কাচালং নদীতে অবৈধভাবে বেড়া দিয়ে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাচালং নদীতে এভাবে বেড়া দিয়ে মাছ শিকার করা হচ্ছে l প্রথম আলো
কাচালং নদীতে এভাবে বেড়া দিয়ে মাছ শিকার করা হচ্ছে l প্রথম আলো

বিশাল এলাকাজুড়ে বাঁশের খুঁটি, তাতে জড়ানো রয়েছে জাল। মাঝে এক চিলতে ফাঁকা জায়গা দিয়ে চলছে জাহাজ। রাঙামাটির বাঘাইছড়ির কাচালং নদীতে প্রায় ৩০টি স্থানে এভাবে বেড়া দিয়ে ধরা হচ্ছে মাছ। এতে নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে রাঙামাটি-বাঘাইছড়ি রুটে জাহাজ চলাচল।
সম্প্রতি কাচালং নদী ঘুরে নদীর অর্ধেক এলাকায় এ ধরনের বেড়া দেখা গেছে। প্রতি এক কিলোমিটারে এমন সাত থেকে আটটি বেড়া দেখা গেছে। মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী এ ধরনের বেড়া দিয়ে মাছ শিকার করা নিষিদ্ধ হলেও তা মানছেন না কেউ।
নৌযানচালক ও স্থানীয় লোকজন জানান, গত সেপ্টেম্বর মাস থেকেই কাচালং নদীতে বেড়া দেওয়া হচ্ছে। শুরুতে মাত্র আট থেকে দশটি বেড়া ছিল। এখন তা বেড়ে ৩০ থেকে ৩৫টিতে দাঁড়িয়েছে। এখনো বেড়ার সংখ্যা বাড়ছে। স্থানীয় জেলেরা নদীতে বেড়া দিয়ে মাছ শিকার করছেন বলে অভিযোগ করেন তাঁরা।
উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তারাও বিষয়টি স্বীকার করেছেন। তাঁরা জানান, কাচালং নদীর খেদারমারা ইউনিয়নের দূরছড়ি বাজার ও আমতলী ইউনিয়নের মাহিল্যা পর্যন্ত ছোট-বড় ৩০-৩৫টি বেড়া বা ঘেরা জাল রয়েছে। নদীর এক পাশে সামান্য ফাঁক রেখে শত শত বাঁশ পুঁতে জাল দিয়ে বেড়া তৈরি করা হয়েছে। এ জালে আটকা পড়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনাও মারা যাচ্ছে।
লঞ্চ ও ট্রলারের মালিকেরা অভিযোগ করেন, কাচালং নদীতে বেড়া দেওয়ার কারণে নৌযান চলাচল ঝঁুকিপূর্ণ হয়ে পড়েছে। মাঝেমধ্যে নদীতে জালের সঙ্গে লেগে নৌযানও আটকা পড়ছে।
লঞ্চচালক মো. শফি বলেন, সাত থেকে আট কিলোমিটার দীর্ঘ কাচালং নদীর অর্ধেকের বেশি এলাকায় বেড়া দেওয়া হয়েছে। জাহাজ বা নৌকা চলাচলের পথ প্রায় বন্ধ। বেড়াগুলো সরিয়ে না দেওয়া হলে নৌচলাচলে ভীষণ সমস্যা হবে।
আমতলী এলাকার জেলে মো. জালাল উদ্দিন ও মো. আকবর হোসেন বলেন, ‘আমরা লঞ্চ ও নৌকা চলাচলের জন্য এক দিকে জায়গা রেখে বেড়া দিয়েছি। সেখানে ইচ্ছেমতো যাতায়াত করা সম্ভব। পানি কমলে বেড়াগুলো ছোট করব। আমরা যা মাছ ধরি তা দিয়ে সংসার চলে না। নদীতে বেড়া দেওয়ার নিয়ম না থাকলেও বেশি মাছ পাওয়ার আশায় বাধ্য হয়ে এ কাজ করছি।’
উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা বলেন, ‘গত বছর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনেক বেড়া ভেঙে দিয়েছি। কিন্তু অভিযানে গেলে রাজনৈতিক নেতা ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেন। এ বছর এখনো অভিযোগ না পাওয়ায় অভিযান চালানো যাচ্ছে না। শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুফিদুল আলম বলেন, ‘১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী নদীতে প্রতিবন্ধকতা তৈরি বা বেড়া দিয়ে মাছ শিকার নিষিদ্ধ। এ বিষয়ে মৎস্য কর্মকর্তাকে শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য নির্দেশ দিয়েছি।’