কাছে টানবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাবা তোমাকে অনেক ভালোবাসি’ বুঝতে শেখার পর বারবার বলতে ইচ্ছে করা এই মধুর বাক্যটি আমি আমার বাবাকে দুবার বলেছি। তা-ও সামনে দাঁড়িয়ে নয়, মোবাইল ফোনে, এসএমএসের মাধ্যমে। বাবার জন্মদিনে। কলেজে পড়ি। লক্ষ করছি, যত বড় হচ্ছি বাবার সঙ্গে দূরত্ব বাড়ছে। সংকোচ বাড়ছে। আমার কোনো প্রয়োজনে বাবাকে পাশে পাই না, মাকে পাই। আমি বাবার দূরের কেউ হয়ে যাচ্ছি। ছোটবেলার মতো বাবা এখন আর জড়িয়ে ধরে না। মাথায় হাত বুলিয়ে দেয় না। এই সর্বনাশটা হয়েছে কৈশোরে পা রাখার পর থেকে। আমি জানি বাবার সম্পর্ক ছিন্ন করার মতো নয়। তবে কেন আমার বাবা আমাকে আগের মতো কাছে টেনে নেয় না। কেন আমার মনের চাহিদা বোঝে না। আমিইবা কেন বাবার পাশে বসতেও সংকোচ বোধ করি।
খুব মনে পড়ে বাবা তুমি আমাকে কখনো কোলে, আবার কখনো কাঁধে নিয়ে ঘুরতে। এটা-ওটা কিনে দিতে। এখনো দাও, তবে তুমি কিনে দাও না। তোমার টাকায় মা কিনে দেয়। কিন্তু বাবা, আমার যে খুব ইচ্ছে করে আগের মতো আঙুল ধরে তুমি আমাকে দোকানে নিয়ে যাবে, তারপর আমি যা চাইব, তাই কিনে দেবে।
সত্য হলো, আমার বাবা আমার সব প্রয়োজন মেটায়। আমার যেকোনো সাফল্যে খুশি হয়। যেহেতু আমার সব দায়িত্ব মায়ের ওপর ছেড়ে দিয়ে দায় সেরে বসে থাকেন, সেই কারণে আমি আমার বাবাকে আদর্শ বাবা বলব না। মোটামুটি আদর্শ বাবা বলা যায়। পুরোপুরি আদর্শ বাবা তখনই বলব, যখন তুমি আমাকে কাছে টানবে ও নিজ দায়িত্বে আমার চাহিদা পূরণ করবে।