কাছে থেকে দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিনা দুর্ঘটনায় আহত হাজিদের হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। ছবি: এএফপি
মিনা দুর্ঘটনায় আহত হাজিদের হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। ছবি: এএফপি
পবিত্র হজব্রত পালনের সময় গত ২৪ সেপ্টেম্বর মিনার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেক হাজি। আহতের সংখ্যাও কম নয়। হজের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রথম আলোর প্রতিনিধি ফেরদৌস ফয়সাল প্রত্যক্ষ করেছেন এই দুর্ঘটনার পরবর্তী মুহূর্তগুলো। বাংলাদেশ থেকে অসংখ্য মানুষের উৎকণ্ঠিত ফোন পেয়েছেন। শুনেছেন স্বজনদের আহাজারি। আহত হাজিদের দেখতে, কখনো বা মৃতদেহের খোঁজে ঘুরেছেন হাসপাতাল আর মর্গে। তিনি লিখেছেন সেই মর্মস্পর্শী অভিজ্ঞতা।
তাপমাত্রা বেশি, তাই পানি দিচ্ছেন দমকল কর্মীরা। ছবি: এএফপি
তাপমাত্রা বেশি, তাই পানি দিচ্ছেন দমকল কর্মীরা। ছবি: এএফপি

‘বাবা-মা আমার সামনেই মারা গেলেন, আমিও মরে যাচ্ছি’—এই বাক্যটি বলার পরই মোবাইল ফোনের সংযোগ কেটে গিয়েছিল। তারপর থেকেই বন্ধ ফোন। ২৪ সেপ্টেম্বর সৌদি আরবের মিনার ২০৪ নম্বর রাস্তায় দুর্ঘটনাস্থল থেকে ফোন করে প্রিয়জনদের কথাগুলো বলেছিলেন তিনি। ওদিকে তখন পরিবারের অন্য সদস্যদের অবস্থা সহজেই অনুমেয়। তারপর মক্কার হজ কার্যালয়ে ওই পরিবারের সদস্যরা যোগাযোগ করেছিলেন। জানিয়েছিলেন মর্মস্পর্শী সেই দূরালাপের কথা।

এবারে পবিত্র হজের সময় মিনায় মর্মান্তিক দুর্ঘটনার পর দুনিয়াজুড়ে অসংখ্য মানুষ ছিলেন উৎকণ্ঠিত, শোকাহত। প্রথম আলোর পক্ষ থেকে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই সমাবেশের সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলাম। হজব্রত পালনের অংশ হিসেবে লাখো মানুষের ভিড়ে সেদিন আমিও মিনায় ছিলাম। বাংলাদেশ থেকে মুহুর্মুহু ফোন আসতে থাকে আমার কাছে। ছুটে যাই হাসপাতালে, এখানে-সেখানে। দুর্ঘটনার পরের ঘটনাগুলোও দেখতে থাকি, শুনতে থাকি।

দুর্ঘটনার পর অ্যাম্বুুলেন্স দেখছেন এক হাজি
দুর্ঘটনার পর অ্যাম্বুুলেন্স দেখছেন এক হাজি

২৪ সেপ্টেম্বর: মিনা
আমরা রাত কাটালাম মুজদালিফায়। সকালে রওনা হলাম মিনার উদ্দেশে। মিনার রাস্তাগুলো দখল করে নিয়েছে অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি। তাঁবুতে পৌঁছানোর একমাত্র উপায় হাঁটা। অন্যবারের তুলনায় এবার আগেভাগেই শয়তানকে পাথর নিক্ষেপ করে সকাল নয়টার মধ্যে তাঁবুতে চলে এলাম। ক্লান্ত থাকায় শুয়েছিলাম। অ্যাম্বুলেন্সের শব্দে ঘুম আসছিল না। প্রথমে ভাবলাম এটা স্বাভাবিক। মিনায় বাংলাদেশ হজ কার্যালয়ের তাঁবুর ঠিকানা ৯/৫৬। অর্থাৎ ৫৬ নম্বর রাস্তার ৯ নম্বর তাঁবু। কয়েকজন হাজি এসে বললেন, পাথর মারতে গিয়ে কয়েক শ মানুষ মারা গেছে, তাই এত অ্যাম্বুলেন্স। তাঁকে বললাম, এটা কয়েক বছর আগে হতো, এখন পাথর মারতে গিয়ে পদদলিত হয়ে আর মানুষ মারা যায় না। কিছুক্ষণ আগে আমরা পাথর মেরে ফিরেছি। তা ছাড়া জামারার (শয়তানকে পাথর মারার স্থান) পরিসর এখন অনেক বড়। প্রায় এক কিলোমিটার জায়গাজুড়ে জামারা।
আরেকজন এসে বলল, কয়েক হাজার মানুষ মারা গেছে। আমাদের তাঁবু থেকে জামারা যাওয়া-আসা প্রায় তিন কিলোমিটার পথ। প্রথমেই বিবিসি রেডিও থেকে ফোন পেলাম। বাংলাদেশ থেকে পরিচিত-অপরিচিত ব্যক্তিরা ফোন দিচ্ছেন। প্রিয়জনদের খোঁজখবর নিচ্ছেন। তাঁবু থেকে বেরিয়ে দেখি অসংখ্য অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর গাড়ি। আরও রয়েছে পুলিশ, সেনাসদস্য, রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মী। কিছু দূরে দেখা গেল, বড় ট্রাক থেকে স্ট্রেচার নামানো হচ্ছে। ঘটনাস্থলের চারপাশ পুলিশ ঘিরে রেখেছে। মুখে সবার মাস্ক। আমিও তাৎক্ষণিকভাবে তাদের সঙ্গে স্বেচ্ছাসেবক হয়ে গেলাম। কারণ, সৌদি আরবে সাংবাদিক পরিচয়ে ভোগান্তি কম নয়। গিয়ে দেখি একজনের ওপর আরেকজন—স্তূপাকারে মৃতদেহ। সত্যিই হৃদয়বিদারক।
দমকল বাহিনীর সদস্যরা ক্রেন দিয়ে বৃষ্টির মতো ঠান্ডা পানি ছিটাচ্ছিলেন। মনে হচ্ছিল যেন বৃষ্টি পড়ছে। প্রচন্ড গরমে একটু শীতলতা। দু-একজন কৌতূহলী মোবাইল ফোনে ছবি তোলার চেষ্টা করছিলেন। পুলিশ তাঁদের বাধা দিচ্ছে। যেদিকে তাকাই শুধু লাশ আর লাশের সারি। যাঁরা আহত, তাঁদের অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। মৃতদেহ রাখা হচ্ছে মাটিতে। কাপড় দিয়ে ঢেকে দেওয়ার সময় বলছে, ‘লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’। এমন দৃশ্য দেখে নিজেকেই সামলানো কঠিন।
বাংলাদেশ থেকে নিয়মিত হজ নিয়ে লেখালেখি করতে যাওয়ার সুবাদে দেশ-বিদেশ থেকে অনেকেই ফোনে খবর নিচ্ছেন। অস্ট্রেলিয়া থেকে আশা নাজনীন অনুরোধ করেন তাঁর বাবাকে মিনায় খুঁজে পেতে এবং তাঁকে গন্তব্যে পৌঁছে দিতে। মিনা দুর্ঘটনায় আশার বাবা দলছুট হয়ে পড়েছিলেন। অনেক খোঁজাখুঁজির পর তাঁকে একসময় খুঁজে পাই। ২/৬৪৩ নম্বর তাঁবুতে পৌঁছে দিই।
আমার সামনে মরক্কো, ক্যামেরুন, চীন, নাইজেরিয়া, ইরান, মিসর—নানা দেশের হাজিদের মৃতদেহ নিথর পড়ে আছে। বাংলাদেশি কেউ আছেন কি না সেটাও দেখছি। উদ্ধারকাজ চলার সময় খাওয়ার পানি বিলি করা হচ্ছে। এক পুলিশসদস্য আমাকে পানি পান করালেন। ঢাকায় পরিবারকে একটা ফোন দিয়ে জানালাম সুস্থ আছি, বেঁচে আছি। কারণ, গত ১১ সেপ্টেম্বর মক্কায় ক্রেন দুর্ঘটনার পর ঢাকা থেকে পরিবার আমাকে ফোনে পায়নি। কোনো একজনের মাধ্যমে শুধু জেনেছিলেন আমি হাসপাতালে। সেখানে যে খবর সংগ্রহের জন্য গিয়েছি, সেটা জানার আগেই সংযোগ কেটে যায়। আমি হাসপাতালে—এটা জেনেই আমার মা, স্ত্রীসহ পুরো পরিবার সারা রাত ছিলেন উৎকণ্ঠায়। ভোরে পরিবারকে জানাতে পারি, ‘সুস্থ আছি।’
২০৪ নম্বর রাস্তায় দেখি হাজার হাজার স্যান্ডেল, হালকা ব্যাগ আর পানির খালি বোতল পড়ে আছে। কয়েকজন হাজি তখনো নিচে পড়ে শুয়ে ছিলেন। তাঁরা জানালেন, সকালে তাঁরা একটা দলে মুজদালিফা থেকে মিনায় জামারার দিকে হেঁটে আসছিলেন। ২০৪ নম্বর রাস্তা দিয়ে আসার সময় হজযাত্রীরা ভিড়ের প্রচণ্ড চাপে পড়েন। সামনের দিকের রাস্তা বন্ধ থাকায় কেউ এগোতে পারছিলেন না আবার পেছন দিক থেকে ধাক্কা। পেছনের ধাক্কা সামলাতে না পেরে অনেকে নিচে পড়ে যান। পুরুষের সঙ্গে থাকা নারী, বিশেষ করে বৃদ্ধ, শিশু, হুইলচেয়ারে বসা নারী-পুরুষ কেউ আর ভারসাম্য ঠিক রাখতে পারেননি।
মিনায় শয়তানকে পাথর মারতে গিয়ে মানুষের চাপ যে কী ভয়াবহ হতে পারে তার অভিজ্ঞতা আমার নিজের হয়েছিল ২০০৬ সালে। অনেক হাজি প্রাণে বাঁচার জন্য রাস্তার পাশে তাঁবুর ওপরে ওঠার চেষ্টা করেন। এবার ওই সব তাঁবুর প্রবেশপথ বন্ধ ছিল। হাজিরা বলেছেন, তাঁবুতে ঢোকার প্রবেশপথ খোলা থাকলে মৃত্যু অনেক কম হতো।
সাধারণত মিনার রাস্তাগুলো একমুখী থাকে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, পুলিশের দায়িত্বহীনতার কারণে এই সময় বিপরীত দিক থেকেও লোকজন আসছিল। দুই দিক থেকেই ছিল মানুষের চাপ। চাপের কারণে নিহত হাজির সংখ্যা বেশি হয়েছে। ভিড়ের চাপে, হুড়োহুড়ি করতে গিয়ে ঘটে এই দুর্ঘটনা।
হবু চিকিৎসক গোলাম মাওলা বললেন, ‘সৌদি পুলিশের দায়িত্বহীনতা দুর্ঘটনা ঘটার অন্যতম কারণ। একমুখী রাস্তায় দুই দিক থেকে চলাচল করতে দেওয়া ঠিক হয়নি। এদিকে আরবি ছাড়া পুলিশসদস্যরা আর কোনো ভাষা বোঝেন না। ফলে তাঁরা যা বলেন, হাজিরা তা বোঝেন না। আবার হাজিদের কথা পুলিশসদস্যরা বোঝেন না।’
একপর্যায়ে লাশের সংখ্যা বেড়েই চলল। দুপুর গড়িয়ে সন্ধ্যা, লাশের পর লাশ গাড়িতে তোলা হচ্ছে। নিরাপত্তাকর্মীরা আমাকে বের করে দেন। অনেক রাত পর্যন্ত বড় বড় কন্টেইনারবাহী গাড়িতে মৃতদেহ তোলা হয়েছে। মিনায় যেখানে আমি দাঁড়িয়েছিলাম, সেখান থেকে সাদা চাদরে ঢাকা মৃতদেহ দেখতে পেয়েছি। দৃষ্টি যত দূর গেছে তত দূরই শুধু মৃতদেহ!

উদ্ধারকাজে এগিয়ে আসেন সবাই
উদ্ধারকাজে এগিয়ে আসেন সবাই

‘ও তো জিন্দা হেয়’
ঢাকার যাত্রাবাড়ী থেকে আসা লতিফুর রহমান জানালেন তাঁর অভিজ্ঞতা। তিনিসহ আটজনের একটি দল মুজদালিফা থেকে হেঁটে মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করতে যাচ্ছিলেন। আগের দিন আরাফাতে প্রচণ্ড গরম ছিল (তাপমাত্রা ৫০ ডিগ্রি সেন্টিগ্রেড)। মুজদালিফায় নির্ঘুম রাত কাটিয়ে সকালে ছয় কিলোমিটার হেঁটে ক্লান্তই ছিলেন তিনি। বললেন, ‘২০৪ নম্বর রাস্তার মুজদালিফা প্রান্ত খোলা থাকলেও মিনার দিকটা বন্ধ ছিল। পেছন দিক থেকে ধাক্কা খাচ্ছিলাম, কিন্তু সামনে একটুও এগোতে পারিনি। মানুষের চাপ ছিল প্রচণ্ড। সেই চাপে আমি নিজেও অসুস্থ হয়ে পড়ি। ভাবছিলাম মারা যাচ্ছি। মোবাইল ফোনে স্ত্রীর কাছ থেকে বিদায়ও নিয়ে নিই। হাজিরা একজন আরেকজনের গায়ের ওপর উঠে যাচ্ছিলেন। একটু পর জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফিরল, চারদিকে তাকিয়ে দেখি লাশের স্তূপ। তখন কানে ভেসে এল উর্দুতে একজন বলছেন, “ও তো জিন্দা হেয়”। মৃত মনে করে লাশবাহী গাড়িতে তোলা হচ্ছিল আমাকে। জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে এসেছি।’
মক্কার হাসপাতালে
মক্কার তারিক আরাফাত হাসপাতালে পড়ে আছেন একজন, মৃত। দেশ থেকে প্রিয়জনেরা ফোন দেন। মোবাইল ফোন বেজে ওঠে। এ পাশে কেউ ধরেন না। একটা সময় মৃতদেহের সঙ্গে থাকা ব্যাগ থেকে ফোনটা নিচে পড়ে যায়। পাশেই ছিলেন চট্টগ্রামের বাঁশখালীর পরিচ্ছন্নতাকর্মী আবদুস শুকুর। তিনি এই হাসপাতালে কাজ করেন। ফোনটি তুলে নেন। দেখেন সর্বশেষ কল করা হয়েছিল মক্কার মিসফালার বাসিন্দা মাহফুজকে। তিনি মাহফুজের নম্বরে ফোন করেন। মাহফুজ মৃত ব্যক্তির আত্মীয়। সবাই মৃতদেহের খবর জানতে চান। কিন্তু হাসপাতাল থেকে মৃতদেহ উধাও। কেউই মৃতদেহের খোঁজ দিতে পারেন না। পরিবারের মানুষের গভীর উৎকণ্ঠা—জীবনের জন্য নয়, কেবল লাশের জন্য। বেশ কয়েক দিন পর মেলে মৃতদেহের খোঁজ।

আহত হাজিদের প্রাথমিক চিকিৎ​সা দেওয়া ​হচ্ছে
আহত হাজিদের প্রাথমিক চিকিৎ​সা দেওয়া ​হচ্ছে

মুয়াইসিমে স্বজনের কান্না
মক্কার মুয়াইসিম (মৃতদেহ রাখার স্থান) এমন কোনো বিখ্যাত জায়গা নয়। কিন্তু এবার মিনার দুর্ঘটনার কারণে এটিই হয়ে গেল বিখ্যাত। সিরাজগঞ্জ সদরের একজন স্ত্রীকে খুঁজছেন, ঢাকার বাড্ডার একজন এসেছেন মায়ের সন্ধানে, চট্টগ্রামের আনোয়ারার একজন—তিনিও মাকে খুঁজছেন, গাজীপুরের পুবাইলের একজন এসেছেন স্ত্রীকে খুঁজতে। প্রতিদিন স্বজনেরা ছুটে আসছেন এখানে। শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন নিহত বা আহত হাজিদের তালিকায় স্বজনের নাম আছে কি না। স্বজনদের কান্নায় মুয়াইসিমের পরিবেশ ভারী হয়ে উঠত। এক বুক হাহাকার নিয়ে একজন কেঁদে কেঁদে বলছেন, ‘মাকে হজে নিয়ে এসেছি, লাশও পেলাম না।’ হবু চিকিৎসক গোলাম মাওলা তাঁর দাদিকে নিয়ে হজে এসেছিলেন। তিনিও খুঁজে পেলেন না দাদির মৃতদেহ। বললেন, ‘দাদিকে খুঁজে পাচ্ছি না, পরিবারকে কী জবাব দেব?’
দুর্ঘটনার পর প্রায় তিন সপ্তাহ ছিলাম মক্কায়। প্রতিদিনই যেতে হয়েছে মুয়াইসিমে। অনেকের চেহারা বিকৃত হয়ে গেছে। চেনা যাচ্ছে না। নিজের কিনে দেওয়া নাকফুল দেখে স্ত্রীকে শনাক্ত করলেন এক স্বামী।
মুয়াইসিমে কর্মরত বাংলাদেশিরা এত মৃত্যু কখনো দেখেননি। কয়েকজন কর্মী জানিয়েছেন, ৯৭২ জনের মরদেহ ধারণের ক্ষমতা মুয়াইসিমের ফ্রিজের। তাঁরা জানান, মৃতদেহের সংখ্যা ছিল অনেক বেশি।
প্রবাসীদের উৎকণ্ঠা
ভোলার লালমোহনের আনিসুল হক। কাজ করেন রিয়াদে। ছুটিতে গিয়েছিলেন বাংলাদেশে। দুর্ঘটনার খবর শুনেই চলে আসেন সৌদি আরবে। ঈদের পরদিন ছুটে যান মিনায়। বাবা আবু সুফিয়ান হজ করতে এসেছিলেন। আনিসুল হকের জন্য কর্মস্থলে যোগ দেওয়া ছিল জরুরি। কিন্তু তাঁকে ছুটতে হয়েছে হাসপাতাল থেকে হাসপাতালে। হজ কার্যালয়সহ কোনো কিছুই বাদ রাখেননি। যে যেখানে বলেছেন, সেখানেই ছুটে যাচ্ছেন বাবাকে খুঁজতে। অনেকটাই হতাশ তিনি। কর্মস্থলে ফিরে গেছেন, কিন্তু শুক্রবার ছুটির দিনে মক্কায় চলে আসেন।
প্রবাসী বাংলাদেশিদের অনেকেরই এমন অবস্থা। মিনার দুর্ঘটনার পর প্রবাসীরা নিজেদের কাজেও মন দিতে পারছেন না।

মিনার এই দুর্ঘটনা বেদনাবিধুর ও মর্মস্পর্শী। তারপরও দেখেছি এই দুর্ঘটনার বেদনা বুকে চেপে লাখো হাজি পবিত্র কাবা শরিফ তাওয়াফ করা, সাই করাসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেছেন। এরপর ফিরেছেন দেশে।