কাছের বন্ধু ওষুধের চেয়েও কাজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো বন্ধুর সংখ্যা বেশি হলে সময় যেমন আনন্দে কাটে, তেমনি মানসিক চাপ ও শারীরিক যন্ত্রণা সহ্য করার সামর্থ্য বাড়ে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ব​েলছেন, বন্ধুসংখ্যা বেশি হলে সেটা শরীরের নানা রকম যন্ত্রণা উপশমে ‘ওষুধের চেয়ে ভালো কাজ করে’।

ওই গবেষকেরা দেখতে পান, বেশি বেশি বন্ধুর সঙ্গে সময় কাটাতে অভ্যস্ত মানুষেরা ব্যথা সইতে পারেন অন্যদের চেয়ে বেশি। এ জন্য এন্ড্রোফিন নামের একধরনের জৈব রাসায়নিক উপাদান দায়ী। এটি মানবদেহে প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক মনোবিজ্ঞান বিভাগের গবেষক ক্যাটেরিনা জনসন বলেন, এন্ড্রোফিন ব্যথানাশক প্রাকৃতিক উপাদান হিসেবে যেমন কাজ করে, তেমনি আনন্দের অনুভূতিও দিতে
পারে। আগের একাধিক গবেষণায় দেখা যায়, এন্ড্রোফিন মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে। প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হলে মানুষের মনে যে আনন্দের অনুভূতি হয়, সেটারও নেপথ্যে রয়েছে এন্ড্রোফিন।

ওই গবেষণার প্রতিবেদন সায়েন্টিফিক রিপোর্টস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, মরফিনজাতীয় ওষুধের তুলনায় এন্ড্রোফিন অনেক বেশি শক্তিশালী ও কার্যকর। অক্সফোর্ডের ওই গবেষকেরা ১৮ থেকে ৩৪ বছর বয়সী ১০১ জন পূর্ণবয়স্ক মানুষের ওপর গবেষণা চালান। তাঁদের জীবনযাত্রা, চাওয়া-পাওয়া, সুখ-দুঃখ ইত্যাদি বিষয়ে নানা প্রশ্ন করেন এবং ব্যথা সহনক্ষমতার কয়েকটি পরীক্ষাও নেন। এতে দেখা যায়, সামাজিক যোগাযোগের পরিমণ্ডল যাঁদের বড়, তাঁরাই বেশি শারীরিক যন্ত্রণা সইতে পারেন।

জনসন আরও বলেন, সাম্প্রতিক গবেষণা অনুযায়ী কেউ বিষণ্নতার মতো মানসিক বৈকল্যে আক্রান্ত হলে তাঁর ওপর এন্ড্রোফিন ঠিকমতো কাজ না-ও করতে পারে। বিষণ্নতার রোগীরা আনন্দের অভাব বোধ করেন এবং সামাজিকভাবেও বিচ্ছিন্ন হয়ে পড়েন। হয়তো এ কারণেই তাঁদের ওপর এন্ড্রোফিনের প্রভাব কমে যায়।

গবেষণায় আরও দেখা যায়, বিভিন্ন শারীরিক ব্যায়াম করলে মানবদেহে এন্ড্রোফিনের পরিমাণ ও কার্যকারিতা বাড়ে। তাই বন্ধুসংখ্যা কম হলেও শরীরচর্চার মাধ্যমে ব্যথা সহ্য করার সামর্থ্য বাড়ানোর সুযোগ রয়েছে। তবে সত্যিকারের সামাজিক যোগাযোগ বেশি থাকলে মানুষ বেশি মানসিক চাপ সহ্য করতে পারে। এ বিষয়ে জনসন বলেন, প্রজাতি হিসেবে মানুষের ক্রমবিকাশ হয়েছে একটি সমৃদ্ধ সামাজিক পরিবেশের মধ্য দিয়ে। কিন্তু এই ডিজিটাল যুগে এসে সামাজিকতায় ভাটা পড়েছে। হয়তো এ কারণেই এখন স্বাস্থ্য জটিলতার হার বেড়েছে।