কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারিনি
>

১৯৯৪ সালে মিসরের রাজধানী কায়রোয় জনসংখ্যা ও উন্নয়ন-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল । সম্মেলনে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধিদল অংশ নিয়েছিল। সেই প্রতিনিধিদলের একজন সদস্য ছিলেন বেসরকারি সংস্থা কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মোফাবেজা খান। কায়রো সম্মেলনের ঘোষণা এবং বাংলাদেশে এর বাস্তবায়ন নিয়ে প্রথম আলো কথা বলেছে তাঁর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন রোকেয়া রহমান।
প্রথম আলো: আমরা জানি ১৯৯৪ সালে কায়রোয় অনুষ্ঠিত জনসংখ্যা ও উন্নয়ন-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে উন্নয়ন কৌশলে যৌন ও প্রজননস্বাস্থ্য অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছিল। বাংলাদেশে সেটা কতটুকু বাস্তবায়িত হয়েছে?
মোফাবেজা খান: প্রথম কথা হচ্ছে এগুলো এমন সব বিষয়, যা এক প্রজন্মে কোনো কিছু করা সম্ভব নয়। এ জন্য অনেক সময় দরকার। আমরা কিছু করতে পারিনি, এটা যেমন বলব না আবার অনেক কিছু বাস্তবায়ন করেছি তা-ও বলব না। তবে যে জায়গায় পৌঁছানো উচিত, সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারিনি। একটা সময় ছিল যখন আমরা পরিবার পরিকল্পনা, যৌন ও প্রজননস্বাস্থ্য বিষয়ে কথা বলতে পারতাম না। এখন তো বলতে পারছি। এটাও একধরনের অগ্রগতি।
প্রথম আলো: আমাদের দেশের কিশোর-কিশোরীদের প্রজননস্বাস্থ্যের উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপগুলো কি যথেষ্ট বলে আপনি মনে করেন?
মোফাবেজা খান: কিশোর-কিশোরীদের প্রজননস্বাস্থ্যের উন্নয়নে সরকার অনেক পদক্ষেপই নিয়েছে। সমস্যা হচ্ছে নানা কারণে এগুলো বাস্তবায়িত হচ্ছে না। যার ফলে সব কিশোর-কিশোরী প্রজনন স্বাস্থ্যসেবা পাচ্ছে না। সরকারি ও বেসরকারি সংস্থা মিলে কৈশোর প্রজননস্বাস্থ্য কৌশল তৈরি করেছে। এসব কৌশল বাস্তবায়ন করার প্রাথমিক পর্যায় অতিক্রম করেছে। কিশোর-কিশোরীরা যাতে প্রজননস্বাস্থ্য এবং এর অধিকার সম্পর্কে জানতে পারে, সে জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ের স্কুলশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যাতে তঁারা এ বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। কিন্তু বাস্তবে দেখা গেছে, অনেক শিক্ষকই এসব নিয়ে কথা বলতে সংকোচ বোধ করছেন। এ সংকোচ কাটাতে সময় লাগবে। এ জন্য তঁাদের প্রশিক্ষণ দিতে হবে।
প্রথম আলো: কায়রো সম্মেলনে নারী-পুরুষের সমতা ও নারীর ক্ষমতায়নের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। বাংলাদেশে প্রকৃত অর্থে নারীর ক্ষমতায়ন বলতে যা বোঝায় তা কি হয়েছে?
মোফাবেজা খান: একেবারে হয়নি, এ কথা আমি বলব না। শিক্ষাক্ষেত্রে নারীরা অনেক এগিয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ আগের চেয়ে অনেক বেড়েছে। মেয়েরা আজকাল লেখাপড়া শিখে বাইরে কাজ করছে। অর্থ উপার্জন করছে। সংসারে সহায়তা করছে। অনেকেই সংসার পরিচালনাও করছে। এগুলো একধরনের ক্ষমতায়ন। একটা সময় নারীই ছিলেন পরিবারের কর্তা। কিন্তু ধীরে ধীরে সেই কর্তৃত্ব চলে গেছে পুরুষের হাতে। এটা এক দিনে হয়নি। তেমনি নারীর ক্ষমতায়নও একদিনে হবে না। সমাজের পরিবর্তন না হলে এটা সম্ভব হবে না।
প্রথম আলো: কায়রো সম্মেলনের সুপারিশ বাস্তবায়নে ২০১৬ সাল থেকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে, তাতে কী কী বিষয় জোর দেওয়া প্রয়োজন?
মোফাবেজা খান: টেকসই উন্নয়নের জন্য উন্নয়ন-প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত করতে হবে। এ ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সবাই মিলে কাজ করলেই উন্নতি সম্ভব।