কাচালং ডিগ্রি কলেজে পাঠদান চলে দুই ঘণ্টা!
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পৌর এলাকায় অবস্থিত কাচালং ডিগ্রি কলেজে পাঠদান চলে মাত্র দুই ঘণ্টা। ৭০৪ জন শিক্ষার্থীর বেশির ভাগই আসেন দুর্গম এলাকা থেকে। ঠিক সময়ে বাড়ি পৌঁছানোর জন্য পাঠদান শেষ না করেই ফিরে যেতে হয় তাঁদের। শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রাবাস না থাকায় কলেজে পাঠদান ব্যাহত হচ্ছে।জানা গেছে, ১৯৮২ সালে প্রায় আট একর জমির ওপর প্রতিষ্ঠা করা হয় এ কলেজ। প্রথম ১০ বছরে কলেজটিতে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত পাঠদানের ব্যবস্থা ছিল। ১৯৯২ সালে স্নাতক পর্যায়ে পাঠদান শুরু হয়। ২০০১ সালে বিএসসি কোর্স চালু করার অনুমতি মেলে। এরপর প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে তিনতলা বিজ্ঞান ভবনও নির্মাণ করা হয়। কিন্তু শিক্ষার্থী ও শিক্ষকের অভাবে এখনো কোর্সটি চালু করা যায়নি।কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত কলেজে পাঠদানের কথা থাকলেও কাচালং ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা দুপুর ১২টা থেকে বাড়ি যাওয়া শুরু করেন। বেলা একটার মধ্যে কলেজ শিক্ষার্থীশূন্য হয়ে পড়ে। ফলে পাঠদান ব্যাহত হচ্ছে।শিক্ষার্থী নিশা চাকমা বলেন, ‘আমি সকাল ছয়টায় বাড়ি থেকে বের হই। কলেজে পৌঁছাই ১০টায়। ১২টার দিকে কলেজ থেকে রওনা হয়ে বাড়ি পৌঁছি বিকেল পাঁচটায়। অনেক সময় গাড়ি না পেলে কলেজে আসাও হয় না।’শিক্ষার্থী নতুন কুমার চাকমা বলেন, ‘বেলা একটার পরে আর কোনো শিক্ষার্থীকে কলেজে পাওয়া যায় না। সবাই চলে যায় তাই আমিও কলেজে থাকি না।’কলেজের প্রভাষক মীর কামাল হোসেন জানান, দুর্গম এলাকা হওয়ায় শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের আগেই বাড়ি ফিরে যায়।কলেজের প্রভাষক দেব প্রসাদ দেওয়ান জানান, দুর্গম এলাকা থেকে এখানে বহু শিক্ষার্থী আসে। কলেজে কোনো ছাত্রাবাস নেই। কলেজটি প্রতিষ্ঠার পর থেকে ছাত্রাবাস প্রতিষ্ঠার দাবি উঠেছে।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু তাহের জানান, দুর্গম এলাকা হওয়ায় শিক্ষার্থীরা দুপুর ১২টায় ঘরমুখী হয়। শিক্ষার্থীদের অনেকবার বিকেল চারটা পর্যন্ত কলেজে থাকতে বলা হয়েছে। কিন্তু দুর্গম এলাকা হওয়ায় আগেই তাদের চলে যেতে হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশিরুল হক ভূঁইয়া প্রথম আলোকে জানান, কলেজে ছাত্রাবাস নির্মাণ জরুরি। দুর্গম এলাকা হওয়ায় শিক্ষার্থীরা তাড়াতাড়ি চলে যায়।প্রাণ ফিরে পেল শিজক কলেজএদিকে সারোয়াতলী ইউনিয়নের শিজক এলাকায় স্থাপিত শিজক কলেজ প্রতিষ্ঠার দীর্ঘ ১০ বছর পর প্রাণ ফিরে পেয়েছে। শিজক কলেজ সূত্রে জানা গেছে, ২০০০ সালে পশ্চাৎপদ এলাকায় উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির জন্য স্থানীয় জনসাধারণের উদ্যোগে কলেজটি প্রতিষ্ঠিত হয়। এলাকাবাসীর চাঁদার টাকায় গত ১০ বছর কলেজটি পরিচালিত হচ্ছে। একসময় শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা ভর্তি হতেন না। ২০১০ সালের মে মাসে কলেজটি এমপিওভুক্ত হওয়ার পর শিক্ষক নিয়োগ হয়েছে। ফলে শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস। সম্প্রতি দেড় শতাধিক শিক্ষার্থী কলেজে ভর্তি হয়েছেন বলে জানান অধ্যক্ষ সুভাষ দত্ত চাকমা।