সুইডেনের স্টকহোমের বাসিন্দা ৩১ বছর বয়সী জন হলমিন এমনিতে একজন গ্রাফিক ডিজাইনার। তবে সেই ছেলেবেলা থেকেই তাঁর মাথায় পোকার পোকা ঢুকেছিল। আক্ষরিক অর্থেই পোকা! চারপাশের পোকামাকড় নিয়ে তাঁর ছিল বেজায় আগ্রহ। প্রকৃতির খুদে প্রাণীগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন সময় পেলেই। তারপর শুধু দেখাই নয়, আর দশজনকেও দেখাতে চাইলেন তিনি। কারণ, বিশাল এক রহস্যের খোঁজ পেয়েছেন তত দিনে!সেই রহস্যের কথা শুনুন জনের কাছেই, ‘যারা কিনা পোকামাকড়ের ব্যাপারে উৎসাহী নন, তাঁদের পোকামাকড়ের ছবি তুলে দেখানোটা দারুণ মজার ব্যাপার। কারণ, আমি জানি, অতিসাধারণ একটি পোকাকে খুব কাছ থেকে দেখলে যে কারও চোখ ছানাবড়া হতে বাধ্য!’ এবার নিশ্চয়ই পাশের ছবির রহস্য খোলাসা হয়েছে আপনার কাছে? হ্যাঁ, সাধারণ কতগুলো পোকামাকড়ের এই ছবিগুলো খুব কাছ থেকে তোলা।সাধারণ পতঙ্গগুলোকে এভাবে রহস্যময় করে তোলার পেছনে যে কারিকুরি বা পরিশ্রম আছে, সেসব কথা ভুলে গেলে কিন্তু চলবে না। শখের আলোকচিত্রী হলেও জন তাঁর জীবনের অধিকাংশ সময়ই ব্যয় করেছেন পোকামাকড়কে কাছ থেকে দেখতে দেখতেই। দিন নেই, রাত নেই, ঘণ্টার পর ঘণ্টা পোকাদের পেছনে লেগে থেকেছেন। ছোঁক ছোঁক করে ঘুরেছেন বিশেষ মুহূর্তের বিশেষ কোনো প্রজাতির একটি পতঙ্গের খুব নিকটবর্তী ছবি ক্যামেরায় ধরে রাখতে। ছবি তোলা হলে জন নিজের স্টুডিওতে বসেন সেগুলো নিয়ে। সেখানে প্রযুক্তির সহায়তায় একেকটি পতঙ্গের স্বাভাবিক আকারের চেয়ে প্রায় ২৩ গুণ পর্যন্ত বড় করে ফেলেন। মানুষকে বোঝাতে চান, কাছ থেকে দেখো, এই পোকামাকড়েরও আছে বিপুল সৌন্দর্য। শুধু প্রকৃতিতেই ছবি তোলেন না জন, কখনোসখনো মৃত কোনো পতঙ্গ পেলে নিয়ে যান স্টুডিওতে। সেখানেই তুলে রাখেন সেটির ছবি।ওয়েবসাইট অবলম্বনে