কাচালং নদীতে মা-মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রজনন মৌসুমে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নদী ও খালবিলে নির্বিচারে মা-মাছ শিকার করছেন জেলেরা। এ কাজে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করছেন তাঁরা। ফলে উপজেলার বিভিন্ন প্রজাতির মাছের অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞ ব্যক্তিরা। বাঘাইছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত কাচালং নদী কাপ্তাই হ্রদের সঙ্গে মিশেছে লংগদু উপজেলার মাইনীমুখ এলাকায়। বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে কাপ্তাই হ্রদের বিভিন্ন প্রজাতির মা-মাছ কাচালং নদীতে ডিম দেওয়ার জন্য চলে আসে। এ ছাড়া কাচালং নদীর শাখা নদী ও বিভিন্ন বিলেও মা-মাছ অবাধে বিচরণ করে। এই সুযোগে হাজার হাজার অসাধু জেলে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করছেন। এতে কাপ্তাই হ্রদের বিভিন্ন প্রজাতির মাছের অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি কাচালং নদী ও উপজেলার বিভিন্ন জলাশয় ঘুরে দেখা গেছে, শত শত জেলে মা-মাছ শিকার করছেন। কাচালং নদীতে আমতলী এলাকা থেকে করেঙ্গতলী পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে মাছ শিকারিরা মাছ ধরছেন। এই মাছগুলো দীঘিনালা-খাগড়াছড়ি, চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এ বছরও মে, জুন ও জুলাই মাস কাচালং নদী ও বিলে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই নিষেধাজ্ঞার কথা স্থানীয় প্রশাসন মাইকযোগে প্রচার করেছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিন অবাধে ডিমযুক্ত মা-মাছ ধরছেন স্থানীয় জেলেরা। সম্প্রতি অভিযান চালিয়ে আটটি কারেন্ট জাল আটক করা হয়।জানা গেছে, প্রজনন মৌসুমে মাছ না ধরার জন্য সরকার জেলেদের মধ্যে ভিজিএফ কার্ড বিতরণ করেছে। এর পরও মাছ শিকার বন্ধ করা যাচ্ছে না। বাঘাইছড়ি উপজেলার ৫২৭ জন জেলেকে ভিজিএফ কার্ড দেওয়া হয়েছে। প্রতি জেলেকে প্রতি মাসে ২০ কেজি চাল দেওয়া হচ্ছে। এ সুবিধা তাঁরা তিন মাস পর্যন্ত পাবেন বলে জানা গেছে। তবে স্থানীয় জেলেদের অভিযোগ, উপজেলায় প্রায় হাজারখানেক জেলে থাকলেও সরকার মাত্র ৫২৭ জনকে ভিজিএফ সুবিধা দিয়েছে। এ ছাড়া যে পরিমাণ চাল দেওয়া হচ্ছে তা দিয়ে একটা পরিবার চলতে পারে না। কোনো উপায় না থাকায় নিষেধাজ্ঞা অমান্য করে তাঁরা মাছ ধরছেন।জেলে মো. আবদুল আলিম বলেন, ‘আমি কোনো ভিজিএফ কার্ড পাইনি। এখন মাছে ডিম আছে জেনেও পেটের জ্বালায় বাধ্য হয়ে মাছ ধরছি। সব সময় পুলিশের ভয়ে থাকি।’ মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, প্রজননের সময় যেভাবে মা-মাছ ধরা হচ্ছে আগামী দিনে মাছের অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে উপজেলার নদী ও খাল-বিল থেকে বিভিন্ন প্রজাতির মাছ হারিয়ে গেছে।উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা বলেন, নিষেধ অমান্য করে কাচালং নদীর ২৫ কিলোমিটার এলাকাজুড়ে মাছ ধরা হচ্ছে। এই বিশাল এলাকায় একদিকে টহল দিলে জেলেরা অন্যদিকে চলে যায়। এর পরও একাধিকবার অভিযান চালানো হয়েছে। আটটি কারেন্ট জাল আটক করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান ভূঁইয়া বলেন, ‘মাছ ধরা বন্ধে পুলিশ একাধিকবার অভিযান চালিয়েছে। তবে জেলেরা সচেতন না হলে কোনো অভিযানেই সুফল পাওয়া যাবে না।