কাউখালীতে শতাধিক ঘর পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউখালী সদরের মিনি মার্কেট পল্লিতে অগ্নিকাণ্ডে শতাধিক কাঁচাঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ১৫ জন আহত হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা বলে দাবি ক্ষতিগ্রস্তদের। গত ৩১ জানুয়ারি এ দুর্ঘটনা ঘটে। কাউখালী বালিকা উচ্চবিদ্যালয় ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের মাঝখানে গড়ে উঠেছে মিনি মার্কেট পল্লি। শণ-বেড়া ও টিনের প্রায় শতাধিক ছোট ছোট কাঁচাঘর তৈরি করে ৬২টি পরিবারের প্রায় পাঁচ শতাধিক মানুষ বাস করতেন এখানে। তাঁরা উদ্বাস্তু (শরণার্থী) বাঙালি পরিবার। মূলত রাঙামাটি জেলা পরিষদের বাজার তহবিল এ জমির মালিক।প্রত্যক্ষদর্শী কাউখালী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন জানান, এই পল্লির বাসিন্দা মাঈন উদ্দিনের রান্নাঘরের চালায় বিকেল সাড়ে তিনটায় আগুন দেখা যায়। মুহূর্তে তা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাণপণ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। ৩০ মিনিটের অগ্নিকাণ্ডে এসব স্থাপনা সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিনির্বাপক দলের গাড়ি পৌনে পাঁচটায় ঘটনাস্থলে পৌঁছালেও কোনো কাজে আসেনি।ক্ষতিগ্রস্ত বাসিন্দা মো. নজরুল ও আসবাবপত্র ব্যবসায়ী রফিকুল ইসলাম দাবি করেন, আগুনে প্রায় শতাধিক ঘর পুড়ে গেছে। এর মধ্যে আসবাবপত্র, সেলাই ও কাপড়ের দোকান ছিল ১২টি। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তাঁরা। অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্তরা পাশের বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত তিন বেলা খাবারের ব্যবস্থা করা হয়। রাতেই উপজেলা পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান অংচাপ্রু মারমা নগদ এক হাজার টাকা, ২০ কেজি চাল ও দুটি করে কম্বল দিয়েছেন। এদিকে, সোমবার রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ঘটনাস্থল পরিদর্শন করে দুহাজার টাকা ও দুটি করে কম্বল দেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জেলা পরিষদের পক্ষ থেকে ঘর তৈরি করে দেওয়ারও ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অংসুইপ্রু চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মো. গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান অর্জুন মণি চাকমা, এ্যানী চাকমা, ক্যজাই মারমা প্রমুখ। উপজেলা জাতীয়তাবাদী দল দশ কেজি চাল, চার কেজি আলু ও নগদ অর্থ সহায়তা দিয়েছে। এ ছাড়া কাউখালী সেনা ক্যাম্প সোমবার রাতের খাবার ও কাউখালী থানা গরম কাপড় দিয়েছে।