কাজ তো থাকবেই, একটু অবসরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে কুয়াকাটা। ছোট্ট গাড়িতে দুটি পরিবার। কুয়াকাটা সমুদ্রসৈকতে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই দেখা গেল আমার নয় বছরের মেয়ে স্বাগতা দিব্যি সাবরিনা শরমিনকে আন্টি ডাকা বাদ দিয়ে টিচার টিচার করছে। কারণ, তার স্কুলের এক শিক্ষকের নাম সাবরিনা।আরও একটু পর দেখা গেল, স্বাগতা তার নিজের ব্যান্ড দিয়ে সাবরিনার চুল বেঁধে দেওয়ার চেষ্টা করছে। সাবরিনাও স্বাগতার চুল আঁচড়ে দিচ্ছেন। দুই দিনের কুয়াকাটা ভ্রমণের একবেলায় আমরা গেলাম গঙ্গামতির চর দেখতে। ফেরার সময় হঠাৎই দেখলাম আমার স্ত্রী, পুত্র-কন্যা আর সাবরিনা—চারজন চারটা ঝাউগাছের নিচে দাঁড়িয়ে পোজ দিয়ে আমাকে ডাকছে ছবি তোলার জন্য। তারা চারজনই বেশ অ্যাকশন মার্কা পোজে দাঁড়ানো। ক্লিক! ক্লিক! ক্লিক!যে সাবরিনার কথা বলছি, তিনি আমার সহকর্মী জাবেদ সুলতানের স্ত্রী। তাঁদের তখনো বিয়ের এক বছর পেরোয়নি। বেশ কিছুদিন পরিকল্পনা, ভাবনার শেষে সময় বের করে আমরা দুই পরিবার বেড়াতে গিয়েছিলাম কুয়াকাটায়। এই যাত্রার আগে সাবরিনার সঙ্গে আমার পরিবারের হয়তো তিন-চারবার দেখা হয়েছিল, কথাবার্তাও হয়েছিল। কিন্তু এই ভ্রমণে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সবাই কতটা কাছাকাছি চলে এল!জাবেদ আর আমি সহকর্মী। তাই কিছুক্ষণ একসঙ্গে থাকলে অফিস প্রসঙ্গ আলোচনায় অবধারিত। এ যাত্রায় তার ব্যতিক্রম হয়নি। কিন্তু যখনই আমরা অফিস নিয়ে কথা বলা শুরু করতাম, তখনই তাঁর স্ত্রী, আমার স্ত্রীর দ্বিমুখী বাক্যবাণ—বেড়াতে এসেও অফিস! আমরাও তখন সে প্রসঙ্গ ফেলে রেখে বাংলাদেশের প্রকৃতি, সূর্যাস্ত, সূর্যোদয়ের সৌন্দর্য নিয়ে মেতে উঠতাম। অফিসের প্রসঙ্গ থাক না কটা বেলা! যাঁরা কর্মজীবী, তাঁরা একটু চিন্তা করে দেখুন তো, চাকরি বা ব্যবসার কাজের দিনগুলোতে বেশি সময় কাদের সঙ্গে কাটান! ঘড়ি ধরে নয়টা-পাঁচটার কর্মদিবসের কথা বলি বা আট কর্মঘণ্টার হিসাবও যদি ধরি, তবে এই পর্যায়ে জীবনের এক-তৃতীয়াংশ কেটে যায় সহকর্মীদের সঙ্গেই। ঘুম ও দিনের আরও টুকটাক কিছু কাজের সময় বাদ দিলে নিজের পরিবারের সঙ্গেও দিনে আট ঘণ্টা সময় আমরা কাটাই না। কিন্তু অফিসে টানা আট ঘণ্টা কাটে সহকর্মীদের সঙ্গে। ফলে কাজের সম্পর্কের বাইরেও গড়ে ওঠে একটা অভ্যস্ততা। আর সেটা যদি হয় আরও আস্থার সম্পর্ক, তবে তা নিজের কাজের জন্যই ভালো। পেশাগত ঈর্ষার ওপরে স্থান পেতে পারে সৌহার্দ।সহকর্মীর সঙ্গে না হয় বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল, কিন্তু তাঁর পরিবারের সঙ্গে! অফিসের বার্ষিক বনভোজন বা নৈশভোজে সবার পরিবারের সঙ্গেই দেখা হয়, কথা হয়। কিন্তু একসঙ্গে দুই পরিবার কিছুটা সময় না কাটালে পরিবারের সঙ্গে তো সখ্য গড়ে ওঠে না।আধুনিক প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বা মানবসম্পদ উন্নয়ন নিয়ে যাঁরা কাজ করেন তাঁদের মতে, কয়েকজন সহকর্মী যদি যাঁর যাঁর পরিবার নিয়ে একসঙ্গে কোথাও বেড়াতে যান, তবে তাঁদের সম্পর্কটা যেমন আন্তরিক হয়, তেমনি কাজের পরিবেশেও আন্তরিকতার ইতিবাচক প্রভাব পড়ে। মানবসম্পদ ও ব্যবস্থাপনাবিষয়ক প্রতিষ্ঠান গ্রো এন এক্সেলের লিড কনসালট্যান্ট এম জুলফিকার হোসেন বললেন, ‘অফিস তো একটা বড় পরিবার। আর এই পরিবারের প্রত্যেক সদস্যের দেখভাল করে তাঁর নিজের পরিবার। বনভোজন বা বার্ষিক নৈশভোজে বড় পরিসরে সবার সঙ্গে সবার দেখা হয়। কিন্তু তখন বেশি কথা বলা বা এক পরিবার আরেক পরিবারকে সেভাবে বুঝতে পারে না। কিন্তু পরিবারসহ সহকর্মীরা কোথাও বেড়াতে গেলে ছোট পরিসরে নিজেদের বন্ধনটা জোরালো হয়। আর অফিসের যে দলগত শক্তি, সেটাও বাড়ে। পশ্চিমা বিশ্বে এখন এসব বেশ প্রচলিত।’ দলগত ঐক্য একটি প্রতিষ্ঠানের এগিয়ে যাওয়ার বড় নিয়ামক। আর যদি নিজের কথাও বলেন, যাঁদের সঙ্গেই কেটে যাচ্ছে দিনের বেশির ভাগ সময়, তাঁদের আরও আপন করে নিতে, আপন করে বুঝতে পারলে ক্ষতি তো নেইই, বরং কাজের ক্ষেত্রে লাভই ষোলআনা।