কাঙ্ক্ষিত কলেজে আবেদনের সুযোগ থাকছে না সবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে নগরের ১৯ কলেজের একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম চলছে। এর মধ্যে পাঁচটি সরকারি কলেজ এবং সিটি করপোরেশন ও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত কয়েকটি কলেজে সব শিক্ষার্থীর আবেদনের সুযোগ থাকছে না।চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ১৮ মে থেকে শুরু হওয়া ভর্তি কার্যক্রম চলবে আগামী ৬ জুন পর্যন্ত। খাতা পুনরায় নিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে তারা ১০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে আগামী ১৬ জুন। বিলম্ব ফি ছাড়া ভর্তির শেষ তারিখ আগামী ৩০ জুন। আগামী ১ জুলাই ক্লাস শুরু হবে।জানা গেছে, ভালো কলেজ হিসেবে পরিচিত নগরের হাতে গোনা কয়েকটি কলেজের একাদশ শ্রেণীর বিভিন্ন বিভাগে ভর্তির যোগ্যতা হিসেবে সুনির্দিষ্ট গ্রেডের উল্লেখ রয়েছে। এতে এসব কলেজে সীমিত সংখ্যক শিক্ষার্থী কেবল আবেদন করতে পারবেন।খুদে বার্তায় ভর্তির যোগ্যতা হিসেবে ভিন্ন ভিন্ন মানদণ্ড নির্ধারণ করেছে এসব প্রতিষ্ঠান। সরকারি কলেজগুলোতে বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য জিপিএ-৫ ও ব্যবসায় ৪ দশমিক ৫ ন্যূনতম যোগ্যতা হিসেবে ধরা হয়েছে।অপরদিকে, মানবিক বিভাগে ভর্তির যোগ্যতা হিসেবে চট্টগ্রাম কলেজ ও হাজি মুহাম্মদ মুহসিন কলেজে ৩ দশমিক ৫ এবং সরকারি মহিলা কলেজ ৩ ও সিটি কলেজে ৩ দশমিক ২৫ নির্ধারণ করা হয়েছে।নির্দিষ্ট ডেটানির্ভর এ ভর্তি প্রক্রিয়ায় নির্ধারিত গ্রেডের চেয়ে সামান্য কম গ্রেড পাওয়া শিক্ষার্থীদের আবেদনও গ্রহণযোগ্য হবে না। চট্টগ্রাম বোর্ড সূত্রে জানা গেছে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের একাদশ শ্রেণীতে আসন সংখ্যা ৫০০ হলেই এই নিয়মে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে। তবে যেসব কলেজে ৫০০ জনের কম শিক্ষার্থী ভর্তির অনুমতি রয়েছে, সেসব কলেজ প্রচলিত নিয়মেই শিক্ষার্থী ভর্তি করতে পারবে। এ ব্যাপারে চট্টগ্রাম বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের এতে হতাশ হওয়ার কিছু নেই। কারণ এ প্রক্রিয়ার বাইরেও বোর্ডের অনুমোদন পাওয়া অনেক ভালো মানের কলেজ ভর্তির কার্যক্রম শুরু করেছে। তারা সেখানেও চেষ্টা করতে পারে।কলেজ পরিদর্শক আরও বলেন, ‘আসলে কলেজে ভর্তির সংকট হওয়ার কথা নয়। সরকারি ও বেসরকারি কলেজ মিলিয়ে আসন রয়েছে পর্যাপ্ত। কিন্তু শিক্ষার্থীদের বেশির ভাগেরই আকাঙ্ক্ষা থাকে নির্দিষ্ট কিছু কলেজকে ঘিরে। বাস্তবতার বিচারেও এসব কলেজে সবার ভর্তি হওয়ার সুযোগ থাকার কথা নয়। এমন সুযোগ আগেও ছিল না। আমরা ইতিমধ্যে বিভিন্ন সরকারি কলেজে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় আসন বাড়িয়েছি। এর পরও সবার স্থান সংকুলান করা যাবে না।’ কলেজের অবকাঠামো এবং শিক্ষক থাকা সাপেক্ষে কলেজ কর্তৃপক্ষ আসন বাড়ানোর আবেদন করলে তা বিবেচনার আশ্বাস দিয়েছেন তিনি। ১৯টি কলেজে খুদে বার্তায় ভর্তি: চট্টগ্রাম বোর্ড কর্তৃপক্ষ ২০১৩-১৪ শিক্ষাবর্ষে নগরের ১৯টি কলেজকে খুদে বার্তার মাধ্যমে ভর্তি পরিচালনার জন্য নির্বাচন করেছে। এগুলো হলো—চট্টগ্রাম সরকারি কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মুহসীন কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ, ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজ, হাজেরা-তজু ডিগ্রি কলেজ, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, আগ্রাবাদ মহিলা কলেজ, এনায়েতবাজার মহিলা কলেজ, পাহাড়তলী কলেজ, উত্তর কাট্টলী আলহাজ মোস্তফা হাকিম কলেজ, কুলগাঁও সিটি করপোরেশন কলেজ, ওমরগণি এম ই এস কলেজ, ইসলামিয়া ডিগ্রি কলেজ, ডা. ফজলুল হাজেরা কলেজ, চট্টগ্রাম মডেল স্কুল ও কলেজ এবং সরাইপাড়া সিটি করপোরেশন কলেজ। বোর্ডের ওয়েবসাইটে অন্যান্য কলেজের ভর্তির মানদণ্ডও উল্লেখ রয়েছে।