কাজ নেই, কষ্টে চলে দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহবুবুল আলম (৫০) গ্যাস-সংযোগের কাজ করে আসছেন ২৫ বছর ধরে। দীর্ঘদিন এ পেশায় থেকে অন্য কোনো কাজও শেখেননি। কিন্তু তিন বছর ধরে দুর্দিন চলছে তাঁর। গ্যাস-সংযোগ বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন। নগর ছেড়ে চলে গেছেন গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে। খেয়ে না-খেয়ে চলছে দিন। এর মধ্যেও শহরে চলে আসেন সপ্তাহ অন্তর। খবরাখবর নেন গ্যাস-সংযোগ কখন দেওয়া হচ্ছে। আশায় থাকেন আবার কাজে ফিরবেন।মাহবুবুল আলমের মতো বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন অন্তত সাত হাজার শ্রমিক ও কারিগর। তাঁদের কাজ নেই, তাই কষ্টে চলছে দিন। অবশ্য ইতিমধ্যে অনেকে পেশা পরিবর্তন করেছেন। তার পরও মন বসাতে পারেন না সেই কাজে।আমির হোসেন (৩৮) নামের এক কারিগর বলেন, ‘চেষ্টা করছি পেশা পরিবর্তন করার। কিন্তু যে কাজটা ভালো পারি, সেটা তো করতে পারছি না।’কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল) ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি ইকরাম চৌধুরী বলেন, ‘আমার কাছে শ্রমিক-কর্মচারী আছেন ১৪ জন। অনেকের কাছে এ সংখ্যা ২০ জনেরও বেশি। তাঁরা পুরোপুরিই আমাদের কাজের ওপর নির্ভরশীল। গত তিন বছর ঠিকাদারেরা কোথাও কোনো গ্যাস-সংযোগের ফরমায়েশ পাননি। ফলে অনেকে খেয়ে না-খেয়ে বেঁচে আছেন। গ্যাস-সংযোগের সঙ্গে জড়িত শ্রমিকেরা ও কারিগরেরা অন্য কোনো কাজও শেখেননি। ফলে ঠিকাদারদের পাশাপাশি এসব কারিগর আর শ্রমিকেরাও মানবেতর জীবনযাপন করছেন।’আবাসিক ও শিল্পকারখানায় গ্যাস-সংযোগ বন্ধ থাকার কারণে তিন বছর ধরে কেজিডিসিএলের তালিকাভুক্ত ঠিকাদারদেরও কোনো কাজ নেই। বেশির ভাগ ঠিকাদার এ পেশা ছেড়ে দিয়েছেন।জানা যায়, কেজিডিসিএলের তালিকাভুক্ত ঠিকাদারের সংখ্যা দুই শতাধিক। তাঁদের মধ্যে বেশির ভাগই আবাসিক সংযোগের কাজে সংশ্লিষ্ট। কম সংখ্যক ঠিকাদার শিল্প সংযোগের কাজ করেন। বর্তমানে তাঁদের কারও হাতে কাজের কোনো ফরমায়েশ নেই। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আবাসিক এলাকা ও শিল্পকারখানায় গ্যাস-সংযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। ফলে কেজিডিসিএলে বর্তমানে ১২ হাজার সংযোগের আবেদন পড়ে আছে। এর বিপরীতে গ্রাহকের জমা আছে প্রায় সাড়ে সাত কোটি টাকা। পেট্রোবাংলা থেকে নির্দেশ না পেয়ে কেজিডিসিএল সংযোগ যেমন দিতে পারছে না, তেমনি গ্রাহকেরাও টাকা ফেরত পাচ্ছেন না। এ নিয়ে ঠিকাদারেরা সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে রয়েছেন। কারণ, গ্যাস-সংযোগের জন্য বেশির ভাগ সময়ই ঠিকাদারেরা গ্রাহক ও কর্তৃপক্ষের মধ্যে মধ্যস্থতার কাজটি করে থাকেন।বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড চট্টগ্রাম অঞ্চল ঠিকাদার সমিতির সাবেক সহসভাপতি আলী নেওয়াজ প্রথম আলোকে বলেন, ‘অনেক ঠিকাদার পেশা ছেড়ে দিয়েছেন। অনেকে অন্য পেশা বেছে নেওয়ার চেষ্টা করছেন। আমরা যাঁরা চট্টগ্রামের মানুষ, তারাই কেবল রয়ে গেছি। কারণ, আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। বাধ্য হয়ে আমরা এখন অন্য পেশায় জড়িয়ে গেছি।’অভিযোগ রয়েছে, কিছু ঠিকাদার ও তাঁদের লোকজন অবৈধ সংযোগ দেওয়ার মাধ্যমে রীতিমতো আয় করে চলেছেন। এ সম্পর্কে আলী নেওয়াজ বলেন, ঠিকাদারদের এসব কাজ করা ঝুঁকিপূর্ণ। কারণ গ্যাস-সংযোগের সঙ্গে জড়িত ঠিকাদাররা শিক্ষিত। তাঁরা আইনকানুন বোঝেন। এজন্য তাঁরা এসব কাজের সঙ্গে খুব একটা নেই। কারণ কোনো বাড়িতে একটি সংযোগ থাকলে আরেকটি সংযোগ বাড়ানোর জন্য মিস্ত্রিই যথেষ্ট।