
অরিগ্যামি। শব্দটি খুব নতুন শোনাচ্ছে কি? নিত্যনতুন সাজসজ্জার অনুরাগীরা জানেন, কাগজ দিয়ে শৌখিন খেলনা বা সজ্জার সামগ্রী বানানোর বিদ্যাকেই বলে অরিগ্যামি। তবে কিরিগ্যামি বা কুইলিং শব্দগুলো আগে শোনেননি খুব একটা, এটা নিশ্চিত করেই বলতে পারি। কাগজ দিয়ে করা নানা নকশার ধরন এগুলো। বাংলাদেশেই শুরু হয়ে গেছে কাগজের অদ্ভুত এই ম্যাজিক। অরিগ্যামির হাজার রকম কৌশল নিয়ে কাজ করেন মাকসুদা আজিজ। তাঁর কাগজামি নামে ফেসবুক পেজটি শুরু হয়েছে গত বছর।

মাকসুদা আজিজ বলেন, আমার বাবা অরিগ্যামিতে পাকা ছিলেন। নিজে শুরু করি মাধ্যমিক পাস করার পর। ইন্টারনেটে দেখতাম, বই কিনে অনুশীলন করতাম। তখনো এই নিয়ে বড় কিছু করার পরিকল্পনা ছিল না একদমই। ভাবনার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন শিক্ষক জামালউদ্দিন। তিনিই বলেছিলেন, শুধু কম্পিউটার গেমস আর কোচিং নিয়ে পড়ে থাকা শিশুগুলোর অফুরন্ত আনন্দের উৎস হতে পারে এটি। সেই থেকে বড় কিছুর স্বপ্ন দেখতে শুরু করলাম, কর্মশালা করাতে লাগলাম। একপর্যায়ে ২০০৯-এ একটি কিডস ক্যাম্পে বাচ্চাদের অরিগ্যামি শেখানোর আমন্ত্রণ পাই। সমমনা আরও দু-একজন বন্ধু জুটে যায়। ওদের উৎসাহেই ফেসবুকে কাগজামি নামে একটি পেজ খুলে ছবি আপলোড করতে থাকি। অনেকে মনে করে কাগজামি বুঝি অরিগ্যামির প্রতিশব্দ, যদিও তা নয়। কাগজ নিয়ে আমার যত কাজ এবং আমি—এই দুই শব্দ মিলেই এক বন্ধু ফয়সাল আকরাম নাম দিয়েছে কাগজামি। এখন কাগজামি মূলত তিনজনের। আমি, তৃষা আর অমৃতার। তবে শুধু ব্যবসায় উদ্যোগ আর ফেসবুক পেজেই আটকে থাকতে চাই না আমরা। তাই কিছুদিনের মধ্যেই আমরা শিশুদের অরিগ্যামির পাঠশালা চালু করতে যাচ্ছি।
অরিগ্যামির জন্য কাগজের বৈচিত্র্যে বিশ্বাস করে কাগজামি। সাধারণ কাগজ, নিউজপেপার, ব্রাউন পেপার, র্যাপিং পেপার কি বিদেশি কাগজ, সবকিছুতেই তাঁরা তৈরি করছেন কাগজের হাতি, ঘোড়া, নানা রকম পাখি, ফুল, প্রজাপতি, সবজি, ফলসহ কল্পনার সবকিছু। বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানে থিমভিত্তিক কাজ করেন তাঁরা।
ফেসবুক পেজ:
www.fb.com/kagojami1