কাচালং নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি এলাকা থেকে মাহিল্যা পর্যন্ত প্রায় আট কিলোমিটারজুড়ে কাচালং নদীতে আড়াআড়িভাবে অর্ধশতাধিক বাঁধ দিয়ে অবৈধভাবে মাছ ধরা হচ্ছে। এতে একদিকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা নিধন হচ্ছে, অন্যদিকে বাঘাইছড়ি-রাঙামাটির একমাত্র যাতায়াতব্যবস্থা নৌযান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। এলাকাবাসী জানান, উপজেলার সারোয়াতলী ইউনিয়নের দুরছড়ি-খাগড়াছড়ি থেকে মাহিল্যা পর্যন্ত কাচালং নদীতে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে শত শত বাঁশ দিয়ে অর্ধশতাধিক বাঁধ দেওয়া হয়েছে। বাঁধগুলোতে জাল দিয়ে বিশেষ ফাঁদ পাতা হয়। এতে রুই, কাতলা, মৃগেল, মলা, বোয়াল, চিংড়ি, সরপুঁটি, ট্যাংরা ও টাকিসহ বিভিন্ন প্রজাতির মাছ আটকা পড়ছে। বড় মাছের সঙ্গে এসব জালে আটকা পড়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনাও। বাঁধ দেওয়ার কারণে রাঙামাটি থেকে একমাত্র যোগাযোগ মাধ্যম লঞ্চ, টেম্পো বোট ও ট্রলারসহ বিভিন্ন নৌ চলাচল ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। উপজেলার মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা বলেন, উপজেলা দুরছড়ি-খাগড়াছড়ি থেকে মাহিল্যা পর্যন্ত ছোট-বড় অর্ধশতাধিক বাঁধ (স্থানীয় ভাষায় ঘেরা জাল) রয়েছে। সেগুলো সম্পূর্ণ অবৈধ। মৎস্য বিভাগের অনুমতি নেওয়া হয়নি। সম্প্রতি অভিযান চালিয়ে ১২টি জাল উদ্ধার করা হয়েছে। ছয়টি অবৈধ বাঁধ ধ্বংস করে দেওয়া হয়েছে। সে সময় পাঁচ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে। লঞ্চ ও টেম্পো মালিকেরা অভিযোগ করেন, কাচালং নদীতে বাঁধ দেওয়ার কারণে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে নৌযান চলাচল মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বাঁধের পাশাপাশি কর্ণফুলী কাগজকলের জন্য প্রতিদিন এই পথে হাজার হাজার বাঁশ যায়। এতেও কাচালং নদীর ওই এলাকায় নৌযান আটকা পড়ে। প্রশাসন শিগগির ওই অবৈধ বাঁধগুলো সরিয়ে না দিলে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা করছেন তাঁরা। জেলে মো. হারুন অর রশিদ বলেন, এই বাঁধ দেওয়ার ফলে অনেক পরিবারের সংসার চলছে। লঞ্চ ও টেম্পো বোট চলাচল করার জন্য আমরা একপাশে জায়গা রেখেই বাঁধ দিয়েছি। এই মৌসুমে বেশি মাছ ধরা পড়ে । লঞ্চ চালক মো. আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা অনেকবার বলেছি কিন্তু কোনো কাজ হয়নি। আমাদের ওপর উল্টো হুমকি দেয়। দুরছড়ি থেকে মাহিল্যা পৌঁছতে ৩০ মিনিটের জায়গায় এখন সময় লাগে এক ঘণ্টা।’ গত মাসে বেশ কয়েকবার বাঁধের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান।