কাজ নেই কর্ণফুলী গ্যাস কোম্পানির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শিল্প, বাণিজ্য ও আবাসিক গ্যাসসংযোগের ক্ষেত্রে বাধা দূর করতে বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড ভেঙে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি নামে আলাদা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। কিন্তু পেট্রোবাংলার এক আদেশের কারণে নবগঠিত এ কোম্পানির কোনো কাজ নেই। ওই আদেশে সব ধরনের গ্যাসসংযোগ বন্ধ রাখার কথা বলা হয়েছে। চট্টগ্রামে তিন বছর ধরে আবাসিক গ্যাসসংযোগের নয় হাজার আবেদন পড়ে আছে। শিল্প ও বাণিজ্যিক সংযোগের আবেদন ৭০টিরও বেশি। এসব সংযোগের জন্য আবেদনকারীরা গ্যাস কোম্পানিকে তিন বছর আগেই পাচ কোটিরও বেশি টাকা জমা দিয়েছেন। গত জুলাইতে পেট্রোবাংলা থেকে দেশের গ্যাস কোম্পানিগুলোকে সব ধরনের সংযোগ ও পুনর্সংযোগ বন্ধ রাখার নির্দেশ দেয়। তবে এ নির্দেশের পরও জালালাবাদ গ্যাস কোম্পানির অধীনে সিলেট ও আশপাশের এলাকায় গ্যাসসংযোগ অব্যাহত রাখা হয়েছে বলে জানা গেছে। কর্ণফুলী গ্যাস কোম্পানির এক কর্মকর্তা বলেন, জালালাবাদের অবস্থান উজানে—এ অজুহাতে তাদের সংযোগের অনুমতি দেওয়া হয়েছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি এ বছরের এপ্রিলে পৃথক প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করে। গত ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন। কিন্তু উদ্বোধনের পর কর্মকর্তা কর্মচারীদের প্রতিদিনের নিয়মিত (রুটিন) কাজের বাইরে অন্য কোনো কাজ নেই। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘একটি বিনিয়োগ ও শিল্পমুখী এলাকা হিসেবে চট্টগ্রামের জন্য আলাদা গ্যাস কোম্পানির দাবি উঠেছিল। কিন্তু কোম্পানি করার পর সেটি যদি বন্ধ করেই রাখা হয় তাহলে এ প্রতিষ্ঠানের দরকার কী।’ তিনি এ ব্যাপারে সরকারের সুস্পষ্ট সিদ্ধান্ত দাবি করেন এবং প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি ইকরাম চৌধুরী প্রথম আলোকে বলেন, নবগঠিত কর্ণফুলী গ্যাস কোম্পানিকে কার্যকর রাখতে হলে নতুন গ্যাসসংযোগ দিতে হবে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (বিজিএসএল) অধীনে চট্টগ্রামের গ্রাহকেরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়েছেন। সে ক্ষতি পুষিয়ে নিতে অবিলম্বে নতুন সংযোগের কাজ শুরু করা উচিত। অন্তত আবাসিক-সংযোগ শুরু করলে নাগরিকদের ভোগান্তি অনেকাংশে কমবে। জানা যায়, চট্টগ্রামে শুরু থেকে বিজিএসএল গ্যাসসংযোগ দিলেও প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় কুমিল্লায় হওয়ায় সংযোগ পেতে দীর্ঘসূত্রতা ও ভোগান্তির অভিযোগ ওঠে। এসব সমস্যা সমাধানের লক্ষ্যে ব্যবসায়ী ও রাজনীতিবিদেরা দীর্ঘদিন ধরে চট্টগ্রামে আলাদা গ্যাসসংযোগ কোম্পানি প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন। ১৯৯৭ সালে এ আন্দোলন শুরু হয়। ২০০৩ সালে মন্ত্রিসভা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি অনুমোদন করলেও পরবর্তীকালে সচিব কমিটি সেটি বাতিল করে দেয়। ২০০৮ সালে চট্টগ্রামে অনুষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের বৈঠকে পুনরায় কর্ণফুলী গ্যাস কোম্পানি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। খোঁজ নিয়ে জানা যায়, তত্ত্বাবধায়াক সরকারের সময় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি নামে আলাদা কোম্পানির কাজ শুরু হলে চট্টগ্রাম ও আশপাশের আবাসিক ও বাণিজ্যিক এলাকায় গ্যাসসংযোগ বন্ধ রাখে বিজিএসএল। যদিও সেসময় সংযোগ নিয়ে পেট্রোবাংলার কোনো নিষেধাজ্ঞা ছিল না। ফলে তিন বছরে আবাসিক সংযোগের জন্য প্রায় ১০ হাজার গ্রাহকের আবেদন জমা পড়ে। ২০০৯ সাল থেকে সীমিত আকারে সংযোগ দেওয়া শুরু হয়। কিন্তু জুলাইয়ে পেট্রোবাংলার নির্দেশে চট্টগ্রামে সব ধরনের গ্যাসসংযোগ বন্ধ হয়ে যায়।কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্রে জানা যায়, বর্তমানে চট্টগ্রামে গ্যাসের চাহিদা প্রায় ৩৫০ মিলিয়ন ঘনফুট। কিন্তু পাওয়া যায় ২০০-২২০ মিলিয়ন ঘনফুট। এ গ্যাসের বেশির ভাগের গ্রাহক হচ্ছে রাউজান তাপবিদ্যুৎকেন্দ্র, শিকলবাহা তাপবিদ্যুৎকেন্দ্র, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) ও কর্ণফুলী ইউরিয়া সার কারখানা (কাফকো)। গত ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শিকলবাহায় উদ্বোধন করেন গ্যাসভিত্তিক নতুন বিদ্যুৎকেন্দ্র পিকিং পাওয়ার প্ল্যান্ট। এ পাঁচ প্রতিষ্ঠানের মোট গ্যাসের চাহিদা প্রায় আড়াই শ মিলিয়ন ঘনফুট গ্যাস। কিন্তু পুরো চট্টগ্রামের জন্যই পাওয়া যায় ২০০-২১০ মিলিয়ন ঘনফুট। ফলে রেশনিং করে এবং কোনো কোনো প্রতিষ্ঠান বন্ধ রেখে গ্যাস সরবরাহ বজায় রাখা ছাড়া কর্ণফুলী গ্যাস কোম্পানির তেমন কোনো কাজ নেই বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির একাধিক প্রকৌশলী। কর্ণফুলী গ্যাস কোম্পানির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, গ্যাসসংযোগ দীর্ঘদিন বন্ধ রাখলে চুরি বেড়ে যেতে পারে। বিষয়টি মন্ত্রণালয়কেও অবহিত করা হয়েছে। এখন প্রতিষ্ঠানের স্বার্থেই সরকারকে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।