কক্সবাজারের মহেশখালী পৌরসভার ১১টি উন্নয়ন প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের বিষয় তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রণালয়। এ ব্যাপারে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) আহ্বায়ক ও এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ) নির্বাহী প্রকৌশলীকে সদস্য করে দুই সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহেশখালী পৌরসভার জনগুরুত্বপূর্ণ ১১টি উন্নয়ন প্রকল্পের জন্য ২০০৮, ২০০৯ ও ২০১০ সালে প্রায় এক কোটি টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। প্রকল্পকাজের মধ্যে রয়েছে পৌর এলাকার বিভিন্ন সড়কে ইট বিছানো, প্রতিরক্ষা দেয়াল নির্মাণ, নালা সংস্কার, মাটি কাটা, সড়কের কার্পেটিং, পৌরভবন নির্মাণ, বক্স কালভার্ট নির্মাণ, পৌরসভার সীমানা দেয়াল নির্মাণ এবং মহেশখালী জেটির রেলিং নির্মাণ। এসব প্রকল্পকাজের ঠিকাদার হিসেবে দায়িত্ব পায় মেসার্স মোহাম্মদ কাসেম, সোহেল এন্টারপ্রাইজ, মেসার্স বাদশাহ মিয়া কনস্ট্রাকশন, মেসার্স সাগর ট্রেডার্স, লাকি ট্রেডার্স, মেসার্স দিদারুল ইসলাম ও মেসার্স ফ্রেন্ডস কনস্ট্রাকশন। অভিযোগে জানা যায়, এসব প্রতিষ্ঠান কোনো কাজ না করে উন্নয়ন প্রকল্পগুলোর বিপরীতে ৮২ লাখ ২০ হাজার ১৩৩ টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেছে। বিষয়টি তদন্ত করার জন্য পৌর মেয়র মকছুদ মিয়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের কাছে একাধিকবার আবেদন জানান। সর্বশেষ চলতি বছরের ৩০ এপ্রিল পাঠানো আবেদনে পৌর মেয়র উল্লেখ করেন, পুরো কাজ শেষ করে পৌর কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারদের বারবার চিঠি দিলেও কোনো কাজ হয়নি। অন্যদিকে কাজ না করে প্রকল্পের নামে টাকা উঠিয়ে নেওয়ায় প্রকল্পগুলোর উন্নয়ন পুনরায় শুরু করা সম্ভব হচ্ছে না। মেয়র এ ব্যাপারে যৌথ তদন্তের মাধ্যমে আত্মসাৎকৃত টাকা উদ্ধার এবং অসমাপ্ত কাজগুলো নতুনভাবে প্রকল্পভুক্ত করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা চান। মেয়রের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৮ মে মন্ত্রণালয় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পৌরসভার সচিব মোহাম্মদ সামসুদ্দিন বলেন, কোনো কাজ না করেই ১১টি উন্নয়ন প্রকল্পের বিপরীতে ৮২ লাখ ২০ হাজার ১৩৩ টাকা তুলে আত্মসাৎ করেছে সংশ্লিষ্ট ঠিকাদারেরা। মেয়রের অনুরোধে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি কয়েক দিনের মধ্যে কাজ শুরু করবে বলে তিনি জানান। এদিকে মেসার্স বাদশাহ মিয়া কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী বাদশা মিয়া দাবি করেছেন, তিনি পৌরসভার কোনো উন্নয়নকাজ করেননি। কে বা কারা তাঁর প্রতিষ্ঠানের নামে দুটি প্রকল্পের কাজ দেখিয়ে ১২ লাখ টাকা তুলে নিয়ে গেছেন। তিনিও বিষয়টি তদন্তের দাবি জানান।