
অফিসে রাজনীতির শিকার হয়েছেন? আরে না ভাই, রাষ্ট্রীয় রাজনীতি নয়। কর্মক্ষেত্রে রাজনীতির কথা বলছি। আচ্ছা উদাহরণ শুনুন। মুজাহিদুল ইসলাম একটি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা। অফিসে তাঁর ওপরের পদের একজন ব্যক্তিগতভাবে তাঁকে পছন্দ করেন না বলে তাঁর সঙ্গে ভালো ব্যবহার করেন না। মুজাহিদুল বলছিলেন ভালো কাজ দেখালেও প্রশংসা জোটে না, না জোটে ভালো ব্যবহার। এ বিষয়ে তাঁর কয়েকজন সহকর্মীও মদদ জোগান।
মেঘনা ব্যাংকের প্রিমিয়াম প্রিন্সিপাল অফিসার এ টি এম গোলাম সারোয়ার জানালেন আরও কিছু সমস্যার কথা। তিনি বললেন যে কর্মক্ষেত্রে রাজনীতিটা কেউ কারও সামনে করে না। আড়ালে থেকে অনেকেই এমন চর্চা করেন। তিনি বললেন, ‘আমাদের অফিসে এ রকম ঘটে না। তবে অনেক সময় দেখা যায় কোনো প্রতিষ্ঠানের প্রধান তাঁর পরিচিত লোকদের নিয়োগ দিচ্ছেন অথবা যাঁরা তাঁকে তোষামোদ করে চলেন তাঁদের নিয়ে কাজ করছেন কিংবা তাঁদের পদোন্নতি দিচ্ছেন। তাঁর স্বজনপ্রীতিতে অন্যরা মন খারাপ করে ফেলেন, হতাশ হয়ে পড়েন, কাজ করার স্পৃহা হারিয়ে ফেলেন। অনেক সময় তাঁরা অস্তিত্বসংকটে ভোগেন। আবার যখন নতুনেরা অফিসে যোগ দেন তাঁদের সঙ্গে নিজেদের একধরনের হিংসাত্মক প্রতিযোগিতার অংশ হিসেবে কল্পনা করেন।’
অফিসের প্রধান অনেক সময় ব্যক্তিগতভাবে কাউকে পছন্দ না করলে তাঁকে প্রতিষ্ঠানের অন্য কোনো শাখায় অপসারণ করে দেন। এমন ঘটনাও ক্যারিয়ারে ব্যাঘাত ঘটায়।
মোহনা দত্ত কাজ করছেন বেসরকারি প্রতিষ্ঠান টার্গেট করপোরেশনে। তাঁর অফিসের পরিবেশ নিয়ে বেজায় খুশি। তাঁর অফিসে রাজনীতির নেতিবাচক কোনো চর্চা হওয়ার সুযোগই নেই বলে জানালেন তিনি। তাই তিনি এমন কোনো অভিজ্ঞতার শিকার হননি। সব প্রতিষ্ঠান যেন এমন হয় বলে আশা ব্যক্ত করলেন মোহনা।
তিনি বললেন, ‘এ ধরনের চর্চা কাজের পরিবেশ নষ্ট করে। পেশাদারি মনোভাব চলে যায়।’
‘অন্যকে দোষারোপ করা থেকে বিরত থাকুন’, বললেন এসিআই লিমিটেডের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক হাসান তারিক। তিনিও কর্মক্ষেত্রের রাজনীতির কথা অস্বীকার করলেন না। তবে কিছু পরামর্শ দিলেন। কাজ দিয়েই প্রমাণ করে দিতে হবে নিজের যোগ্যতা। রাজনীতি হলে সেগুলো উচ্চপদস্থ ও মানবসম্পদ বিভাগকে সুষ্ঠুভাবে তদন্ত করতে হবে।
তারিক বলেন, ‘হতাশ হয়ে গেলে হবে না। হতাশ হয়ে গেলে সামনে এগোনো যাবে না। হতাশা নিজেকে আটকে রাখে। অন্যকে দোষ না দিয়ে নিজের কাজটা সঠিকভাবে করুন। আপনাকে কেউ আটকে রাখতে পারবে না।’
অফিসের জ্যেষ্ঠদের মানিয়ে চলাটাও একধরনের দক্ষতা। জ্যেষ্ঠ ব্যক্তি যদি ভুলও করেন কোনো বিষয়ে তবে তাঁকে বিনয়ের সঙ্গে ব্যাখ্যা করতে হবে। তাঁকে দোষারোপ করা যাবে না।