কাউন্সিলর পদেও আ.লীগ প্রার্থীদের জয়জয়কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালী, চকরিয়া ও সোনাগাজী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদেও আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থীদের জয়জয়কার। গত রোববার এই তিন পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর
চকরিয়া: কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে আওয়ামী লীগের নয়জন ও বিএনপির তিনজন সমর্থক কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। গত রোববার নির্বাচনে ভোট গ্রহণ শেষে পৌরসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন বেসরকারিভাবে বিজয়ী কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিএনপি নেত্রী রাশেদা বেগম, মহিলা আওয়ামী লীগের নেত্রী রাজিয়া সুলতানা ও আঞ্জুমান আরা বেগম নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কাউন্সিলর পদে নির্বাচিত আওয়ামী লীগ–সমর্থিতরা হলেন ২ নম্বরে ওয়ার্ডে রেজাউল করিম, ৩ নম্বরে বশিরুল আইয়ুব, ৫ নম্বরে ফোরকানুল ইসলাম, ৬ নম্বরে জিয়াবুল হক, ৭ নম্বরে জামাল উদ্দিন, ৮ নম্বরে মুজিবুল হক ও ৯ নম্বরে নজরুল ইসলাম। বিএনপি–সমর্থিতরা হলেন ১ নম্বরে মছুদুল হক ও ৪ নম্বরে জাফর আলম।
পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম বলেন, ‘প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের একাধিক কাউন্সিলর প্রার্থী ছিলেন। এলাকায় তাঁদের প্রত্যেকের অবস্থান ভালো ছিল। তবে ভোটের আগের দিন কয়েকটি ওয়ার্ডে আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা করে অন্যদের বসিয়ে রাখা হয়। এ কারণে ১২ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে নয়জনই আওয়ামী লীগ–সমর্থিত জিতেছেন।’
তবে পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ফখরুদ্দিন ফরায়েজি বলেন, ‘প্রতিটি কেন্দ্রে গোলযোগ ও বিএনপির এজেন্টদের বের করে দিয়ে ভোট ডাকাতি করা হয়েছে। এ কারণে বিএনপির নেতা-কর্মীরা জিততে পারেননি।’
সোনাগাজী: সোনাগাজী পৌরসভায় কাউন্সিলর পদে সাতটিতে জিতেছেন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী। তাঁরা হলেন ১ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ মোস্তফা, ৪ নম্বরে মকসুদ আলম, ৫ নম্বরে নূর নবী, ৬ নম্বরে আইয়ুব আলী খান, ৭ নম্বরে শেখ আবদুল হালিম, ৮ নম্বরে শেখ কলিম উল্যাহ ও ৯ নম্বরে শাখাওয়াত হোসেন। বিএনপি–সমর্থিতরা জিতেছেন দুটিতে—২ নম্বরে মো. ইয়াছিন ও ৩ নম্বরে ইমাম উদ্দিন ভূঁঞা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।
নারী কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন মনিহার বেগম, বিবিয়া খাতুন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও মর্জিনা আক্তার। তাঁরা তিনজনই আওয়ামী লীগ সমর্থক।
মহেশখালী: মহেশখালী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগ-সমর্থিত ছয়জন, বিএনপি–সমর্থিত চারজন ও স্বতন্ত্র থেকে দুজন বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ–সমর্থিত বিজয়ীরা হলেন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সুলতানা রাজিয়া, সাধারণ কাউন্সিলর পদে ৪ নম্বরে মংলায়েন, ৬ নম্বরে রতন কান্তি দে, ৭ নম্বরে সনজিৎ চক্রবর্তী, ৮ নম্বরে মোহাম্মদ মিসকাত সিকদার ও ৯ নম্বরে মুহাম্মদ সালামত উল্লাহ। বিএনপি–সমর্থিত প্রার্থীরা হলেন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে রহিমা কবির, সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বরে হামিদুল হক, ৩ নম্বরে আবদুস শুক্কুর ও ৫ নম্বরে মোহাম্মদ মকছুদ আলম। স্বতন্ত্র থেকে বিজয়ীরা হলেন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে জাহেদা আক্তার ও সাধারণ কাউন্সিলর ২ নম্বরে আজিজ মিয়া।