কাছের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক প্রিয় মানুষের মধ্যে হুমায়ূন আহমেদ ছিলেন আমার অনেক বেশি কাছের। সত্তরের দশকের মাঝামাঝি থেকে আশির দশকের শেষ পর্যন্ত (আমি প্রবাসে পাড়ি জমানোর আগ পর্যন্ত) হুমায়ূন আহমেদ, কবি শামসুর রাহমান, আখতারুজ্জামান ইলিয়াস ও আমি অনেক অন্তরঙ্গ সময় কাটিয়েছি। সময়গুলো কেটেছে গান, কবিতা আর নাট্যচর্চার আলাপচারিতায়। তাঁর সঙ্গে যাওয়া হয়েছে অ্যাডভেঞ্চারেও। সেন্ট মার্টিনস প্রবাল দ্বীপেও গিয়েছিলাম একবার। সেই নিভৃত স্মৃতিগুলো এখন শুধু আমার। দৈনন্দিন যে জীবনকে আমরা জানি, হুমায়ূন আহমেদ সেই জীবন যাপন করেননি। তাঁর জীবন গল্প, উপন্যাস, নাটক ও চলচ্চিত্র নির্মাণ রোমাঞ্চে পূর্ণ হয়েছিল।বাঙালির মধ্যবিত্ত জীবনের মূল্যবোধ, সংস্কার, সামাজিক অবক্ষয়, জীবনচর্চার টানাপোড়েন আর গ্রামীণ জীবনের বাস্তবতা তিনি তাঁর গল্প, উপন্যাস, নাটক ও ছায়াছবিতে মহান অঙ্কন শিল্পীর মতো তুলে ধরেছেন। শিল্প-সাহিত্যকর্মে রয়েছে তাঁর নিজস্ব স্টাইল। সেই স্টাইলটা ৮৫ বছরের বৃদ্ধ থেকে ১৬ বছরের পাঠক সবাইকে ধরে রাখে। তিনি আমাদের সমাজ জীবনের সাফল্য আর সংকটকে গভীরভাবে অনুভব করতে পেরেছিলেন। তিনি ফুটিয়ে তুলেছিলেন জীবন অনুভূতির অনেক অপ্রকাশ্য অংশকে। সংগীত ও জীবনযুদ্ধের কর্মশালায় ব্যস্ত থাকি বলে তেমন করে বই পড়তে পারি না। তবে আমার স্ত্রী খুকুর সৌজন্যে এইসব দিনরাত্রি নাটকের অনেক পর্ব দেখেছিলাম। দেখে অভিভূত হয়েছি। মুগ্ধ করেছে তাঁর সহজ ভাষা ও সংলাপ। নির্ভেজাল ভাষায় ফুটিয়ে তুলেছেন শাশ্বত সুন্দরকে। এখানেই সার্থক হুমায়ূন আহমেদ।আমি যখন শান্তিনিকেতনে বিশ্বভারতীতে পড়ছি—সেই সময় খুকু সঙ্গে নিয়ে এসেছিল শঙ্খনীল কারাগার ও নন্দিত নরকে বই দুটি। আমাদের সংগীত বিভাগের নীলিমা স্যানালদি খুকুর কাছ থেকে বই দুটো চেয়ে নিয়ে পড়েছিলেন। পরে আমাকে বলেছিলেন হুমায়ূন আহমেদের অসাধারণ লিখনশৈলীর কথা। হুমায়ূন আহমেদ নতুন প্রজন্মের কাছে হয়ে উঠেছিলেন একজন কিংবদন্তি। দূরে থেকেও তিনি হয়ে উঠেছিলেন আমাদের একান্ত কাছের মানুষ।লেখক: সংগীতশিল্পী