কাগজ কথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি রঙিন প্রজাপতি বানাতে হবে। কাগজের পর কাগজ সাজিয়ে মডেল তৈরি করতে হবে। কারও কারও আবার বেশ তাড়াহুড়ো। জলদি করে ম্যাগাজিন বের করতে হবে। আর এসব কাজ করতে প্রথমেই আপনার যা জানা দরকার তা হলো, কাগজের খোঁজখবর।ঢাকার নিউমার্কেটের বেশ কিছু দোকানে পাওয়া যায় বিভিন্ন রকমের কাগজ। এ ছাড়া ছাপার কাজের জন্য কাগজ পাওয়া যায় ঢাকার নয়াবাজার, বিজয়নগর, ফকিরাপুল, আরামবাগের বিভিন্ন দোকানে। নিউমার্কেটের মডার্ন স্টেশনারির কর্মচারী মো. ফরিদের সঙ্গে কথা বলে জানা যায় বিভিন্ন রকম কাগজের বর্তমান মূল্য। এসব কাগজের মধ্যে রয়েছে—আর্ট পেপার, যার পাতলা শিট ১০ টাকা আর মোটা ২০ টাকা প্রতিটি। কার্টিজ পেপারের মধ্যে চায়নিজের দাম ২০ টাকা ও এর সাইজ ২০ বাই ৩০ ইঞ্চি আর দেশি কার্টিজ পেপার ২২ বাই ৩২ ইঞ্চি পাওয়া যায় পাঁচ-ছয় টাকা প্রতিটি। তাঁদের দোকানে আরও রয়েছে প্রায় ২২ রঙের মডেল পেপার। এসব পেপারের প্রতিটির দাম পড়বে ৫০ টাকা করে। আর পেপারের আকার হলো ২০ বাই ৩০ ইঞ্চি। আরও রয়েছে মডেল বোর্ড ২২ বাই ৩০ ইঞ্চি, যার প্রতিটি ৬০ টাকা করে। বিভিন্ন ধরনের বাড়ি বা অন্যান্য মডেল তৈরি করতে দরকার হয় এসব কাগজের।সার্টিফিকেট তৈরি করতে বেশির ভাগ ক্ষেত্রেই এমবোস করা কাগজ ব্যবহার করা হয়। ২২ বাই ২৮ ইঞ্চি মাপের এসব কাগজ ২৫ টাকা প্রতিটি। বিদেশ থেকে এক ধরনের ধাতব শিট আসে। স্যাম্পল বুক থেকে দেখে ২০ শিটের প্যাকেট কিনে নেওয়া যায়, দাম পড়বে ২০০ টাকা। সার্টিফিকেট বা কোম্পানির প্যাড হিসেবে এটি ব্যবহার করা যায়।বিভিন্ন ধরনের ডেকোরেশনের জন্য রয়েছে গ্লসি আর্ট পেপার, কালারিং আর্ট পেপার, সিলভার গোল্ডেন ধাতব পেপার ২২ বাই ২৮ ইঞ্চি, ৫০-৩৫ টাকা প্রতিটি।আরও রয়েছে হাতে তৈরি কাগজ। এর মধ্যে টিস্যুগুলোর দাম ৫০ টাকা পিস। প্রিন্টগুলো ৫০ টাকা ও প্রিন্ট-ছাড়াগুলো ৪০ টাকা প্রতিটি। কার্ডের ওপরে দেওয়ার জন্য এই কাগজগুলো বেশ চমৎকার।প্রজাপতি, কার্টুন—এসব বানানোর জন্য নরম রেক্সিন ফোম খুবই ভালো। এগুলোর আলাদা শিট করে বিক্রি করা হয় না। এর ১০টি শিটের প্যাকেট ১৫০ টাকা।স্থাপত্য বা এ ধরনের কোনো মডেলের মধ্যে ঘাস দেখানোর জন্য এক ধরনের সবুজ শিট পাওয়া যায়। এর সাইজ ১২ বাই ১৬ ইঞ্চি এবং দাম ৬০ টাকা।প্লাস্টিক উডের পুরুত্বের ওপর নির্ভর করে এর দাম। এর শিটগুলোর মধ্যে ২ মিমি ৭০ টাকা, ৩ মিমি ৯০ টাকা এবং ৫ মিমি ১৫০ টাকা করে। প্লাস্টিক করোগেটেড শিট ১৩০ টাকা ২০ বাই ৩০ ইঞ্চির জন্য। বোর্ড দেশি ৬০ টাকা প্রতিটি ২০ বাই ৩০ ইঞ্চি এবং বিদেশি বোর্ডের দাম পড়বে ১২০ টাকা ও আকার হলো ২৩ বাই ৩৬ ইঞ্চি।বিভিন্ন রকম ট্রান্সপারেন্ট শিটও রয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাক্রিলিক শিট, যার দাম ১৪০ টাকা প্রতিটি ও আকার ১২ বাই ১৬ ইঞ্চি, ট্রান্সপারেন্সি শিট ৩৫ টাকা প্রতিটি এবং টিস্যু-জাতীয় পেপার তিন টাকা প্রতিটি। এ ছাড়া নিউজপ্রিন্ট ২৩ বাই ৩৬ ইঞ্চি, ৪০ টাকা দিস্তা। এ-ফোর আকারের অফসেট ৫০০ শিট ৩২০-৩৩০ টাকা, রঙিন অফসেট ৫০০ শিট ৩৫০ টাকা, স্টিকার পেপার বড় শিট ২৫ টাকা, এ-ফোর ৫ টাকা, পোস্টার পেপারের দাম প্রতিটি চার টাকা। খুচরা না কিনে যদি পাইকারি কেনা হয়, সে ক্ষেত্রে প্রতি শিটে কিছুটা ছাড় পাওয়া যাবে।