কাজ করতেই আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিদিন ই–মেইল দেখেন
প্রতিদিন ই–মেইল দেখেন

মানবাধিকারকর্মী, কারুশিল্প নিয়ে কাজ করছেন, নারী ইস্যুতে সোচ্চার মানুষটি হামিদা হোসেন। ভালোবাসেন বই পড়তে, গান শুনতে। পছন্দ সুতি শাড়ি, চিত্রকর্মের প্রতি আছে বিশেষ আগ্রহ...

মেয়েটি তখন স্কুলে পড়ত। কাউকে না বললেও মেয়েটি বিশ্বাস করে, সে লেখালেখিটা ভালোই পারে। নিজের প্রতি বিশ্বাস আরও বেড়ে গেল, যখন একটি রচনা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হাতে এল। ঠিক করল, বড় হয়ে সে সাংবাদিক হবে। শেষমেষ সাংবাদিকতা না করলেও মানবাধিকার নিয়ে কাজ করে চলেছেন বহু বছর ধরে। তিনিসহ আরও কয়েকজনের প্রচেষ্টায় গড়ে উঠেছে আইন ও সালিশ কেন্দ্র। কারুশিল্প প্রতিষ্ঠান কারিকা (বাংলাদেশ হস্তশিল্প সমবায় ফেডারেশন লিমিটেড) প্রতিষ্ঠায়সহ বাংলাদেশের কারুশিল্প পরিষদের কর্মকান্ডে ভূমিকা রয়েছে তাঁর। তিনি মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন।

সকালে বাগানে হঁাটেন। ছবি: সুমন ইউ​সুফ
সকালে বাগানে হঁাটেন। ছবি: সুমন ইউ​সুফ

ছোটবেলার সেই লেখালেখির অভ্যাস এখনো ধরে রেখেছেন হামিদা হোসেন। সকাল সাতটার মধ্যে ঘুম থেকে উঠে বাগানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন। এরপর দেখতে বসেন জরুরি কোনো ই-মেইল এসেছে কি না। কাজ সেরে নাশতা খেয়ে নেন। দুধ-চিনি ছাড়া কফির মগ হাতে সংবাদপত্র পড়েন। এরপর কাজ থাকলে বেরিয়ে পড়েন। ২১ সেপ্টেম্বর সকালে বেইলি রোডে তাঁর বাড়িতে গিয়ে দেখা গেল তিনি লিখছেন। লেখার বিষয়টা কী? হামিদা হোসেন বলেন, ‘ফতোয়ার বিরুদ্ধে নারী আন্দোলনের ইতিহাস নিয়ে লিখছি। যুক্তরাষ্ট্রের ওয়েল্সলি কলেজ থেকে ইংরেজি সাহিত্য ও ইতিহাস নিয়ে পড়েছি। তখন থেকে ইতিহাসনির্ভর যেকোনো কিছুর প্রতি আমার আগ্রহ রয়েছে। এক বছর ধরে যানজটের কারণে কাজ না থাকলে খুব একটা বের হই না বাইরে।’
আইন ও সালিশ কেন্দ্রের সদস্য হিসেবে বর্তমানে কাজ করছেন। গবেষণাধর্মী প্রতিষ্ঠান রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের ভাইস চেয়ারপারসন হিসেবেও তিনি আছেন। তাঁর জীবনের গল্প শুনলেই বোঝা যায় বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকেন তিনি।

সুতি শাড়ি তাঁর প্রিয়
সুতি শাড়ি তাঁর প্রিয়

বাইরে বের হলে সুতি শাড়ি পরেন হামিদা হোসেন। যদিও বাড়িতে প্যান্ট, ট্রাউজার ও কুর্তা পরেন। সুতি শাড়ি কেনেন বেইলি রোডের শাড়ির দোকান থেকেই। তাঁর মতে, সুতি পরতে খুব আরামদায়ক, তাই সিল্ক খুব একটা পরেন না। জামদানি পরলেও সুতির জামদানিই বেশি বেছে নেন। গয়না বলতে হাতে দুটো বালা ও আংটি। এই আংটি তাঁর মা উপহার দেন। আর লাল পাথরের একটি বালা উপহার পেয়েছেন, আরেকটি হাতির দাঁত দিয়ে তৈরি, যা তিনি তানজানিয়া থেকে অনেক বছর আগে কিনেছেন।
হামিদা হোসেনের বাবা ছিলেন জেলা জজ। তিনি চাইতেন তাঁর ছোট মেয়েটি বিদেশে পড়তে যাক। ‘পাকিস্তানের সিন্ধু প্রদেশে আমার বাড়ি ছিল। সেখানকার মানুষজন বেশ রক্ষণশীল হলেও আমার বাবা ব্যক্তিস্বাধীনতাকে খুব গুরুত্ব দিতেন। তাঁর ও আমার ভাইবোনদের অনুপ্রেরণা ও ইচ্ছাতে আমি যুক্তরাষ্ট্রে পড়তে গেলাম। মায়ের অবশ্য খুব একটা সায় ছিল না। সেখানে গিয়ে আমি পৃথিবীটাকে নতুন করে চিনতে শিখলাম। আমি মনে করি, একজন মানুষের স্বাধীনতটা খুব প্রয়োজন। আমার দুই মেয়ে সারা হোসেন ও দিনা হোসেনকেও আমি স্বাধীনতা দিয়ে বড় করেছি। জীবনে আমি কোনো কিছুতে বাধা পাইনি। ওদেরও দেইনি।’ বলেন হামিদা হোসেন।

হামিদা হোসেন বই পড়তে ভালোবাসেন
হামিদা হোসেন বই পড়তে ভালোবাসেন

দুপুরে হালকা ধরনের খাবার খান। কখনো লেখালেখি করেন। কখনো–বা বই পড়েন। জানা যায়, দুজন বন্ধু ও বিভিন্ন বইয়ের প্রভাব রয়েছে তাঁর জীবনে। দক্ষিণ এশিয়ার তরুণ লেখকদের বই পড়ছেন আজকাল। তবে ভ্রমণের সময়ে থ্রিলার বা রোমাঞ্চ উপন্যাস পড়েন।
গান শোনা তাঁর শখ। জ্যাজ, উচ্চাঙ্গ গান যেমন শোনেন, তেমনি কবীর সুমন, সায়ান, কৃষ্ণকলি ও মৌসুমি ভৌমিকের গান পছন্দ করেন। অবসর মিললে সিনেমাও দেখেন। থ্রিলার ও কমেডি ধরনের সিনেমা তাঁর ভালো লাগে।
১৯৬২ সালে প্রথম ঢাকায় আসেন বড় বোন খুরশিদ এরফান আহমেদের বাড়িতে। সেখানে বন্ধুদের একটা দলে ছিলেন একজন। যিনি পরবর্তীকালে বাংলাদেশের সংবিধানপ্রণেতা ড. কামাল হোসেন। পরিচয় থেকে প্রেম, এরপর ১৯৬৪ সালে বিয়ে হয় তাঁদের। বাংলাদেশে আসার পর ভালোভাবে বাংলা শেখার জন্য বাংলা একাডেমিতে একটা কোর্স করেন অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান ও অধ্যাপক রফিকুল ইসলামের তত্ত্বাবধানে। হামিদা হোসেন রাজনীতিবিষয়ক সাপ্তাহিক পত্রিকা ফোরাম–এর সম্পাদক ছিলেন। এই পত্রিকার নির্বাহী সম্পাদক ছিেলন রেহমান সোবহান। আর প্রকাশক ছিলেন ড. কামাল হোসেন। ১৯৭১ সালের মার্চ মাসে পত্রিকাটি বন্ধ হয়ে যায়।
বঙ্গবন্ধু হত্যার পর ১৯৭৫ সালে পরিবারের সবাই মিলে চলে যান যুক্তরাজ্যের অক্সফোর্ডে। সেখানে তিনি ‘কোম্পািন ওয়েভারস অব বেঙ্গল টেক্সটাইল প্রোডাকশন ফর িদ ইস্ট ইন্ডিয়া কোম্পািন’ এই বিষয়ে পিএইচডি ডিগ্রিও অর্জন করেন। সাত-আট বছর পর দেশে ফেরেন তিনি। মানুষের জন্য কাজ করার এই স্পৃহা কবে থেকে জন্মাল—‘ঢাকায় আসার পর থেকেই তাঁতিদের নিয়ে কাজ শুরু করি। এরই ফলাফল ছিল কারিকা। এরপর দেশে শুরু হলো মুক্তিযুদ্ধ। যুদ্ধ-পরবর্তী সময়ে সুফিয়া কামালের নেতৃত্বে আমরা কয়েকজন মিলে নারী বীর মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের ব্যবস্থা করি। তখন থেকে নারীদের বিষয়ে আরও সচেতন হলাম।’ বললেন হামিদা হোসেন।
আপাতচোখে রাশভারী হামিদা হোসেন একটু সুযোগ পেলেই আইপ্যাডে গেম খেলেন। ব্যবহার করেন ফেসবুক। নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। নিজেকে ফিট রাখতে মাঝেমধ্যে সাঁতারও কাটেন হামিদা হোসেন।
রাতে টিভিতে খবর দেখেন। কখনো কখনো ‘মাস্টারশেফ অস্ট্রেলিয়া’ দেখা হয় তাঁর। একটা সময়ে বিভিন্ন রেসিপি সংগ্রহ করতেন। ঘরের দেয়ালে শোভা পাচ্ছে জয়নুল আবেিদন, শাহাবুদ্দিন আহমেদ ও হাশেম খানের চিত্রকর্ম। জানা গেল, চিত্রকর্ম সংগ্রহ করতেও তিনি ভালোবাসেন।