কাগজ-কলমে শয্যা বেড়েছে বাড়েনি জনবল ও সরঞ্জাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর আগে ৫০ শয্যায় রূপান্তরিত হলেও ৩১ শয্যার জনবল ও যন্ত্রপাতি দিয়ে চলছে টেকনাফ উপজেলা স্বাস্থ্যকেন্দ্র। পূরণ করা হয়নি শূন্যপদ। বাড়ানো হয়নি যন্ত্রপাতি ও চিকিৎসার সরঞ্জাম। ফলে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে গিয়ে স্বাস্থ্যকেন্দ্রটি নিজেই এখন অসুস্থ হয়ে পড়েছে।স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা যায়, ২০০৬ সালের শেষদিকে তৎকালীন জোট সরকারের সময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সচিবের সইযুক্ত পত্রে স্বাস্থ্যকেন্দ্রটি ৫০ শয্যায় উন্নীত করার নির্দেশ দেন। এরপর ভবন নির্মাণ করা হলেও পর্যাপ্ত জনবল ও সরঞ্জাম পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামশুজ্জামান রকিবুন্নেছা চৌধুরী জানান, হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে, কিন্তু জনবল সেভাবে পূরণ করা হয়নি। চার বছর ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে হাসপাতালটি। এ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের ২০টি পদের ১৪টি শূন্য। সেবক-সেবিকার ১৬টি পদ থাকলেও শূন্য ১০টি, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ১২৭টি পদের মধ্যে শূন্য ৬৫টি। স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসা কোস্টগার্ড সদস্য নুরুজ্জামান (৩৯) বলেন, ‘ভর্তি হওয়ার পর থেকে হাসপাতাল থেকে শুধু একটি স্যালাইন দেওয়া হয়েছে। ৪৮৭ টাকার ওষুধ বাইরের দোকান থেকে কিনে এনেছি। সবচেয়ে কষ্টকর হলো শৌচাগারে পানি থাকে না।’ এক রোগীর আত্মীয় মোহাম্মদ ইসমাঈল বলেন, ‘হাসপাতালের ভবনটি নতুন হলেও শয্যা, বালিশ ও বিছানার চাদরগুলো পুরোনো। একজন রোগী ব্যবহারের পর তা ধোয়া ছাড়াই আরেকজনকে দেওয়া হয়। এ ছাড়া শৌচাগার ঠিকমতো পরিষ্কার না করায় দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে। এতে রোগীর সঙ্গে আসা অনেকে অসুস্থ হয়ে পড়েন।’উদরাময়ে আক্রান্ত রোগী সাবরাং মণ্ডলপাড়ার বাসিন্দা রশিদা বেগম (৪৬) বলেন, ‘মহিলা ওয়ার্ডে সিট খালি না পেয়ে পুরুষ ওয়ার্ডে থাকতে হচ্ছে। ফলে নানা ধরনের সমস্যা হচ্ছে।’ খাদ্য সরবরাহকারী আনিসুর রহমান বলেন, ‘প্রতিদিন এখানে ২৫-৬০ জন রোগী ভর্তি হলেও খাবার দেওয়া হচ্ছে ৩১ জনকে। হাসপাতালটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত হয়েছে।আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা বখতিয়ার আলম বলেন, ‘পর্যাপ্ত জনবল না থাকায় হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের পাশাপাশি কর্তৃপক্ষকে নানা সমস্যায় পড়তে হচ্ছে। স্বাস্থ্যকেন্দ্রে জেনারেটর থাকলেও দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। সেটি আর মেরামত করা হচ্ছে না।’ নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেবিকা বলেন, ‘অনেক সময় রোগীদের সেবা দিতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়ি। এক বছর ধরে সরকারি ছুটিও ভোগ করতে পারছি না।’ টেকনাফ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হাছান আহমদ প্রথম আলোকে বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্রটি এ উপজেলার প্রায় আড়াই লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা। কিন্তু সেটি এখন নিজেই অসুস্থ। রোগীরা পর্যাপ্ত সেবা পাচ্ছে না। ৮৯ কিলোমিটার দূরে কক্সবাজার গিয়ে চিকিৎসা নেওয়ার সামর্থ্যও অনেকের নেই। তাই এ উপজেলার মানুষের কথা চিন্তা করে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, ‘জনবল ও চিকিৎসা সরঞ্জামসংকটসহ সমস্যা সমাধানের এখতিয়ার ওপরমহলের। তাঁরাই বিষয়গুলোর ওপর বিশেষভাবে নজর দিচ্ছেন।’এ ব্যাপারে জেলা সিভিলসার্জন কাজল কান্তি বড়ুয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে বলেন, ‘হাসপাতালটি ৩১ থেকে ৫০ শয্যায় রূপান্তরিত করা হলেও পর্যাপ্ত জনবল ও আসবাবপত্র এখনো পাওয়া যায়নি। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কয়েকবার চিঠি পাঠানো হয়েছে।’