কাইয়ুম চৌধুরীর জন্মদিনে প্রদর্শনী

বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরীর ৮৩তম জন্মবার্ষিকী আজ। সম্প্রতি প্রয়াত এই শিল্পীকে স্মরণ করতে তাঁর জন্মদিনে দুটি স্মারক প্রদর্শনীর আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। মাসিক সাহিত্য পত্রিকা কালি ও কলমের সচিত্রকরণে তাঁর আঁকা ড্রয়িং নিয়ে ‘কালি ও কলমে কাইয়ুম চৌধুরীর রেখালেখ্য’ নামে বেঙ্গল শিল্পালয়ে হচ্ছে একটি প্রদর্শনী। পাশাপাশি বেঙ্গল ফাউন্ডেশনের সংগ্রহ থেকে ‘কাইয়ুম চৌধুরীর নির্বাচিত চিত্রকর্ম ও রেখাচিত্র’ নামে আরেকটি বিশেষ প্রদর্শনী হচ্ছে বেঙ্গল আর্ট লাউঞ্জে।
আজ সন্ধ্যা ছয়টায় রাজধানীর ধানমন্ডিতে বেঙ্গল শিল্পালয়ে এক অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, শিল্পী রফিকুন নবী এবং শিল্পী সমরজিৎ রায় চৌধুরী যৌথভাবে প্রদর্শনী দুটির উদ্বোধন করবেন। এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেবেন কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত এবং শিল্পীপুত্র মইনুল ইসলাম জাবের।
ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা প্রায় ১০০টি। এই প্রদর্শনী ১০ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।
রাজধানীর গুলশানে বেঙ্গল আর্ট লাউঞ্জের প্রদর্শনীতে চিত্রকর্মের সংখ্যা প্রায় ২৫টি। এই প্রদর্শনী ১০ থেকে ২৮মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।
শিল্পী কাইয়ুম চৌধুরী ১৯৩২ সালের ৯ মার্চ ফেনীতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৪ সালে ঢাকার গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট (বর্তমান চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়) থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। দেশের এই শীর্ষ শিল্পপীঠে ৩৭ বছর শিক্ষকতার পর ১৯৯৭ সালে অবসরে যান তিনি। কিন্তু কর্মজীবনে আমৃত্যু অবসর ছিল না এই কর্মবীরের। প্রায় ছয় দশকের দীর্ঘ কর্মজীবনে চিত্রকর্মের পাশাপাশি বাংলাদেশের প্রকাশনা জগতে প্রচ্ছদ অলংকরণসহ সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে অবিস্মরণীয় অবদান রাখেন তিনি। শিল্পকলায় অবদানের জন্য ১৯৮৬ সালে পান একুশে পদক। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের প্রায় সব প্রগতিশীল আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী। ২০১৪ সালের ৩০ নভেম্বর রাজধানীতে এক সংগীতানুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আকস্মিকভাবে মারা যান এই প্রথিতযশা শিল্পী।
বেঙ্গল শিল্পালয়: বাড়ি: ২৭৫/এফ, সড়ক: ২৭ (পুরোনো), ধানমন্ডি, ঢাকা।
বেঙ্গল আর্ট লাউঞ্জ: বাড়ি: ৬০ গুলশান অ্যাভিনিউ, সড়ক: ১৩১, গুলশান-১, ঢাকা।