কাচের বয়ামে ভরা ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছিল নাচ। ছবি: নকশা
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছিল নাচ। ছবি: নকশা

‘কাচের বয়াম ভরা ভালোবাসা। যার ওপরের দিকটা আটকে দেওয়া টিনের ঢাকনায়। সেই ভালোবাসা এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের ১৪০টি দেশে পৌঁছে গেছে। আর এই অসম্ভবকে সম্ভব করেছেন এ দেশের মায়েরা—এ দেশের মেয়েরা। এই বয়াম ভরা ভালোবাসা হলো আচার। যার সঙ্গে মিশে থাকে এ দেশের মেয়েদের পরম মমতা।’ ১৬তম প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসে এভাবেই নিজেদের আচার বাজারজাত করার কথা বললেন, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী।
আচার নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে প্রতিবছর এ দেশের নারীদের পুরস্কৃত করে আসছে প্রাণ। এবার পুরস্কার দেওয়া হলো ২২ এপ্রিল বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে। এবার সারা দেশ থেকে জমা পড়েছিল সাত হাজার আচার। বিভিন্ন ধাপ পেরিয়ে বর্ষসেরা আচারের পুরস্কার পেলেন ঢাকার প্রতিযোগী শামসুন নাহার। পুরস্কার হিসেবে পেলেন দুই লাখ টাকা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সেলিমা আহমাদ। বর্ষসেরা আচার ছাড়াও টক, ঝাল, মিষ্টি ও অন্যান্য—এই চারটি বিভাগে তিনজন করে মোট ১২ জন পেয়েছেন পুরস্কার।

বর্ষসেরা আচার বিজয়ী শামসুন নাহার
বর্ষসেরা আচার বিজয়ী শামসুন নাহার

অনুষ্ঠানের শুরুতেই হলভর্তি দর্শকদের নৃত্যের তালে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হয়। অভিনয়শিল্পী নওশীনের উপস্থাপনায় অনুষ্ঠানে গান শোনান সংগীতশিল্পী ফাহমিদা নবী ও ইমরান। এ ছাড়া প্রতিযোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে মঞ্চে আসেন অভিনয়শিল্পী সাজু খাদেম, মিশু সাব্বির ও শবনম ফারিয়া।
এ বছর মোট ২ হাজার ৭৫১ জন প্রতিযোগী অংশ নেন আচার বানানোর এই প্রতিযোগিতায়। ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজে প্রাথমিক বাছাইয়ের পর চূড়ান্ত প্রতিযোগিতায় আসে মোট ৪৮টি আচার। সেখান থেকেই বিচারকেরা বাছাই করে নেন সেরা ১৩টি আচার। যেখানে টক বিভাগে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন আয়েশা জেসমিন, ফৌজিয়া আফসানা বেগম ও সাবেরা মারজানা; মিষ্টি বিভাগে যথাক্রমে তাসনিম করিম, ফারহানা আক্তার ও দিলওয়ারা বেগম; ঝাল বিভাগে সাবিহা পারভীন, তাহমিনা ও আবিদা সুলতানা; অন্যান্য বিভাগে পুরস্কার জিতেছেন যথাক্রমে ফাহমিদা শারমিন, সাদিয়া আফরিন ও লায়লা সিদ্দিক। পুরস্কার হিসেবে বিজয়ীরা পেয়েছেন এলইডি টিভি, ল্যাপটপ ও আইপিএস। এ ছাড়া চূড়ান্ত পর্বে আসা বাকি প্রতিযোগীরা পেয়েছেন একটি করে ডিনার সেট।
এ বছর চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী লায়লা হাসান, গার্হস্থ্য অর্থনীতি কলেজের উপাধ্যক্ষ নিশাত পারভীন, পুষ্টিবিদ তামান্না রহমান, রন্ধনশিল্পী নাজমা হুদা, বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম, সংগীতশিল্পী অনিমা রায়, সংবাদ পাঠক মুমতাহিনা হাসনাত, নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত, অভিনেত্রী শবনম ফারিয়া ও আরএফএল হোম মেকার অব দ্য ইয়ারের প্রথম রানারআপ নাজমীন হিমা।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাণ-আরএফএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী ও চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক ইসরারুল হক। অনুষ্ঠানে জানানো হয় পুরস্কারপ্রাপ্ত আচার থেকে রেসিপি নিয়ে প্রাণ তা বাজারজাতকরণের ব্যবস্থা করে। এ ছাড়া প্রয়াত প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা আমজাদ খান চৌধুরীর স্মরণে একটি তথ্যচিত্র দেখানো হয়। এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার চ্যানেল আই।

মঞ্চে আচার প্রতিযোগিতার বিচারকেরা
মঞ্চে আচার প্রতিযোগিতার বিচারকেরা