কাছের মানুষ দূরের মানুষ
আশির দশকের শুরুর দিকে তারেক-মিশুকের সঙ্গে ঘুরে ঘুরে সিনেমা দেখতাম। ফিল্ম সোসাইটিগুলোর আয়োজনে রাশান কালচারাল সেন্টার, ইন্ডিয়ান কালচারাল সেন্টার, গ্যেটে ইনস্টিটিউট; কত না জায়গায় সিনেমা দেখেছি! এক জায়গায় দেখে, আরেক জায়গায় ঢুকে পড়তাম। মাঝে ফুটপাতে চলত বাটারবন, কলা, চা-খাওয়া। সিনেমা নিয়ে কত যে আড্ডা হতো আমাদের!তারেক মাসুদ, মিশুক মুনীর, সাজ্জাদ হোসেন জ্যোতি, মইনুদ্দিন খালেদ, শামীম আখতারসহ আমাদের বড় একটা দল। খসরু ভাই (মুহম্মদ খসরু) আমাদের ধরে নিয়ে গেলেন ওমরাওজান ছবিটি দেখাতে। আমরা ওমরাওজান দেখতে চাই না। আমরা ধরে নিয়েছি রেখা অভিনীত গৎবাঁধা কোনো হিন্দি ছবি হবে। তবু খসরু ভাইয়ের তাড়া খেয়ে হলে ঢুকি। সিনেমা শুরু হয়েছে। একসময় তারেক মাসুদ বলল, ‘দেখ, খসরু ভাই গেটে দাঁড়িয়ে আছে। আমরা যাতে ছবি দেখা ছেড়ে পালিয়ে না যাই।’ এরই মধ্যে মইনুদ্দিন খালেদ বাথরুমের কথা বলে পালিয়ে গেছে। সেই সিনেমা দেখে আমরা চোখ মুছতে মুছতে হল থেকে বের হই।তারেক-মিশুক তখনই আদম সুরত তৈরি শুরু করেছে। আদম সুরত-এর শুটিংয়ে ওদের সঙ্গে বহুবার নড়াইলে শিল্পী সুলতানের বাড়িতে গেছি। ৩০ বছরের কত ঘটনা সেলুলয়েডের মতো ভেসে উঠছে। মাস দেড়েক আগে তারেকের সঙ্গে শেষ দেখা চারুকলার সামনে।কয়েক দিন আগে এটিএন নিউজে গিয়ে মিশুকের সঙ্গে আড্ডা দিয়েছি, মাঝে মধ্যে ফোনে কথা হতো। মাস দেড়েক আগে একদিন প্রথম আলোর সামনে এসে আমাকে ফোন দেয় মিশুক, ‘দোস্ত আমি তোমার অফিসের নিচে, নিচে নামো।’ আমাদের বন্ধু সাজ্জাদ হোসেন জ্যোতি নিখোঁজ হলে মিশুক সম্ভব-অসম্ভব সব জায়গায় খুঁজে বেরিয়েছে। মিশুক এমনি বন্ধু-অন্তঃপ্রাণ। সেই মিশুক এখন দূরের মানুষ।তারেক আর মিশুকের জন্য অস্ট্রেলিয়া থেকে ফোনে আবিদ রহমানের কান্না। যুক্তরাষ্ট্রে আলী রীয়াজ, আফগানিস্তানে মঈনুস সুলতানের হাহাকার। ঢাকায় রেজা সেলিম, জাহিদুর রহিম অঞ্জন, মইনুদ্দিন খালেদ, মঈনুল আহসান সাবের, নকীব ফিরোজ নির্বাক। আর কত বন্ধু কত জায়গায় ছড়িয়ে, সবাই কাঁদছে। প্রথম আলোর জন্য আমি তারেক-মিশুকের ছবি আঁকছি। সেই ছবিতে তারেক বিখ্যাত হাসি দিয়ে তাকিয়ে আছে, মিশুক হাসছে মিটমিট করে। আমি কাঁদছি!মাসুক হেলাল: শিল্পী