১৯৭৫ সালে হয়েছিল বইয়ের প্রচ্ছদ নিয়ে তাঁর পয়লা প্রদর্শনী। বাংলাদেশে বইয়ের প্রচ্ছদের পালাবদলের অন্যতম রূপকার তিনি। চিত্রকলা আর সংগীতের সংগ্রহ—এসব নিয়ে এখনো তিনি মেতে আছেন সেই আগের মতোই। প্রথিতযশা এই শিল্পী এখন নিজেকে তৈরি করছেন তাঁর সামনের প্রদর্শনীর জন্য। এবারের সময়ের তারকা—ছেলেবেলায় যা হতে চেয়েছিলাম: শিল্পীই হতে চেয়েছিলাম। অন্য কিছু নয়। আমার প্রথম প্রদর্শনী: ১৯৭৫ সালে। ছবির নয়, বইয়ের প্রচ্ছদের প্রদর্শনী ছিল সেটা। ন্যাশনাল বুক সেন্টারের স্বর্ণপদক পেয়েছিলাম বইয়ের প্রচ্ছদ ডিজাইনের জন্য। প্রথম চিত্রকর্মের প্রদর্শনী ১৯৭৭ সালে। শিল্পকলা একাডেমিতে। যে তিনটি জিনিস ছাড়া ঘর থেকে বের হই না : ছবি আঁকার কলম। বইপত্র। আর ঢাকার বাইরে গেলে ছোট রেডিও। যে গান আজও গুনগুনিয়ে গাই: হারানো হিয়া...নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল... একেলা আমি। আমার আঁকা প্রথম প্রচ্ছদ: ছোটবেলায় আমার নিজের একটা ছোট লাইব্রেরি ছিল। সংগ্রহের যে বইয়ের প্রচ্ছদ পুরোনো হয়ে নষ্ট হয়ে যেত, সেগুলোর প্রচ্ছদ আমি নিজেই এঁকে আবার জুড়ে দিতাম। এর বাইরে প্রথম প্রচ্ছদ করি ১৯৫৩-’৫৪ সালে। কিশোরগঞ্জ থেকে প্রকাশিত প্রতিভা নামের একটি শিশুকিশোর পত্রিকার প্রচ্ছদ। আমার প্রিয়তম গানের সংগ্রহ: অতুল প্রসাদের গানের সংগ্রহ। ধ্রুপদী গানের সংগ্রহ। এ রকম বহু সংগ্রহের কথা বলা যায়। একটার কথা বলা মুশকিল। যে ছবি আঁকতে ভালোবাসি: সব ছবিই আঁকতে ভালোবাসি। বিশেষভাবে আঁকতে ভালো লাগে—লুঙ্গি পরনে। মাথায় গামছা বাঁধা। অস্ত্র হাতে মুক্তিযোদ্ধাদের ছবি। আমাদের মুক্তিযুদ্ধে কৃষক-শ্রমিক সব শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল। এসব মানুষ শুধু দেশের টানে সব তুচ্ছ করে যুদ্ধে গিয়েছিলেন—এ ব্যাপারটা আমাকে খুব নাড়া দেয়। যে ছবি আজও চোখে লেগে আছে: জয়নুলের আঁকা জেলে নৌকার একটি চিত্র। এ ছাড়া কামরুল হাসানের কয়েকটি ছবি, কিবরিয়া সাহেবের কিছু ছবি, শফিউদ্দিন আহমেদের ছবি—‘অ্যাংরি ফিশ।’ প্রিয় রং: সবুজ আর লাল। সবুজ ধানক্ষেতের মধ্যে টুকটুকে লাল শাড়ি পরা গ্রাম্য বধূ হেঁটে যাচ্ছে। এই দৃশ্যের কোনো তুলনা হয় না। এই মুহূর্তে যে ছবিটি আঁকছি: নকশিকাঁথায় যে ধরনের নকশা আমরা দেখি সেগুলোকে নিজের মতো করে চিত্রকর্মে রূপ দেওয়ার চেষ্টা করছি। অবসরের সঙ্গী: সব সময় গান শুনি। বই ছাড়াও একদম চলে না। প্রিয় মুখ: আমার পুত্র আমার স্ত্রীসামনে যে কাজটি করব ভাবছি: আসন্ন প্রদর্শনীর জন্য নিজেকে প্রস্তুত করছি। আমি যেসব ডিজাইন করেছি সেসব নিয়ে একটা প্রকাশনা করার ইচ্ছে আছে। বাংলাদেশের যে দিকটি সবার আগে বদলে দিতে চাই: মানুষের লোভ-লালসা, আগ্রাসন—এসব বদলে দিতে পারলে গোটা দেশটা বদলে যেত।সাক্ষাত্কার: ইকবাল হোসাইন চৌধুরী