কাচালং নদীর ভাঙনে সড়ক বিলীন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের বারিবিন্দুঘাট এলাকায় কাচালং নদীর দক্ষিণ পাড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এর ফলে দুটি সড়ক ও ৩০০ ফলের গাছ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এ ছাড়া কাচালং নদীর গতিপথ পরিবর্তনের আশঙ্কায় সাতটি গ্রামের মানুষ চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত সপ্তাহে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাচালং নদীতে পানির স্রোত বেড়ে যায়। গত ২৭ জুন থেকে বারিবিন্দুঘাট এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়। ইতিমধ্যে ভাঙনের কবলে পড়ে বারিবিন্দুঘাট-কদমতলী ও বারিবিন্দুঘাট-উন্নয়ন বোর্ড সড়ক নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এ ছাড়া ওই এলাকার ৩০০ সুপারি, নারিকেল, আম ও কাঁঠালগাছ নদীর গর্ভে চলে গেছে।
স্থানীয় লোকজন জানান, জরুরিভিত্তিতে ভাঙন রোধ করা না হলে বারিবিন্দুঘাট এলাকা বিলীন হয়ে যাবে। ভাঙন বাড়লে কাচালং নদীর গতিপথও পাল্টে যাবে। এর ফলে ভাঙনের মুখে পড়বে তুলাবান, মুসলিম ব্লক, মহাজনপাড়া, গুচ্ছগ্রাম, মধ্যমপাড়া, কলেজপাড়া, হাজীপাড়া ও মাস্টারপাড়া গ্রাম।
সরেজমিনে দেখা গেছে, বারিবিন্দুঘাট এলাকায় ইতিমধ্যে দুটি সড়ক কাচালং নদীর গর্ভে বিলীন হয়েছে। তিন দিন ধরে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। অন্য কোনো ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে হেঁটে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা।
বাড়িবিন্দুঘাট এলাকার বাসিন্দা জ্ঞান বিকাশ চাকমা বলেন, ‘কাচালং নদীতে যেভাবে ভাঙন শুরু হয়েছে যেকোনো সময় আমাদের বাড়িঘর ভেসে যাবে। বৃষ্টি হলে কাচালং নদীতে স্রোত বেড়ে যায়। এলাকার ৬০ থেকে ৭০ পরিবারের মানুষজন উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।’
তুলাবান গ্রামের প্রধান আলোক বিকাশ খীসা বলেন, ভাঙন রোধের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। কিন্তু কেউ উদ্যোগ নেয়নি এ পর্যন্ত। যেভাবে ভাঙন শুরু হয়েছে কাচালং নদীর গতিপথ পাল্টে যাবে এবং নদীটি তুলাবান গ্রাম দিয়ে প্রবাহিত হবে। এতে শত শত পরিবার ক্ষতিগ্রস্ত হবে। মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তন্টু মনি চাকমা বলেন, কাচালং নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। দুদিনে দুটি সড়ক ও ব্যাপক ফলদ গাছ নদীর গর্ভে চলে গেছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। আপাতত চলাচল করা জন্য ইউনিয়নে পরিষদের উদ্যোগে বিকল্প রাস্তা তৈরি হচ্ছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি বলেন, ‘বারিবিন্দুঘাট এলাকার লোকজন আমাকে ভাঙনের কথা বলেছেন। কিন্তু সীমিত বরাদ্দে ওই ভাঙন রোধ করা সম্ভব নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সব বিভাগকে জরুরিভিত্তিতে ভাঙন রোধের ব্যবস্থা নেওয়ার জন্য লিখিকভাবে জানানো হবে।’