কাজ নেই তবু শঙ্খে ভাসছে কোটি টাকার দুটি ফেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈলারদ্বীপ সেতু উদ্বোধনের চার বছর পেরোলেও আনোয়ারা-বাঁশখালী উপজেলার মধ্যবর্তী শঙ্খ নদে ভাসমান ফেরি দুটি নিয়ে যায়নি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। কোটি টাকা মূল্যের এ ফেরি দুটি থেকে দামি সব মালামালও যন্ত্রাংশ চুরি হলেও কর্তৃপক্ষের যেন হুঁশ নেই। ২০০৬ সালের ২৯ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আনোয়ারা-বাঁশখালী উপজেলার মধ্যবর্তী শঙ্খ নদের ওপর নির্মিত তৈলারদ্বীপ সেতু যাতায়াতের জন্য আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কিন্তু চার বছর দুই মাস পেরোলেও সেতুসংলগ্ন ফেরি দুটি এখনো সরিয়ে নেয়নি সওজ। ফলে সরকারের কোটি টাকা মূল্যের ফেরি দুটির মালামাল ও যন্ত্রাংশ চুরিসহ ব্যাপক ক্ষতি হচ্ছে। শুধু তাই নয়, দীর্ঘদিন ফেরি দুটি নিয়ে না যাওয়ার সুযোগে স্থানীয় একটি পক্ষ ফেরি দুটি নিলামে নিয়ে লোহা বিক্রির উদ্যোগ নিয়ে সওজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। তবে, ফেরির মালামাল চুরি চলছেই।জানা যায়, আশির দশকে সরকার আনোয়ারা-বাঁশখালীর সর্বসাধারণের পারাপারের সুবিধার্থে তৈলারদ্বীপ-চানপুর পয়েন্টে ফেরি সার্ভিস চালু করে। এরপর যাতায়াতের ব্যাপক প্রসারতা বাড়াসহ বাঁশখালী-আনোয়ারার মানুষের দাবির মুখে ২০০১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার ফেরিঘাটসংলগ্ন এলাকায় তৈলারদ্বীপ সেতুর নির্মাণকাজ শুরু করে। সে বছর ১৭ জানুয়ারি শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন। ২০০৬ সালের ২৯ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তৈলারদ্বীপ সেতু উদ্বোধন করে যাতায়াতের জন্য খুলে দেওয়ার চার বছর পেরোলেও সওজ ফেরি দুটি সরিয়ে নিতে পারেনি। এ ব্যাপারে সওজের নির্বাহী প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, ফেরি দুটি আগে নড়াইল ও বরগুনায় স্থানান্তর করার কথা থাকলেও এখন তা হবে না, আশপাশে কোথাও এগুলো স্থানান্তর করা হবে এবং শিগগির ফেরি দুটি তৈলারদ্বীপ থেকে সরানো হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটি পক্ষ এসেছিল ফেরি দুটি নিলামের আবেদন চেয়ে, আমরা তা সরাসরি নাকচ করে দিয়েছি।’