কাগজের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খন্দকার আবু তালেব
খন্দকার আবু তালেব

আমার আব্বা আবু তালেব ছিলেন একজন হাসিখুশি মানুষ। পারিবারিক জীবনে যেমন, কাজের জায়গাতেও তিনি রসিকতা ছড়িয়ে দিতে পারতেন। ছিলেন সাংবাদিক, ছিলেন আইনজীবী। বিনা পারিশ্রমিকে কত মানুষের জন্য যে আইনি লড়াই করেছেন তিনি! ইত্তেফাক ছাড়াও সাংবাদিক হিসেবে কাজ করেছেন ইত্তেহাদ, আজাদ, মর্নিং নিউজ ও সন্ধ্যাকালীন আওয়াজ পত্রিকায়। পয়গাম-এও কাজ করেছেন কিছুদিন। একজন আপসহীন সাংবাদিকনেতা ছিলেন আব্বা। ১৯৬১-৬২ সালে তিনি ছিলেন পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। ১৯৬৬ সালে আইয়ুব সরকার ইত্তেফাক বন্ধ করে দেওয়ায় আমার আব্বা সান্ধ্য দৈনিক আওয়াজ-এ কাজ করেছেন। সে সময় নিয়মিত ‘কাগজের মানুষ’ নামে ধারাবাহিক লিখেছিলেন। সেটিতে তৎকালীন সাংবাদিকদের সংগ্রামের কথা আছে।
১৯৭১ সালে আমাদের বাড়ি ছিল মিরপুরে। মার্চে আমরা মিরপুরের বাড়ি ছেড়ে চলে গেলাম আরামবাগে। সেদিন ২৯ মার্চ, আব্বা যাচ্ছিলেন অফিসের দিকে। পথে ইত্তেফাক-এর অবাঙালি চিফ অ্যাকাউন্ট্যান্ট আবদুল হালিমের সঙ্গে দেখা হয় আব্বার। হালিম গাড়িতে করে আব্বাকে নিয়ে যান মিরপুরে। ১৯৭০ সালের নির্বাচনে মিরপুর থেকে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন অবাঙালি জহির খান। আব্বা তাঁকে সমর্থন করেছিলেন। এ কারণে স্থানীয় জামায়াতপন্থী বাঙালি ও অবাঙালিদের আক্রোশ ছিল আব্বার ওপর। আবদুল হালিম আব্বাকে মিরপুরে এনে কাদের মোল্লার হাতে তুলে দিয়েছিল। তারপরের ইতিহাস আর বলতে চাই না। আমার আব্বার খণ্ড-বিখণ্ড লাশ আমি আর দেখিনি। দেখতে চাইওনি। শুধু বুঝেছি, আমাদের এতিম করে দেওয়া হলো। কেন ওরা আব্বাকে হত্যা করেছিল একাত্তরের মার্চে? আব্বার সাংবাদিকতা, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা ওদের জ্বলুনি বাড়িয়ে দিয়েছিল। আমি গর্ববোধ করি এই জন্য যে ছয় দফার অনুবাদ ও ১৯৭০ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের অনুবাদ করেছিলেন আমার আব্বা।
আজও যখন আব্বার কথা ভাবি, কল্পনাতে দেখতে পাই, কাদের মোল্লার দল আব্বাকে সরিয়ে দিচ্ছে পৃথিবী থেকে। আমি আর ভাবতে পারি না।
সখিনা খন্দকার: শহীদ খন্দকার আবু তালেবের মেয়ে