কাঙালিনী সুফিয়ার সুরের জগৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলার মানুষের চিরায়ত দুঃখ-কষ্টের কথা উঠে এল গানে। এসব গান যেন মিশে আছে আমাদের অস্তিত্বে, আমাদের সত্তায়—মনে করিয়ে দিল সেই কথা। ১৮ এপ্রিল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে বসেছিল বাউল গানের আসর। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে এতে গান করেন শিল্পী কাঙালিনী সুফিয়া। সন্ধ্যা সাতটায় একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠান শুরু হয়। কাঙালিনী সুফিয়া অসুস্থতার কারণে দেরি করে আসেন। তার আগে মঞ্চে বাউল গান করেন বাউল জাহাঙ্গীর ও তাঁর দল। প্রথমে বন্দনা গান, তারপর লালনগীতি। ‘আমি অপার হয়ে বসে আছি’ তাঁর এই গানের সঙ্গে গলা মেলালেন দর্শকেরা। জাহাঙ্গীরের তিনটি গানের পর উপস্থাপক ঘোষণা দিলেন, ‘এবার মঞ্চে আসবেন কাঙালিনী সুফিয়া।’ অপেক্ষমাণ দর্শকেরা উন্মুখ হয়ে ছিলেন প্রিয় শিল্পীর আশায়, মঞ্চে উপস্থিত হয়ে কাঙালিনী সুফিয়া প্রথমেই দেরির জন্য দুঃখ প্রকাশ করেন। তারপর চেয়ারে বসেন। আয়েশ করে শুরু করেন প্রথম গান ‘পাপ পুণ্য চিনিলে পরে খোদা চেনা যায়।’ গান শুরুর পর আস্তে আস্তে তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। কণ্ঠে এল প্রাণ। গান শেষে তিনি বলেন, ‘আল্লাহর লীলা বুঝবার ক্ষমতা কারও নাই। কিছুক্ষণ আগেও আমি মাথা ঘুরাই পড়ে যাইতেছিলাম। আপনাদের দেইখ্যা, আমার মাথা ঘুরান-টুরান কই চলে গেছে।’ আবার গান, ওপরওয়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্যই হয়তো তিনি গাইতে শুরু করেন, ‘ছায়াহীন কায়া...’, ‘আপন ঘরের খবর নে না।’ এবার কাঙালিনী শুরু করেন নিজের লেখা বাউল গান। ‘জীবনে চলার পথে এত বাধা আগে জানতাম না’সহ অনেক গান করেন। উপেক্ষা করেননি দর্শকের অনুরোধও। গেয়ে শোনান ‘বুড়ি হইলাম তোর কারণে’সহ আরও কিছু গান। দর্শকদের তিনি নিয়ে যান আধ্যাত্মিক গানের সুরের জগতে।