কাচের বিস্ময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিউজিও অরলিনার অন্দরে। ছবি: ভিয়াজেরওকিন ডট কম
মিউজিও অরলিনার অন্দরে। ছবি: ভিয়াজেরওকিন ডট কম

আমাদের ট্যুর গাইড ডেনিস মারিস্তানি বলছিলেন, ওই যে দেখছ ছোট ছোট ঘর, ওগুলো একসময় ছিল খুব সস্তা, গ্রামের সাধারণ মানুষের বাসাবাড়ি। পর্যটন ব্যবসায়ীরা সেগুলো কিনে খুব দামি কটেজ বানিয়েছেন। লক্ষ করলাম ছোট ছোট টিলার ওপর সুন্দর ডিজাইনের কাঠের বাড়ি। পাকা রাস্তা প্রতিটি বাড়ির দোরগোড়ায় চলে গেছে। মহানগরের কোলাহল থেকে দূরে, সবুজ প্রকৃতির বুকে কিছু সময় কাটিয়ে গেলে নিঃসন্দেহে আয়ু বাড়বে অন্তত কয়েক বছর!
জায়গাটা ম্যানিলা থেকে শ খানেক মাইল দূরে। মাত্র ঘণ্টা খানেকের পথ। স্টা রোজা হাইওয়ে ও টাগাটে রিজ রোডের মোড়ে দাঁড়িয়ে তাকালে এক পাশে বিশাল হ্রদ, যা শেষ পর্যন্ত সমুদ্রে মিশেছে। আরেক পাশে পাহাড়ের ঢাল বেয়ে সবুজের সমারোহ। আপনি যদি একবার ওদিকে বেড়াতে যান, তাহলে অবশ্যই কাচের জাদুঘর দেখে আসবেন।
আমরা সেখানেই যাচ্ছি। বিভিন্ন দেশের কয়েকজন অতিথি ম্যানিলা থেকে যাচ্ছি সেখানে। জাদুঘর অনেক দেখেছি, কিন্তু কাচের জাদুঘর যে কী জিনিস হতে পারে, ধারণাই ছিল না। ডেনিস ম্যানিলার আদ্যোপান্ত অনেক কিছুই বলে যাচ্ছেন, কিন্তু কাচের জাদুঘর সম্পর্কে কিছুই বলছেন না। সবাইকে অন্ধকারে রেখেছেন, হঠাৎ অবাক করে দেবেন বলে।

মিউজিও অরলিনা 
আমাদের গাড়িটি ছোট টিলার গা বেয়ে কিছুদূর উঠেই অপর পাশের ঢাল বেয়ে যেন হুড়মুড় করে নামতে থাকল, ঝুপ করে গিয়ে থামল এক চারতলা বাড়ির সামনে। প্রবেশমুখে লেখা ‘মিউজিও অরলিনা’। এটাই কাচের জাদুঘর। টিলার ওপাশ থেকে বোঝার উপায় নেই যে সামনেই এক আশ্চর্য বাড়ি, যেখানে একজন স্থপতি ব্যক্তিগত উদ্যোগে গড়ে তুলেছেন তাঁর অসাধারণ শিল্পকর্ম নিয়ে একটি জাদুঘর। 

এর দুটি প্রবেশপথ। সামনের দিকের গেট দিয়ে ঢুকলে সরাসরি তিনতলার গ্যালারিতে যাব। এর নিচে দুটি ও ওপরে একটি গ্যালারি। আমাদের গাড়িটি বাড়ির পাশ দিয়ে ঘুরে কয়েক ধাপ নেমে গেল। আমরা জাদুঘর ভবনের নিচতলায় নামলাম।
ভবনটি টিলার গা বেয়ে নেমে গেছে। এ পাশটা একেবারে খোলা, অবারিত। সামনে ছোট আঙিনায় অ্যাম্পি থিয়েটার। উঠোনের দুই পাশে কয়েকটি মনোমুগ্ধকর স্থাপনা দিয়ে সাজানো হয়েছে খোলা আকাশের নিচের এই থিয়েটার স্পেস। মাঝে মাঝে এখানে ম্যানিলা থেকে বিভিন্ন দল এসে গানের আসর বসায়। শত শত গাড়ি নিয়ে দর্শক-শ্রোতারা আসেন। ছোট গ্রামটা আনন্দমুখর করে তোলেন।
আমরা নিচতলায় কাচের শিল্পকর্ম দেখছি। এই সময় খুব ধীর পায়ে সিঁড়ি বেয়ে নেমে এলেন স্থপতি রমন অরলিনা। বয়স একাত্তর। হাসিখুশি। বললেন, এই যে দেখছ সুন্দর ডিজাইনে কাটা কাচের ছোট স্থাপনা, এটি ছিল একটি কাচের ঢেলার মতো জিনিস। কিছুটা ঘোলাটে। ওটা খুব সূক্ষ্ম যন্ত্র দিয়ে সাবধানে ড্রিল করে করে ভেতরে অলিগলি তৈরি করেছি। দেখো, ওই পাশ থেকে তাকালে একটা নীলাভ রশ্মি চোখে পড়বে। এ পাশ থেকে দেখো, তোমার দৃষ্টি পরতে পরতে ঘুরে ঘুরে হালকা সবুজের আভায় হারিয়ে যাবে।
এমন সুন্দর করে তৈরি করা হয়েছে, ভাবা যায় না। একটা নিষ্প্রাণ কাচের দলা থেকে যে এমন প্রাণবন্ত কাঠামো বের করে আনা যায়, তা কল্পনাতীত। রমন সেটা করেছেন। তিনি ফিলিপাইনেই স্থাপত্যবিদ্যা অধ্যয়ন করেন। এরপর উচ্চতর শিক্ষার জন্য চেকোস্লাভাকিয়া গেলেও ফিরে আসেন। কারণ, তিনি কখনো প্রাতিষ্ঠানিক বিধিবন্ধনে আটকে থাকতে চাননি। শিল্পীর স্বাধীন সত্তায় তিনি বিশ্বাসী। তাঁর চোখভরা স্বপ্ন, মনভরা কল্পনা। তিনি ফিরে আসেন। কাচ কেটে হীরার চেয়েও দামি শিল্পকর্ম সৃষ্টির নেশায় মেতে ওঠেন।

জাদুঘরজুড়ে আছে কাচের স্থাপনা ছবি: লেখক
জাদুঘরজুড়ে আছে কাচের স্থাপনা ছবি: লেখক

সত্তরের দশকের শুরুতে তিনি প্রথম কাচ কেটে একটি সুন্দর ফুলগাছ সৃষ্টি করেন। ওই সময়ে তাঁর তৈরি একটি অন্যতম শিল্পকর্ম হলো ‘মায়ের পেটে সন্তান’। কাচ কেটে তৈরি করা স্থাপনাটি তিনি বিক্রি করেন তাঁর এক ব্যবসায়ী বন্ধুর কাছে। পরে কাচের জাদুঘরের জন্য তিনি সেটা ১০ গুণ বেশি দামে কিনে নিতে চাইলে বন্ধু বিক্রি করতে রাজি হননি। কিন্তু তিনি সেই দর্শনীয় শিল্পকর্মটি গ্যালারিতে রাখতে দিয়েছেন তাঁর সংগৃহীত আর্ট পিস হিসেবে।
চারতলায় শিল্পীর নিজের একটি কক্ষ রয়েছে। প্রশস্ত জানালা দিয়ে সমুদ্র পর্যন্ত দেখা যায়। তিনি বললেন, ওই দেখো, দূরে পাহাড়ের কোলে একটি টিনের বাসা খাপছাড়াভাবে দাঁড়িয়ে আছে, দৃষ্টিতে বাঁধে। আমি কর্মীদের পাঠাব ওই বাসার টিনের চালাটি সুন্দর রঙে সাজিয়ে দিয়ে আসবে।
কাচের শিল্পকর্মগুলো বাতাসের জলীয় বাষ্পে নষ্ট হতে পারে। তাই বিশেষ ধরনের টাইলস দিয়ে মেঝে ঢেকেছেন। বাতাস থেকে জলীয় বাষ্প শুষে নিয়ে তা বের করে দেওয়ার গুণ রয়েছে ওই সব টাইলসের।
ফিলিপাইনে প্রায়ই টাইফুন হয়। তাই ঘরের জানালাগুলোয় রয়েছে বিশেষ ধরনের কাচ। প্রবল বাতাসের চাপেও ভাঙে না।
অস্ট্রেলিয়ার আধুনিক কাচশিল্পী গেরি কিং বলেছেন, সেই সত্তরের দশকে বিশ্বের খুব কম দেশেই কাচের শিল্পকর্ম ছিল। রমনের কাজ প্রমাণ করেছে পশ্চিমে নয়, প্রাচ্যেই বরং কাচের অনুপম শিল্পকর্ম বেশি উন্নতি লাভ করেছে এবং তার সূচনায় রয়েছেন এই রমন অরলিনা।