কাউন্সিলর পদে দুই ভাইয়ের লড়াই
পটিয়া পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ফজলুল কাদের (বালতি) এবং তাঁর ছোট ভাই সফিউল মান্নান (মোরগ) লড়াইয়ে নেমেছেন। তবে সফিউল মান্নান এর আগে আরও দুবার নির্বাচন করে হেরে যান।বড় ভাই ফজলুল কাদের প্রথম আলোকে বলেন, ‘ছোট ভাই দুুবার নির্বাচন করে হেরে যাওয়ায় তাঁকে অনুরোধ করেছি, এবার আমাকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু ছেড়ে না দেওয়ায় সমাজসেবা করার জন্যই প্রার্থী হয়েছি।’ সফিউল মান্নান বলেন, ‘বিজয়ী প্রার্থীর সঙ্গে প্রথমবার আমার ব্যবধান সাত এবং দ্বিতীয়বার ১৮ ভোট। আমি হারিনি, আমাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে।’ দুই ভাই কেন একসঙ্গে নির্বাচন করছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যে প্রতীক নিতে চাই, সেটা অন্যজন নিয়ে যায়। তাই লটারিতে পছন্দের প্রতীক জেতার জন্য ভাইও দাঁড়িয়েছে।’ এ প্রসঙ্গে ফজলুল কাদের বলেন, ‘নির্বাচনে শেষ কথা নেই। সময়ই বলে দেবে শেষ পর্যন্ত কে থাকবে আর কে থাকবে না।’