আপনার রাশিফল
মেষ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
আমার বাবা ছিলেন মেষ রাশির এক প্রবল পুরুষ। বজ্রের মতো কঠোর, আশ্বিনের হালকা মেঘের মতো কোমল। চেহারা, আচরণ, ব্যক্তিত্ব ও পোশাক-আশাকে তিনি ছিলেন ইউরোপীয়দের মতো। অন্তরে ছিলেন খাঁটি এক গ্রামের মানুষ। জীবন শুরু করেন তাঁর নিজ গ্রামের হাইস্কুলের শিক্ষক হিসেবে। বাবার কণ্ঠস্বর ছিল যেন বাঘের গর্জন। সেই কণ্ঠে ছিল না তেমন সুরেলা মাধুর্য। তাঁর মৃত প্রথমা স্ত্রীর স্মরণে তবু মাঝে মাঝে তিনি ঘরের মধ্যে পায়চারি করতেন আর বেসুরো গলায় গেয়ে উঠতেন শচীন দেববর্মণের সেই বিখ্যাত গানটির দুটি মাত্র লাইন: তুমি যে গিয়াছ বকুল বিছানো পথে…। দ্বিতীয় স্ত্রীর সামনেই ওই দুটি গানের কলি উচ্চকণ্ঠে গাইতেন তিনি। কোনো দিকে কোনো ভ্রূক্ষেপ নেই। কিশোর বয়সে আমি ভাবতাম...আমাদের সিলেট শহরের বাড়ি থেকে মাত্র ছয় মিনিটের দূরত্বে শুয়ে আছেন বাবার প্রথমা স্ত্রী। স্ত্রীর সমাধিতে জীবনেও কোনো দিন তাঁকে যেতে দেখিনি আমরা। মাঝে মাঝে শুধু শুনতাম ওই হাহাকার, ওই মর্মস্পর্শী গান! …আমার ভালোবাসার মেষ, চলতি সাত দিনই হোক তোমার গভীর কল্যাণ। এখন তুমি যাত্রা শুরু করেছ এক শান্তি ও আনন্দের দূরাগত বন্দর লক্ষ্য করে। …তুমি জীবনের সমুদয় উচ্চতার প্রতীক।
বৃষ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
গত শুক্রবার ২৭ জুলাই ২০১৮ ছিল শতাব্দীর দীর্ঘতম পূর্ণ চন্দ্রগ্রহণ। দুর্ভাগ্য, আমার তা দেখা হয়নি। জীবনের অনেক গাড়ি মিস করার মতোই ওই মাহেন্দ্রক্ষণও আমার হাতছাড়া হয়ে গেছে। ‘যাহা হইয়াছে, ভালো হইয়াছে। যাহা হইতেছে, ভালো হইতেছে এবং যাহা হইবে, তাহাও ভালোই হইবে।’ প্রসঙ্গত মনে পড়ল, ছোটবেলায় শুনতাম, আমার অন্তঃসত্ত্বা মা নাকি স্বপ্নে দেখেছিলেন, তাঁর গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে একটি চাঁদ। ঘটনাটা মনে পড়লে আজও আমার হাসি পায়। …যাকগে, সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান আছে: যেমন করে গ্রহণ লাগে চাঁদে/ আমায় তুমি তেমনি গ্রহণ করো…। প্রিয় বৃষ, সপ্তাহ আপনার কাটবে কিছু বিষণ্নতা, কিছু আনন্দের মধ্য দিয়ে।
মিথুন২২ মে-২১ জুন। ভর # ৬
মিথুন রাশিতে আমার জনৈক দীর্ঘকালীন বন্ধু আছেন, বয়সে আমার ছোট হলেও খ্যাতি এবং কৃতিত্বে অনেক বড়। গত ২১ জুলাই তাঁর বড় মেয়ে প্রেরণার শুভ জন্মবার্ষিকী গেল। প্রেরণার রাশি হচ্ছে মিশ্র—কর্কট প্লাস সিংহ। তার শুভ জন্মসংখ্যা হচ্ছে ১। বন্ধুটি টেলিফোনে ব্যাকুল কণ্ঠে জানতে চেয়েছিলেন, প্রেরণার ভবিষ্যৎ সম্পর্কে। আমি তাঁকে আমার লেখা প্রথমা প্রকাশনের ভাগ্য জানার উপায় বইটি সংগ্রহ করতে বলেছি। চির প্রিয় মিথুন, সামনে আপনার শুয়ে আছে সাত সাতটি আনন্দোজ্জ্বল দিন।
কর্কট২২ জুন-২২ জুলাই। ভর # ২
ছেলেবেলায় হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান শুনতাম তাঁর ছোট ভাই অমল মুখোপাধ্যায়ের সুরে: এই পৃথিবীতে সারাটি জীবন/ কী পেলাম বলো হায়/ যেটুকু পাবার ছিল সবই তার/ ভেসেছে আঁখিধারায়। প্রিয় বিষণ্ন কর্কট, আর একটু অপেক্ষা করুন, শ্রাবণের মেঘ কাটিয়ে আপনার চারদিকে ছড়িয়ে পড়বে উজ্জ্বল চাঁদের আলো।
সিংহ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
ভ্রমণ-অভিজ্ঞতার নোট রাখা সবার জন্যই একটা জরুরি বিষয়। এই নোটগুলো কখনো ইচ্ছা করলে ভবিষ্যতে আপনি কাজে লাগালেও লাগাতে পারেন। ভ্রমণের গল্প লিখতে এবং পড়তে অন্তত আমার তো অসম্ভব ভালো লাগে। ভ্রমণ করতে তো বটেই। আপাতত আমার ডানা দুটি মনে হচ্ছে কেউ যেন পাখির ডানার মতো ছেঁটে দিয়েছে। তাই বলে কি সব সিংহ নারী ও পুরুষের আমার মতন একই দুর্ভাগ্য হবে? প্রাণপ্রিয় সিংহ, আমি গ্যারান্টি দিয়ে বলছি না যে বর্তমান সময়ে আপনার যথেষ্ট ঘুরে বেড়ানোর সুযোগ হবেই। তবে আমার মনে হচ্ছে কথাটা বোধ হয় ভুল নয়। শুভ হোক তব নবযাত্রা!
কন্যা২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
রাত যখন গভীর হয়, মাঝে মাঝে তখন আমার স্মৃতির গ্রামোফোন রেকর্ডে বেজে ওঠে অসামান্য শিল্পী ইকবাল বানুর গাওয়া একটি গজল: পারেশা রাত সারি হ্যাঁয়/ সিতারোঁ তুম তো সো যাও…আভি কুছ বেকারারি হ্যাঁয়…। রাত জাগা আকাশের ক্লান্ত তারকারাজি, এখন তোমরা সব ঘুমিয়ে পড়ো…এখন আমার আছে কিছু অসহায়ত্ব।
তুলা২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
কারও কারও দুঃখের জীবনটা শুরু হয়ে যায় গোড়া থেকেই। কারও–বা কিছু পর থেকে। তুলা রাশির মধ্যে যদি কোনো দুঃখী মানুষ থেকে থাকেন, তাহলে তাঁর দুঃখের দিন প্রায় শেষ হতে যাচ্ছে। আমার অঙ্ক এবং অনুভূতি তো এই কথাই বলে। কাজেই বর্তমানে কিছুটা অজনপ্রিয় তুলা, সামনেই আপনার বিশাল সুখ ও আনন্দ লাভের সময় দাঁড়িয়ে আছে। জয় হোক!
বৃশ্চিক২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
অচেনা এক কিশোরীর মোবাইল বার্তা: স্যার, টিনের চালে বৃষ্টির রিমঝিম শব্দ। …দারুণ না! দ্বিতীয় বার্তায় সে জানায়: আমাদের যে খালা রান্না করে দেন, উনার বাসায় সন্ধ্যায় কিছুক্ষণ ছিলাম…তখন তাঁর টিনের চালে বৃষ্টির সাউন্ডটা এত্ত ভালো লাগল যে কী বলব! বৃশ্চিক, আপনার এই স্মৃতিগুলো জমা থাক ভবিষ্যতের জন্য।
ধনু২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
…ঠিকানা আমার চেয়েছ বন্ধু/ পথে পথে বাস করি…দেখবে ঠিকানা লেখা প্রত্যেক ঘরে/ রক্তের অক্ষরে…
মকর২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
চেহারা দেখে যদি মানুষ চিনতে চান...তাহলে আপনার এই অধম জইতিশির লেখা ভাগ্য জানার উপায় বইটি পড়ুন। এটি বের করেছে প্রথমা প্রকাশন। এতে ফিজিওনমি বলে একটা অধ্যায় আছে। ওই অধ্যায়ে সংক্ষিপ্ত পরিসরে দেওয়া আছে ওপরের বিষয়টি। এগুলো বিজ্ঞান নয়, তবু কাজে লেগে যেতে পারে। একই ভাবে কণ্ঠস্বর পরীক্ষা করেও মানুষ চেনা সম্ভব। অপ্রিয় জনপ্রিয় মকর, চলতি সপ্তাহে আপনি প্রচুর মানুষের মুখোশ খুলে দিতে সক্ষম হবেন। (মকর হইতে সাবধান!)
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
আপনার মাসিক আয়ের টার্গেট যদি থাকে ১ লাখ ২০ হাজার...তাহলে আপনি তার চেয়ে দুই টাকা বেশি পাবেন তো কম নয়। এবার আমাকে ফোনে বলুন: ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। (বাঙালির ধন্যবাদে মানুষ ছোট হয়ে যায়। এটা কোনো কথা হলো।)
মীন১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
মানবেন্দ্র মুখোপাধ্যায় মূলত আমাদের বরিশালের মানুষ। তাঁর গাওয়া বহু জনপ্রিয় গান আছে, যেমন: ভুলে গেছি কবে এই পথে যেতে তুমি ছিলে মোর কাছে/ মাধবীর শাখা নতুন কুঁড়িতে ভরা ছিল মনে আছে…। অন্য একটি গান: সেই ভালো এই বসন্ত নয় যাক গো এবার ফিরে/ আবার কোনো বসন্ত দিন ফিরিয়ে নিয়ে আসবে দেখো তোমায় আমার কাছে…। প্রিয় মীন, লেডিজ অ্যান্ড জেন্টলমেন, চলতি সপ্তাহটি আপনার কাটবে বেশির ভাগটাই খিচিমিচি করতে করতে। এর মধ্যে যে একটি–দুটি হাসিমাখা দিন থাকবে না, তা কিন্তু বলছি না। কী, আমার দিকে অমন কটমট করে তাকাচ্ছেন কেন? অ্যানি প্রবলেম?
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরী