কাজ শিখছি বাণিজ্য মেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন সাতসকালে ঘুম থেকে উঠতে হয় ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মাসির শিক্ষার্থী সুনেত্রা চক্রবর্তীকে। যিনি কিনা পরীক্ষার দিনগুলো ছাড়া সকালে উঠতেই ভয় পেতেন। আর তাই মা বকুনির সঙ্গে সঙ্গে বলতেন, ‘তোকে দিয়ে চাকরিবাকরি হবে না।’ এখন মায়ের সেই কথাকে ভুল প্রমাণ করে দিব্যি কাজ করছেন সকাল-সন্ধ্যা। শুধু কি সুনেত্রা? তাঁর মতো কয়েক শ শিক্ষার্থী এখন কর্মব্যস্ত। যাঁরা কাজ করছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়।বেঙ্গল প্লাস্টিক লিমিটেডের স্টলে ঢুকে দেখা মিলল এমনই ১৫ জন শিক্ষার্থীর, যাঁরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ছেন। শাহ নেওয়াজ ফাহিম পড়ছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে বিবিএ শেষ বর্ষে। তিনি বলেন, ‘পড়া শেষ হয়নি, এখনই কাজ শিখছি, অনেক মজা লাগছে। অনেক নতুন বন্ধু পেয়েছি। সব মিলিয়ে বেশ উপভোগ করছি।’ মাগুরার জুবায়ের ঢাকায় এসেছেন এমবিএ করতে, কিন্তু তাঁর আগেই কাজ করছেন বাণিজ্য মেলায়। প্রথম প্রথম মানিয়ে নিতে সমস্যা হলেও এখন তাঁর আত্মবিশ্বাস তুঙ্গে। যেকোনো কাজই তাঁর পক্ষে করা সম্ভব বলে মনে করছেন তিনি। তেজগাঁও কলেজের মার্কেটিং বিভাগের আসিফ ফাইয়াজ তো এখানের অভিজ্ঞতাকে নিজের পড়াশোনার সহায়ক বলেই মনে করছেন। মুশফিক ও ইভা কাজ করছেন ডিসপ্লে ব্র্যান্ড প্রমোটার হিসেবে। দুজনের একই কথা, ক্রেতাদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতায় জ্ঞানের ঝুলিটা সমৃদ্ধ হচ্ছে। কারণ একেকজন মানুষের পছন্দ, রুচি একেক রকম, যা বুঝে নিয়ে কথা বলতে হচ্ছে ক্রেতার সঙ্গে। বিডি কোরিয়ার স্টলে দেখা মিলল সরকারি বাংলা কলেজের হাবীব রনির। তিনি বলেন, ‘প্রথম বছরের ভালো লাগা থেকে এ বছর আবার মেলায় কাজ করছি। পড়াশোনার পাশাপাশি কিছু একটা করে হাত খরচের টাকাটা পেলে বেশ মজাই লাগে।’ রহিমআফরোজের স্টলে দেখা মিলল ঢাকা কলেজের শিক্ষার্থী আমজাদ হোসেনের। তিনি বলেন, ‘এ সময়ে পড়ার চাপ কিছুটা কম, আর বসে থাকলে অনেক ধরনের খারাপ চিন্তা মাথায় এসে জড়ো হয়। তার চেয়ে ভালো নিজের যোগ্যতাকে যাচাই করা। সুন্দর করে কথা বলতে পারাটাও যে একধরনের আর্ট তা এখানে এসে শিখেছি।’ এগিয়ে এসে আমজাদের কথার সঙ্গে যোগ করলেন আরিফ, ‘আসলে এখানে যা শিখছি তা আমাদের পরবর্তী জীবনে চাকরি পেতে সাহায্য করবে।’ সায়মন তো এখানের সম্মানী দিয়ে কী করবেন তা ভেবেই সময় পার করে দিচ্ছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধারদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষার্থীরা সহজে সবার সঙ্গে মিশতে পারেন, তা ছাড়া নিজেদের সুন্দর উপস্থাপনার মাধ্যমে অনেকের সঙ্গে মেশার সুযোগ পান। ফলে পরবর্তী ধাপে কর্মক্ষেত্রে এরা সফল্য দেখাতে পারবেন। কাজ শেখার জন্য মেলার খণ্ডকালীন সুযোগ সব শিক্ষার্থীর নেওয়া উচিত।ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেল। একদল শিক্ষার্থী কাজ শেষ করে ফিরছেন, অন্যরা এসে কাজ শুরু করছেন। অর্থাৎ এখানে দুই শিফটে কাজ করারও সুযোগ আছে। সালমা আহমেদ সোনম কাজ করছেন সাত্তার মেটালের স্টলে, পড়ছেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ‘ভার্সিটি বন্ধ থাকায় বসে না থেকে কাজের মধ্যে থাকাই তো ভালো, আর তাই এখানে কাজ করা।’ বলছিলেন সোনম। ফ্রেশের স্টলে থাকা তামান্না তিথি মনে করেন, ‘কোনো কাজই ছোট নয়, বরং ছোট কাজের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়া সহজ হয়।’ কিশোয়ান স্টলের ফৌজিয়া সুলতানা নিজের পায়ে দাঁড়ানোর পূর্বপ্রস্তুতি নিচ্ছেন এখানে খণ্ডকালীন চাকরির মাধ্যমে। কারণ ভবিষ্যতে তিনি মার্কেটিংয়ে কাজ করতে চান। নিউজিল্যান্ড ডেইরির ইফফাত আল রাকিবের সঙ্গে কথা বলে যানা যায়, এখানে সত্যিই বন্ধুর মতো একটা পরিবেশ পেয়েছেন তিনি। ‘সবাই আমার খুব ভালো বন্ধু। কাজের পাশাপাশি সারা দিন আমরা দুষ্টুমিতে মেতে থাকি। বেশি মজা হয় খাবার খাওয়ার সময়ে।’ তাঁর কথাকে সমর্থন করেন ইডেনের রিমি, তন্দ্রা, ইস্টওয়েস্টের ইমরান ও রুমি। মেহরোজ শাওন এখানের এক মাসের সম্মানী দিয়ে বইমেলা থেকে নিজের পছন্দমতো এবার বই কিনবেন, কারণ বই তাঁর সবচেয়ে বড় বন্ধু। এক মাসের এ কাজের মাধ্যমে অনেকেই ফিরে পাচ্ছেন নিজের ওপর আস্থা।রোমানিয়ার স্টলে বসেছেন সাবিহা আরিফ সুইটি, সুমনা সুপ্তি, হুমায়রা জামান ও আঁখি। সবার সাজগোঁজ থেকে শুরু করে পোশাক সবই এক। সুইটি বলেন, ‘পড়াশোনার বাইরে আর কোনো সময় সেভাবে বাসার বাইরে থাকা হয় না। কিন্তু মেলার কারণে নিজের ওপর আত্মবিশ্বাস বেড়ে গেছে। ভবিষ্যতে যে চাকরিই হোক, তার জন্য নিজেকে প্রস্তুত করতে এমন খণ্ডকালীন কাজ খুবই দরকারি।’