন তাঁর ফেসবুক প্রোফাইলে।

ঘণ্টা পেরোতেই তাঁর এক শিক্ষকের ফোন। নকশাটা ভালো লেগেছে শিক্ষকের, এমন একটি ছবি তাঁরও লাগবে। বানিয়ে দিলেন শিক্ষককে। সময়ের হিসাবে তখন ১৬ ডিসেম্বর। পরদিন কাইমুলের ক্লাস পরীক্ষা। এই তরুণ বলছিলেন, ‘স্যারকে না হয় দিলাম। অন্য সময় হয়তো কোনো বন্ধু বলবে একটি বানিয়ে দিতে। পরীক্ষার আগে এই ঝুটঝামেলায় পড়তে চাইনি। তাই ভাবলাম একটি ফ্রেম বানিয়ে রাখি। কেউ চাইলে লিংক দিয়ে দেব।’

কিন্তু কীভাবে ফ্রেম বানাতে হয়, কাইমুল তা জানতেন না। সে সমস্যারও সমাধান হলো, ইউটিউব ঘেঁটে শিখে ফেললেন বানানোর প্রক্রিয়া, তুলে দিলেন ফেসবুকে। কাইমুলের সন্দেহই ঠিক হলো, তিন-চারজন বন্ধু চাইলেন। তিনি লিংক দিয়ে দিলেন। বিদায় নিলেন ফেসবুক থেকে।

সকালে ফেসবুকে ঢুকতেই তাঁর চক্ষু চড়কগাছ। ফ্রেমটা ততক্ষণে প্রায় সাত হাজার মানুষের প্রোফাইলে জায়গা পেয়েছে। দিনের সময় গড়াতে থাকল, বাড়তে থাকল সংখ্যা। ২৫, ২০ করে দ্বিতীয় দিনে পৌঁছাল ৭০ হাজারে। ২১ ডিসেম্বর রাত পর্যন্ত তা গিয়ে ঠেকেছে ১ লাখ ২১ হাজারে। কাইমুল বলেন, ‘এটা আমার ভাবনাতেও ছিল না। আমি নিতান্তই নিজের জন্য বানিয়েছিলাম। মানুষের এত ভালো লাগবে বুঝতে পারিনি।’

মানচিত্রের প্রতি ভালোবাসা তাঁর ছোটবেলা থেকে। কাইমুল ইসলামের বেড়ে ওঠা মোংলায়। তখন তিনি পঞ্চম শ্রেণির ছাত্র। বাগেরহাটের মোংলায় স্কুলপড়ুয়াদের জন্য আয়োজন করা হয়েছিল মানচিত্র আঁকার প্রতিযোগিতা। ছোট কাইমুল প্রথম হলেন মাতৃভূমির মানচিত্র এঁকে। কামরুল বললেন, ‘আমার হাতে সাদা কাগজ এলেই মানচিত্র আঁকি। আঁকতে আমার ভালো লাগে।’ এই ভালো লাগাতেই হয়তো তাঁর বানানো মানচিত্র পৌঁছে গেছে লাখো মানুষের প্রোফাইলে।