কাজ আর কল্পনার জগৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইবিএল নেস্ট-এ মজার আড্ডায় মেতেছেন তরুণ কর্মীরা। ছবি: খালেদ সরকার
ইবিএল নেস্ট-এ মজার আড্ডায় মেতেছেন তরুণ কর্মীরা। ছবি: খালেদ সরকার

ঘরটায় ঢুকতেই বেশ ধন্দে পড়ে গেলাম। মেঝেতে মেরামত করা পুরোনো আসবাব, দেয়ালে আটকানো সাইকেলের চাকা, ক্রিকেট ব্যাট, হকিস্টিক ও গিটার। একবার মনে হলো এ আমি কোথায় ঢুকে পড়লাম, জাদুঘর নাকি কোনো আর্ট গ্যালারি! আবার ধোঁয়া-ওঠা কফি হাতে খোশমেজাজি কয়েকজনকে আড্ডা দিতে দেখে মনে হলো এ যেন কফিশপ। আমার সব শঙ্কা কাটিয়ে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ক্যাপাসিটি এনহ্যানচমেন্ট সেন্টারের প্রধান ফজলুর রশিদ জানালেন, এই কক্ষটিই আমাদের ‘ইবিএল নেস্ট’। এখানেই ব্যাংকের তরুণ কর্মীদের সঙ্গে নিজেদের ব্যবসায়িক অগ্রগতি, গ্রাহকসেবা উন্নয়ন ইত্যাদি নিয়ে আলোচনা হয়। নতুন নতুন পদ্ধতি নিয়ে সবার আইডিয়া শেয়ার করার সুযোগ দেওয়া হয়।
কক্ষটিকে আর্ট গ্যালারি বানিয়ে ফেলার কারণটিও বললেন তিনি, প্রতিনিয়ত করপোরেট জীবনে অভ্যস্ত একজন কর্মী এখানে এলে যেন নস্টালজিক হয়ে পড়েন। তাঁর শৈশবের কোনো ঘটনায় ফিরে যেতে পারেন। মুক্তভাবে চিন্তা করতে পারেন। সে কারণেই এসব অনুষঙ্গ দিয়ে কক্ষটি সাজানো হয়েছে। মুক্ত চিন্তার বার্তা পাওয়া গেল ইবিএল নেস্টের স্লোগানেও ‘ইমাজিন উইদাউট ফেয়ার’।
আমরা সেখানে হাজির হয়েছিলাম ১৪ মে দুপুরে। তখন চলছিল বিরতি। একটু পরই শুরু হবে তথ্যপ্রযুক্তি ও ব্যবসায় উদ্ভাবন নিয়ে শেষ বেলার আইডিয়া শেয়ার। তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান ওমর ফারুক খন্দকার বলেন, ‘প্রযুক্তি আর ব্যবসা এখন পরিপূরক। ব্যাংকিং খাতের গুরুত্বপূর্ণ কাজগুলো প্রযুক্তির মাধ্যমেই হয়। এখানে আমরা বিভিন্ন বিভাগ জানাচ্ছি, আমাদের প্রযুক্তিগত কী কী সুবিধা রয়েছে, আবার জানারও চেষ্টা করছি তাঁরা কোন কোন অসুবিধার মধ্যে পড়েন।’
তাঁর কথা শুনতে শুনতে দুই পা এগিয়ে যাই কক্ষটির এক কোনায়। সেখানে কাঠের পাটাতনে বানানো কামরা। পাদুকা জোড়া খুলে সিঁড়ি বেয়ে উঠে পড়লাম সেখানে। পেছনে বিখ্যাত ব্যক্তিদের ছবি সাঁটানো, আর সামনে বসে আছেন অংশ নেওয়া কয়েকজন তরুণ কর্মী। বেশ জমিয়ে আড্ডা দিচ্ছিলেন। কথা হলো তাঁদের সঙ্গে।
প্রধান কার্যালয়ের কার্ড অ্যাপ্লিকেশন বিভাগের মাহমুদুর রহমান বলেন, ‘এখানে আমরা বিভিন্ন বিভাগ থেকে এসেছি। দায়িত্বের খাতিরে অনেকের সঙ্গে নিয়মিত কথা হয়। কিন্তু দেখা হয়নি কখনো। তাঁদের এখানে এসে দেখা যায়।’ ব্যাংকটির সিলেট শাখা থেকে আসা সৈয়দ হাসনাত আলী কথা বললেন একই সুরে, ‘বিভিন্নভাবে যাঁদের নামে চিনি, এখানে এসে তাঁদের সঙ্গে দেখা হলো। এমনকি আমার বিভাগের বসের সঙ্গেও! আর প্রতিষ্ঠান এগিয়ে নিতে আমারও যে কিছু অংশগ্রহণ, সেটা ভাবতেও ভালো লাগছে।’
কথা বলতে বলতেই দলবেঁধে দেখি সেলফি তোলা শুরু করেছে। আগেই জেনেছি, সেশনে অংশ নেওয়া প্রত্যেককে উপহার হিসেবে একটি বাঁধাই করা ছবি দেওয়া হয়। ছবি তোলার ফাঁকে ট্রেজারি বিভাগের তাসনুভা চৌধুরী বলেন, ‘আমরা কাজ করতে গিয়ে নানা ধরনের সমস্যার মধ্যে পড়ি, কিন্তু তা হয়তো অন্য বিভাগ জানে না। এখানে বিভাগগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ তৈরি হয়। সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা হয়।’
এর মধ্যেই ঘণ্টা বাজিয়ে জানানো হলো বিরতি শেষ। শুরু হবে দিনের শেষ পর্ব। আবারও ফিরে গেলাম ক্যাপাসিটি এনহ্যানচমেন্ট সেন্টারের প্রধান ফজলুর রশিদের কাছে, এই সেশন আমাদের নবম আয়োজন। এখান থেকে পাওয়া আইডিয়া উপযোগিতা বা বাস্তবতার নিরিখে তা আবার বাস্তবায়ন করার জন্য কর্তৃপক্ষকে সুপারিশ করা হয়।
কক্ষ ছাড়তে ছাড়তে মনে হলো, মতিঝিলের স্বাধীনতা ভবনের ইস্টার্ন ব্যাংক লিমিটেডের শাখার এ কক্ষটি সত্যিই যেন পাখির নীড়ের মতো শান্ত।