কাচশিল্পে আছে নানা কাজের সুযোগ

গ্লাস বা কাচ উৎপাদনে বাংলাদেশ এখন প্রায় স্বনির্ভর। আগে শতভাগ কাচ আমদানি করতে হতো বিদেশ থেকে। কাচশিল্পের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বর্তমানে সারা দেশে প্রায় দেড় থেকে দুই হাজার কোটি টাকার কাচের বাজার আছে। প্রতিবছর এ বাজার বাড়ছে। তাই চাহিদা পূরণের লক্ষ্যে দেশেই এখন কাচ উৎপাদন করা হচ্ছে। দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা হচ্ছে। বর্তমানে ধাপে ধাপে এ কাচশিল্পের প্রসার ঘটছে। দেশে এখন প্রায় সরকারি-বেসরকারি বেশ কয়েকটি গ্লাস উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে। এর মধ্যে নাসির গ্লাস ইন্ডাস্ট্রি, পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রি, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড, এমইবি গ্লাস ইন্ডাস্ট্রি লিমিটেড, দ্য বেঙ্গল গ্লাস ওয়ার্কার্স লিমিটেড অন্যতম। এসব প্রতিষ্ঠানে এখন প্রায় অনেকেই কাজ করছেন। দেশ-বিদেশে কাচের চাহিদা পূরণের লক্ষ্যে উৎপাদনের জন্য এসব প্রতিষ্ঠানে নিয়োগ করা হচ্ছে দক্ষ ও অভিজ্ঞ জনবল। প্রতিবছরই এসব শিল্পের প্রসারের পাশাপাশি সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানেরও। কাচশিল্প উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে শ্রমিকের পাশাপাশি অন্যান্য বিভাগেও লোক নিয়োগ করা হয়। এ বিষয়ে নাসির ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ ব্যবস্থাপক এ এইচ এম মনিরুজ্জামান বলেন, এখানে প্রকৌশলী, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, ইউটিলিটি, ভ্যাট, হিসাব, প্রশাসন, মানবসম্পদ, আইটি ইত্যাদি বিভাগে প্রতিবছরই কমবেশি লোক নেওয়া হয়। সবচেয়ে বেশি গ্লাস টেকনোলজি বিষয়ে বিশেষ দক্ষ ও অভিজ্ঞ লোকদের নিয়োগ করা হয়। বর্তমানে যাঁরা এসব কাচশিল্পে কাজ করছেন, তাঁদের বেশির ভাগই বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকস থেকে ডিপ্লোমা ইন গ্লাস টেকনোলজি বিষয়ে পাস করা। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. আইয়ুব আলী বলেন, প্রতিবছর এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার এক মাসের মধ্যে এখানে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন গ্লাস টেকনোলজিতে ছাত্রছাত্রী ভর্তি করানো হয়। তিনি বলেন, ‘দেশের প্রায় প্রতিটি গ্লাস উৎপাদনকারী প্রতিষ্ঠানেই আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে। এখান থেকে পাস করে কাউকে বেকার থাকতে হয় না।’ দেশের অন্যান্য সব শিল্পের মতো এ খাতেও তরুণদের কাজের প্রচুর সুযোগ আছে। এ ছাড়া দেশের বিভিন্ন কাচ বিক্রয় প্রতিষ্ঠানেও বিপণন কর্মকর্তা হিসেবে কাজের সুযোগ পাওয়া যায়। এসব প্রতিষ্ঠানে স্নাতক থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা ভালো বেতনে কাজ করছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকস থেকে পাস করেছেন আবিদ হোসেন। তিনি এখন দ্য বেঙ্গল গ্লাস ওয়ার্কার্স লিমিটেডে ফার্নেস প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। কাচ উৎপাদকারী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন পত্রপত্রিকায়, তাদের নিজস্ব ওয়েবসাইট, প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড ও বিভিন্ন জব পোর্টালের মাধ্যমে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে থাকে। এ ছাড়া যাঁরা এসব প্রতিষ্ঠানে নিজের পেশা গড়তে চান, তাঁরা সরাসরি যোগাযোগের মাধ্যমে বিভিন্ন নিয়োগ পরীক্ষার মাধ্যমেও নিয়োগ পেতে পারেন। বর্তমানে দেশে ও বিদেশে একজন গ্লাস টেকনোলজিতে দক্ষ ও অভিজ্ঞ লোকের অনেক চাহিদা রয়েছে। চীন, দুবাই, জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশে এখন এ দেশ থেকে লোক নেওয়া হচ্ছে। এসব প্রতিষ্ঠানে উপসহকারী প্রকৌশলী হিসেবে কাজ করে প্রথম অবস্থায় প্রতিষ্ঠানভেদে ১০ থেকে ১৮ হাজার টাকা বেতন পাওয়া যায়। এ ছাড়া তিন থেকে ছয় মাস পর প্রতিষ্ঠানের বোর্ড কর্তৃপক্ষের মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি স্থায়ী হওয়ার পর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বোনাস, ওভারটাইম, বাসস্থান, চিকিৎসাসহ নানা ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। কোথায় পড়বেন—
বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকস তেজগাঁও, ঢাকা-১২০৮ ফোন ৯১১০৩১৯ Web: www. bteb. gov. bd