কাচালং নদ দখল করে স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঘাইছড়ি উপজেলা সদরে কাচালং নদের পাড় দখল করে গড়ে তোলা স্থাপনা। ছবিটি ৩০ সেপ্টেম্বর উপজেলা প্রশাসনিক মাঠ এলাকা থেকে তোলা l প্রথম আলো
বাঘাইছড়ি উপজেলা সদরে কাচালং নদের পাড় দখল করে গড়ে তোলা স্থাপনা। ছবিটি ৩০ সেপ্টেম্বর উপজেলা প্রশাসনিক মাঠ এলাকা থেকে তোলা l প্রথম আলো

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা এলাকায় কাচালং নদের পাড় দখল করে গড়ে উঠছে নানা স্থাপনা। ফলে বাধাগ্রস্ত হচ্ছে নদের পানিপ্রবাহ। এসব প্রতিষ্ঠান থেকে ফেলা বর্জ্যে দূষিত হচ্ছে নদী।

সরেজমিনে দেখা গেছে, উপজেলা প্রশাসনিক মাঠ, পৌর শহরের মসজিদ মার্কেট, বলক শাহ, ডাক বিভাগ কার্যালয় ও বিদ্যুৎ সাব–স্টেশন পর্যন্ত আধা কিলোমিটার এলাকায় কমপক্ষে অর্ধ শতাধিক ভবন গড়ে তোলা হয়েছে। এর মধ্যে মসজিদ মার্কেট ও বলক শাহ এলাকায় তিনটি পাকা ভবন নির্মাণ করা হয়েছে নদের ওপর। অন্য স্থাপনাগুলো আধা পাকা ও বেড়ার তৈরি। এসব স্থাপনায় রয়েছে দোকানপাট।

স্থানীয় লোকজন ও পরিবেশবাদীরা জানান, পৌর শহরের মসজিদ মার্কেট, বলক শাহ ও ডাক বিভাগ কার্যালয় এলাকায় ১০ থেকে ১২ বছর ধরে কাচালং নদের পাড় দখল চলছে। শুরুতেই বেড়ার ঘর নির্মাণ করা হলেও সম্প্রতি পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। এতে কাচালং নদের পানির স্বাভাবিক গতি ব্যাঘাত হচ্ছে।

বলক শাহ এলাকায় নদের পাড় দখল করে গড়ে তোলা একটি ভবনের মালিক মো. আবদুল মান্নান বলেন, ‘আমরা যে ভবন নির্মাণ করেছি, সেটা আমাদের সীমারেখার মধ্যে রয়েছে। সার্ভেয়ারের মাধ্যমে পরিমাপ করে ভবন নির্মাণ করা হয়েছে। অন্য প্রতিষ্ঠানের সীমারেখার সঙ্গে মিল রেখে ভবন করা হচ্ছে।’

বাঘাইছড়ি পরিবেশ আন্দোলন কমিটির সভাপতি মো. আবুল ফজল বলেন, কিছু ভূমিদস্যু নদ দখল নিজের মতো করে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলছে। এমনকি পৌরসভা কর্তৃপক্ষও স্থাপনা নির্মাণ করছে নদের পাড় দখল করে। এ ব্যাপারে সংগঠনের পক্ষ থেকে নদ দখলের প্রতিবাদ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পরিকল্পনা রয়েছে।

পৌর মেয়র মো. আলমগীর কবির প্রথম আলোকে বলেন, ‘আমরা মাছ ব্যবসায়ীদের জন্য একটি ভবন করছি। সেখানে মাছের হাট বসানো হবে। ভবনের বেশির ভাগ অংশ কাচালং নদে হলেও পানি চলাচলের কোনো সমস্যা হবে না। কারণ নিচে অংশে ফাঁকা রাখা হয়েছে, শুধু পিলার থাকবে।’ তিনি বলেন, পৌর শহরে একটা ভালো মাছের হাট নেই। সে জন্য মসজিদ মার্কেট এলাকায় নদের পাড়ে মাছের বাজারের জন্য স্থান নির্ধারণ করে প্রকল্পের মাধ্যমে ভবন নির্মাণ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বাঘাইছড়ি উপজেলায় নদ রক্ষায় একটি কমিটি রয়েছে। সেই কমিটির আমি সভাপতি। নদ দখল হলে কমিটি স্থাপনার তালিকা করে জেলা প্রশাসক কার্যালয়ে পাঠাবে। সেখান থেকে উচ্ছেদ করার নোটিশ এলে আমরা আমরা কাজ করি। কাচালং নদের পাড় দখলের বিষয়ে গত মাসিক সভায় উত্থাপন করা হয়েছে। তা ছাড়া আমিও নতুন এসেছি। কোথায় কী আছে, এখনো ভালোভাবে জানি না। সরেজমিনে দেখে অবৈধ স্থাপনাগুলো তালিকা করা হবে।’