কাঙ্ক্ষিত ফল পায়নি বিএনপি, আওয়ামী লীগে হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোন্দল আর দলাদলির কারণে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কাঙ্ক্ষিত ফল পায়নি বিএনপি। কক্সবাজারের আটটি উপজেলার ৭০টি ইউনিয়নে ছিল একাধিক চেয়ারম্যান পদপ্রার্থী। অন্যদিকে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা হতাশায় ভুগছেন। গত রোববার জেলার সর্বশেষ নির্বাচনে সদর উপজেলার ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত দুটি, বিএনপি-সমর্থিত দুটি ও স্বতন্ত্র দুটি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ঈদগাঁও ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, সোহেল জাহান চৌধুরী (স্বতন্ত্র), জালালাবাদ ইউনিয়নে আমান উল্লাহ ফরাজী (স্বতন্ত্র), ইসলামপুরে আবদুল কাদের (বিএনপি), চৌফলদণ্ডীতে মোহাম্মদ আলম (আ.লীগ), পোকখালীতে মৌলভী ফরিদুল আলম (বিএনপি) ও ইসলামাবাদে নুরুল হক (আ.লীগ)। এ নিয়ে জেলার ৭১টি ইউনিয়নের মধ্যে ৭০টির নির্বাচন সম্পন্ন হয়েছে। আইনি জটিলতার কারণে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের নির্বাচন স্থগিত রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, চকরিয়া, উখিয়া, মহেশখালী ও পেকুয়া ছাড়া অন্যান্য উপজেলায় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত ৭০ চেয়ারম্যানের মধ্যে ৫৬ জনই নতুন মুখ। অবশিষ্ট ব্যক্তিরা সাবেক চেয়ারম্যান। ইউনিয়নের তরুণ শিক্ষিত ভোটাররা এবার নতুন মুখ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভোটকেন্দ্রে নারী ভোটারের অংশগ্রহণ ছিল আগের তুলনায় বহু বেশি। জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, ‘দুটি ইউনিয়নে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া আমরা মোটামুটি সুন্দরভাবে জেলার নির্বাচন শেষ করতে পেরেছি। এখন নির্বাচিত জনপ্রতিনিধিরা মিলেমিশে এলাকার উন্নয়নে কাজ করলে জেলার প্রায় ২৩ লাখ মানুষের ভাগ্য বদলে যাবে।’ অনুসন্ধানে জানা গেছে, ৭০ ইউনিয়নের মধ্যে ৩০টিতে বিএনপি, ২৮টিতে আওয়ামী লীগ, আটটিতে জামায়াত, তিনটিতে স্বতন্ত্র ও একটিতে জাসদ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। চার প্রভাবশালী ধরাশায়ী: নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থানীয় কয়েকজন নেতা জানান, জেলা কমিটি নিয়ে দ্বিধাবিভক্ত বিএনপির নেতারা পাল্টাপাল্টিভাবে প্রতিটি ইউনিয়নে একাধিক এবং অযোগ্য ও বিতর্কিত নেতাদের প্রার্থী করায় অতীতের তুলনায় ফলাফল আশানুরূপ হয়নি। বিশেষ করে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ ও বর্তমানে জেলা বিএনপির একাংশের সভাপতি শাহজাহান চৌধুরীর নিজ এলাকা যথাক্রমে চকরিয়া ও উখিয়ায় বিএনপির ভরাডুবি হয়। আবার কক্সবাজার সদর ও রামু উপজেলায় বিএনপি ভালো করেছে। যোগ্য নেতৃত্ব না থাকায় এই দুই উপজেলায় সুযোগ থাকার পরও আওয়ামী লীগের বহু নেতা পরাজিত হয়েছেন। এই আসন থেকে নির্বাচিত বিএনপির সাংসদ লুৎফুর রহমানের জনপ্রিয়তা এবং একক নেতৃত্বে অধিকাংশ ইউনিয়নে বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়লাভ করতে পেরেছেন বলে দলীয় নেতা-কর্মীদের ধারণা। ২০০৩ সালে অনুষ্ঠিত জেলার ৭১টি ইউনিয়নের মধ্যে প্রায় ৫০টিতে বিএনপি-সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এবার ২০টির বেশি চেয়ারম্যান পদ আওয়ামী লীগ ও জামায়াত ভাগাভাগি করে নেয়। এই প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির সাংসদ লুৎফুর রহমান জানান, অযোগ্য লোকের হাতে নেতৃত্ব চলে যাওয়ায় বিএনপির দুর্গে অন্যরা আঘাত হানার সুযোগ পাচ্ছেন। কোন্দলের নিরসন এবং ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করা না হলে ভবিষ্যতে দলের অবস্থা আরও খারাপ হতে পারে। সদরে আওয়ামী লীগের কিছুই নেই: কক্সবাজার সদরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কিছুই নেই। গত জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে আওয়ামী লীগের গণজোয়ার দেখা দিলেও জেলার সদর (কক্সবাজার-রামু) আসনে সাংসদ নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুর রহমান। এরপর উপজেলা নির্বাচনে কক্সবাজার সদর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামায়াতের নেতা সলিমুল্লাহ বাহাদুর। পাঁচ মাস আগে অনুষ্ঠিত কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন জামায়াতের নেতা সরওয়ার কামাল। সর্বশেষ গত ২১ জুন সদর ঝিলংজা ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির গিয়াস উদ্দিন। দলীয় সূত্র জানায়, যোগ্য নেতৃত্বের অভাব, নেতাদের মধ্যে কোন্দল, অযোগ্য নেতাদের প্রার্থী করার কারণে এই ভরাডুবি। জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে কক্সবাজার-৪ (উখিয়া- টেকনাফ) আসনটিতে আওয়ামী লীগ এবং অপর তিনটির দুটিতে বিএনপি ও একটিতে জামায়াতের প্রার্থী সাংসদ নির্বাচিত হন। কক্সবাজার শহর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান জানান, দলের মধ্যে কোন্দল আর দুর্বল নেতৃত্বের কারণে দলের এই দুরবস্থা যাচ্ছে। জেলা কমিটির নেতৃত্ব পরিবর্তন করা না গেলে ভবিষ্যতে দলের অবস্থা আরও খারাপ হতে পারে।