কাকের সঙ্গে দোস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের ভিড়ে যেমন ত্যক্ত-বিরক্ত বাড়ির মানুষজন, তেমনি বাড়ির কাকটিও। বারান্দায় কাপড় রাখা বাঁশের ওপর নির্বিকার বসে রয়েছে। অভিমানে কথাই বলছে না। সকালে নাকি ঘুম থেকে উঠে মা-বাবা ডেকেছে। এখন আর কোনো কথা নেই। এ অবস্থা দেখে প্রথমত মনে হলো, কাক কথা বলবে, এটা কি আদৌ সম্ভব! হয়তো গুজব ছড়িয়েছে মানুষ। আমাদের মনোভাব বুঝতে পেরে বাড়ির ছোট মেয়ে উষা এসে হাত বাড়াতেই বাঁশের ওপর থেকে উড়ে এসে হাতের ওপর বসল। উষা তাকে উদ্দেশ্য করে বলল, কামিনী, লোকজন এসেছে তোমার কথা শুনতে। কথা বলো। উষা নিজ থেকে বলতে লাগল, আম্মু আসো, কামিনী আয়-আয়। এভাবে অনেক চেষ্টা করল, কিন্তু কাজ হলো না। ততক্ষণে স্কুল-কলেজের বেশ কিছু ছাত্রছাত্রী এসে চারপাশ ঘিরে ফেলেছে। উষা একটু অপ্রস্তুত হলো। উষার বাবা আশরাফ আলী এসে বললেন, সকালে একবার লোকজনের সামনে কথা বলেছে। বারবার কথা বলাতে সে বিরক্তি বোধ করছে। আশরাফ আলী বলেন, প্রায় এক সপ্তাহ ধরে কাকের কথা বলার বিষয়টি জানাজানি হওয়ার পর মানুষের চাপে তাঁরা ঠিকমতো স্নানাহার করতে পারছেন না।কিছুক্ষণ পরই তাঁর বড় মেয়ে আশা কলেজ থেকে ফিরলেন। আশা এসে হাত বাড়াতেই কাকটি এসে বসল হাতের ওপর। আশা বললেন, ‘আম্মু আসো’। কাকটিও পরিষ্কার উচ্চারণে বলল, ‘আম্মু আসো।’ আশা বললেন, কামিনী। সঙ্গে সঙ্গে কাকাটিও বলছে, কামিনী। আশা বলছে আয়, সেও বলছে আয়। আশা কাকে যেন ধমক দিলেন, সেও দিল একই সুরে এক ধমক। কথা বলা শুরু করতেই ভিড় বেড়ে গেল। হঠাৎ কাকটি তু-তু-তু করে শব্দ করতে লাগল। আশা বললেন, এত মানুষ দেখে বিরক্ত হয়ে কামিনী কুকুর ডাকছে। তবে মানুষের বোলের পাশাপাশি কাকটির মুখে কাকের সেই চেনা কর্কশ স্বরও শোনা যাচ্ছে। রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড়ের ফার্নিচার ব্যবসায়ী আশরাফ আলীর বাড়ির এই কাকটির কথা বলা নিয়ে হুলুস্থুল কাণ্ড বেধে গেছে।আশার মা খুরশিদ জাহান বললেন, আজ থেকে ছয় বছর আগে এক রাতে প্রচণ্ড ঝড় হয়। সকালে বাড়ির আঙিনায় ছোট্ট একটি পাখির বাচ্চা পড়ে ছিল। তিনি বাচ্চাটি তুলে এনে ঘরের চালের ওপর রেখে দিলেন, যাতে মা পাখিটি এসে বাচ্চাটিকে নিয়ে যায়। দুই দিন পর হঠাৎ তার বাচ্চাটির কথা মনে পড়ে। তিনি উঁকি দিয়ে চালের ওপর দেখেন, বাচ্চাটি ঠায় বসে আছে। কাছে যেতেই বাচ্চাটি হাঁ করে। তিনি বুঝতে পারেন, দুই দিন থেকে অভুক্ত বাচ্চাটি হয়তো খেতে চাইছে। তিনি বাচ্চাটিকে ড্রপার দিয়ে তরল খাবার দিলেন। এভাবে খাইয়ে বাড়ির স্টোর রুমে রাখেন। আস্তে আস্তে বাচ্চাটা সুস্থ হলো, কিন্তু সে আর বাড়ি ছেড়ে যায় না। কিছুদিন পর তাঁরা বুঝতে পারেন, বাচ্চাটি কাকের। এরপর বাচ্চাটি তাঁদের নানা যন্ত্রণা দিতে থাকে। কখনো গাভির দুধ বাটিতে রেখেছেন তো কাকের বাচ্চাটি চোখের পলকে দুধের বাটিতে নেমে গোসল করে উঠল। ডিম রান্না করেছেন তিনটি। হঠাৎ সে দুইটা নিয়ে উধাও। বাটি ভরা তরকারি সব উল্টে ফেলে দিয়ে চলে গেল। এভাবে নানা যন্ত্রণা দিতে থাকে। এরই মধ্যে হঠাৎ একদিন তাঁদের সব যন্ত্রণা আনন্দে পরিণত হলো। কাকটি তাঁর মেয়েদের মতো তাঁকে ‘আম্মু’ বলে ডেকে ওঠে। দুই মেয়ে উষা ও আশাকেও নাম ধরে ডাকে। এর পর থেকে বিরক্তিকর কাকটি বাড়ির সবার কাছে প্রিয় হয়ে ওঠে। সারা দিন কাকটি নানা রকম মজাও করে। তাঁর বাচ্চারা সকালে ঘুম থেকে উঠতে দেরি করছে। ও গিয়ে মুখের উপর বসে। পড়াশোনার সময় পাশে গিয়ে বসে থাকে। ঠিক যেন পড়তে বসেছে। ঘুমানোর সময় বিছানায় গিয়ে ওঠে।কিছুদিন পর তাঁরা একদিন সপরিবারে ঢাকায় বেড়াতে যান। এ সময় তাঁদের এক আত্মীয় শুধু বাড়িতে ছিলেন। ওই দিন ফ্যানের সঙ্গে লেগে কাকটির একটি পা ও পাখা ভেঙে যায়। এ খবর পেয়ে তাঁরা ঢাকায় বেড়ানো বাতিল করে বাড়ি ফিরে আসেন।কয়েক দিন আগে কাকের কথা বলার বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন কাকটির মুখের একটি কথা শোনার জন্য বাড়িতে ভিড় করছে। মানুষের ভিড় দেখে আশরাফ আলী তাঁর বাড়িতে গত মঙ্গলবার থেকে একটি পরিদর্শন বই খুলেছেন। রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের শেষ বর্ষের ছাত্র সোহরাব খোকন এতে লিখেছেন, মানুষের সংস্পর্শে থেকে কাকটি মানুষের মতো কথা বলছে, আচরণ করছে। অথচ অনেক মানুষ মানুষের পাশে থেকেও পশুর মতো আচরণ করে। সত্যিই দুঃখজনক।