কাচের ডিজাইনে সৃজনশীল পেশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৎবাঁধা চাকরি যাঁদের পছন্দ নয়, নিজের মতো করে কাজ করে পেশা গড়তে যাঁরা পছন্দ করেন, তাঁরা অনায়াসে শুরু করতে পারেন ব্যবসা। ব্যবসার কথা শুনলেই অনেকের পিলে চমকে যায়। ব্যবসা মানে অনেক টাকার খেলা, নানা পরিকল্পনা—সঙ্গে দৌড়ঝাঁপ তো আছেই। কিন্তু একবার ভাবুন তো, এমন কোনো স্বাধীন পেশা কি বেছে নিতে ইচ্ছে করে না, যেখানে অনায়াসে সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব।কাচের ওপর আঁকিবুঁকি করে নিজের সৃজনশীল পেশা গড়া সম্ভব—বললেন ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনের ব্যবস্থাপনা পরিচালক স্থপতি সাইদা ফজিলাতুন নাজ। এত কিছু থাকতে কাচের ওপর কেন সৃজনশীল নকশা? এর উত্তরটাও বেশ জোরালোভাবে দিয়েছেন তিনি। তাঁর মতে, সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানোর নানা উপায় থাকলেও কাচ দিয়ে ডিজাইন করা যেকোনো কিছুর চাইতে একটু আলাদা আর আকর্ষণীয় করার উপায় থাকে। তবে কাচের ওপর ডিজাইন মানে কিন্তু নিছক কাচের ওপর রঙের আচড় দেওয়া নয়। কখনো কাচ কেটে বা কাচের ওপর এসিড ও ধাতব পদার্থ, আবার পাতলা কাপড় ব্যবহার করেও ডিজাইন করা হয়। কাচের কাজ শেখার পাঠশালা: কাচের ওপর ডিজাইন করার কয়েকটি পদ্ধতি থাকলেও একমাত্র কাচ কেটে আঠা, এসিড, মোম, কয়েক রকমের রং ও ধাতব পদার্থ ব্যবহার করে ডিজাইন করা শেখানো হয় ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনে—এমনটিই জানান সাইদ ফজিলাতুন নাজ। কাচের ওপর রং দিয়ে আল্পনা ছাড়া কেবল কাচ কেটে ডিজাইন করা শিখতে সময় লাগবে দুই মাস। বছরে তিনবার এই কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। আর এর প্রতিটি ধাপই হলো কাচবিষয়ক। প্রথমে বুঝতে হবে কাচের ধরন। কোন ধরনের কাচ কাটতে কী ধরনের এসিড ব্যবহার হচ্ছে, সেদিকে লক্ষ রাখা জরুরি। এখানে মূলত প্রথাগত কাচ কাটা শেখা থেকে কাচে এসিড ঢেলে খোদাই করা, আঠা দিয়ে অন্য কাচ বসানো, কাচের ওপর চিকন পিতল তামার পাত বসানো এবং সর্বশেষ স্প্রে রং বা পেইন্টের কাজ শেখানো হয়। মানুষ, ফুল, লতা-পাতার আকার দেওয়া হলো কাচ কেটে। কেবল কাচ কেটে নানা ধরনের শোপিস, গয়না তৈজসপত্র বা ঘর সাজানোর আনুষঙ্গিক জিনিসই তৈরি করা শেখায় না, সঙ্গে সঙ্গে এগুলোর যত্ন কীভাবে নিতে হবে, সে বিষয়ে সম্যক ধারণা দিয়ে থাকে।শেখার যোগ্যতা: সাইদা ফজিলাতুন নাজ বলেন, কোনো জড় বস্তু সৃষ্টির মধ্যে যদি প্রাণের স্পন্দন পাওয়া যায়, তাহলে সেই সৃষ্টি সার্থক। তাই এই প্রতিষ্ঠানে কাচ কেটে ডিজাইনের কোর্স করতে হলে আঁকা-আঁকির হাত ভালো থাকা জরুরি। এ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষা গুরুত্বপূর্ণ নয়। লিখতে আর পড়তে পারলেই হয়। কেননা এই প্রতিষ্ঠান মূলত হাতের কাজকে প্রাধান্য দিয়ে থাকে। পেশা গড়তে কতটা সহায়ক: স্নাতক শেষ করে কোর্স করতে আসা সুমিকো বলেন, আমি একটি রেস্তরাঁর মালিক, পাশাপাশি কাচের ডিজাইন শিখছি। এখন আমার রেস্টুরেন্টে খাবার বিক্রির সঙ্গে কাচ দিয়ে তৈরি শোপিস রেখে বিক্রি করছি। আমার উপার্জন আগের চেয়ে বেড়েছে। ঘরে বসেও এই ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত হয়ে পেশা গড়া যায় বলে মনে করেন এই নারী। ফজিলাতুন নাজও বলেন, খুব অল্প পুঁজি দিয়ে ঘরে বসেই যে কেউ এই সৃজনশীল পেশায় আসতে পারেন।